সৌন্দর্যের মঞ্চে দাঁড়িয়ে থাকা মানুষ
আমাদের বারবার বলা হয়, সৌন্দর্য আসলে উপস্থাপনার ব্যাপার। কথাটাতে একধরনের আশ্বাসও পাওয়া যায়। যেন কেউ এসে কাঁধে হাত রেখে বলছে, “তোমার জন্মগত চেহারা, মুখের গঠন, উচ্চতা, গায়ের রং, এগুলো নিয়ে এত ভাবার দরকার নেই। নিজেকে ঠিকভাবে উপস্থাপন করো, তাহলেই তুমি সুন্দর।”
কথাটার ভেতরে একটা গণতান্ত্রিক প্রতিশ্রুতি আছে। সৌন্দর্য তাহলে আর জন্মের লটারির ব্যাপার না। সৌন্দর্য তাহলে মানুষ নিজেই তৈরি করতে পারে। ভালো পোশাক পরো, ঠিকভাবে দাঁড়াও, আত্মবিশ্বাসী হও, একটু সাজো, আলোটা ঠিক করো, ছবির কোণটা ঠিক করো, নিজেকে যত্ন করো। তাহলেই তুমি সুন্দর হয়ে উঠবে। শুনতে খুব লাগে লাগে তাই না। কিন্তু একটু ভাবলেই বোঝা যায়, এই কথার ভেতরে একটা অদ্ভুত চাপ লুকিয়ে আছে।
কারণ “উপস্থাপনা” মানেই কোথাও একজন দর্শক আছে। কেউ দেখছে। কেউ বিচার করছে। আমি যেন সারাক্ষণ একটা অদৃশ্য মঞ্চের উপর দাঁড়িয়ে আছি। আমার মুখ, আমার শরীর, আমার হাঁটার ভঙ্গি, আমার পোশাক, আমার হাসি, এমনকি আমার ক্লান্তিও যেন সম্পাদনা করে প্রকাশ করতে হবে।
শুধু থাকা যথেষ্ট নয়। আমাকে দেখানোর মতো করে থাকতে হবে।
তাই সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়ানো মানুষটা আর শুধু নিজের মুখ দেখে না। সে দেখে, এই মুখটা অফিসে কেমন লাগবে, ছবিতে কেমন আসবে, অন্যরা কী ভাববে, বয়সটা বেশি বোঝা যাচ্ছে কি না, চোখের নিচের কালো দাগটা লুকানো দরকার কি না।
নিজের সঙ্গে নিজের সম্পর্কের মাঝখানে ঢুকে পড়ে এক অদৃশ্য দর্শক।
আধুনিক পুঁজিবাদী সমাজে সৌন্দর্য ধীরে ধীরে রুচির জায়গা থেকে দায়িত্বের জায়গায় চলে এসেছে। আগে মানুষ সুন্দর হতে চাইত। এখন অনেক ক্ষেত্রে মানুষকে সুন্দর হতে হয়।
নিজেকে সুন্দর রাখা এখন চরিত্রের প্রমাণ হয়ে দাঁড়িয়েছে। কেউ যদি পরিপাটি থাকে, বলা হয় সে নিজের যত্ন নেয়। সে শৃঙ্খলাবদ্ধ। তার আত্মসম্মান আছে। আর কেউ যদি সমাজের ঠিক করে দেওয়া নিয়ম অনুযায়ী নিজেকে সাজিয়ে না রাখে, খুব সহজেই তার গায়ে লেগে যায় অন্য নাম।
অলস।
অযত্নশীল।
নিজের প্রতি উদাসীন।
যেন একজন মানুষের ভেতরের জটিল জীবন, তার দুশ্চিন্তা, তার সময়ের অভাব, তার অর্থনৈতিক অবস্থা, তার ক্লান্তি, তার মানসিক অবস্থা, সবকিছুকে মুছে দিয়ে শুধু বাইরের দৃশ্য দেখে রায় দেওয়া যায়।
আর এই চাপ সবার উপর সমানভাবে পড়ে না।
বিশেষ করে নারীদের জন্য এই দাবিটা আরও নির্মম। একদিকে বলা হয়, “তুমি যেমন আছো, তেমনই সুন্দর।”
আর অন্যদিকে একই সমাজ বলে, এই ক্রিমটা ব্যবহার করো, এই দাগটা ঢাকো, এই জায়গাটা ছোট করো, ওই জায়গাটা বড় দেখাও, বয়স লুকাও, চুল ঠিক করো, ত্বক ঠিক করো, শরীর ঠিক করো।
এক হাতে দেওয়া হয় আত্মপ্রেমের স্লোগান, অন্য হাতে ধরিয়ে দেওয়া হয় সংশোধনের তালিকা।
“আসল সৌন্দর্য ভেতরে”, এই কথাটা আমরা অসংখ্যবার শুনেছি। কিন্তু চাকরির ইন্টারভিউতে, ডেটিং অ্যাপে, সোশ্যাল মিডিয়ার ছবিতে, ভিডিও কলে, রাস্তাঘাটে, বাস্তব ক্ষমতা অনেক সময় সেই বাইরের চেহারার কাছেই থেকে যায়।
ভেতরের সৌন্দর্যের প্রশংসা চলে, কিন্তু বাইরের সৌন্দর্যের বাজার চলে।
আর এই বাজার আমাদের একটা গুরুত্বপূর্ণ কথা ভুলিয়ে দেয়।
উপস্থাপনা নিজেই একটা শ্রম।
নিজেকে “স্বাভাবিক” দেখানোর জন্যও অনেক সময় অস্বাভাবিক পরিমাণ পরিশ্রম করতে হয়।
ত্বকের যত্ন আর শুধু যত্ন থাকে না, দ্বিতীয় চাকরি হয়ে যায়। মেকআপ অনেক সময় নিজের মুখের জন্য বিনা বেতনের জনসংযোগের কাজ হয়ে যায়। পোশাক শুধু কাপড় থাকে না, হয়ে যায় শ্রেণি, পরিচয়, পেশা, গ্রহণযোগ্যতা আর সামাজিক সংকেতের ভাষা।
এমনকি যে মানুষকে দেখে আমরা বলি, “ও কত সুন্দর”, সেই সুন্দরের পেছনেও অনেক সময় থাকে ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন।
সুন্দর দেখানোও কঠিন কাজ। আর এই নিয়মগুলোও নিরপেক্ষ নয়। একই পোশাক একজনের শরীরে “সাহসী”, আরেকজনের শরীরে “অশোভন”।
একজনের এলোমেলো চুল “শিল্পীর স্বাধীনতা”, আরেকজনের এলোমেলো চুল “অপেশাদারিত্ব”।
একজনের বয়সের রেখা “অভিজ্ঞতার সৌন্দর্য”, আরেকজনের বয়সের রেখা “নিজেকে ছেড়ে দেওয়া”।
কার চুল অফিসে গ্রহণযোগ্য, কার শরীর এই দশকের ফ্যাশনের সঙ্গে মেলে, কার মুখকে আন্তর্জাতিক সৌন্দর্যের মাপকাঠি ধরা হয়, এগুলো কেবল ব্যক্তিগত পছন্দের ব্যাপার নয়। এর সঙ্গে জড়িয়ে আছে জাতি, শ্রেণি, লিঙ্গ, ইতিহাস এবং ক্ষমতার দীর্ঘ গল্প।
আমরা যখন বলি, “সৌন্দর্য উপস্থাপনার ব্যাপার”, তখন ভুলে যাই উপস্থাপনার নিয়মগুলো কে বানিয়েছে।
ফ্যাশন ম্যাগাজিন, বিজ্ঞাপন, সিনেমা, সোশ্যাল মিডিয়া, অ্যালগরিদম, ক্যামেরার ফিল্টার, সব মিলে আমাদের আয়নার সামনে দাঁড়ানোর পদ্ধতিটাই বদলে দিয়েছে।
আজকের মানুষ আয়নায় দেখে নিজের সম্ভাব্য ছবি। একটা ছবি, যেটা হয়তো এখনো তোলা হয়নি, কিন্তু যার বিচার সে আগেই অনুভব করছে। তাই প্রশ্নটা হয়তো এই নয়, সৌন্দর্য কি বাইরের উপস্থাপনা, নাকি ভেতরের কোনো গুণ? আরও গভীর প্রশ্ন হলো, আমরা সৌন্দর্যের রায়ের জন্য এত ব্যস্ত কেন?
ভাবুন তো পৃথিবীটা কেমন হতো, যদি মানুষের প্রধান কাজ নিজেকে দেখার যোগ্য বানানো নয়, বরং মনোযোগী হওয়া, কৌতূহলী হওয়া, চিন্তাশীল হওয়া, ভালোবাসতে পারা, অনুভব করতে পারা? যেখানে শরীর কোনো অসমাপ্ত প্রজেক্ট নয়, যেটাকে সারাজীবন মেরামত করতে হবে। যেখানে মুখ হবে সময়ের স্মৃতি বহন করার জায়গা।
অবশ্যই এর মানে এই নয় যে সাজগোজ, পোশাক, স্টাইল অর্থহীন।
মানুষ হাজার বছর ধরে নিজেকে সাজিয়েছে। শরীরে রং দিয়েছে। অলংকার পরেছে। চুলের ধরন বদলেছে। পোশাক দিয়ে গল্প বলেছে।
সাজ অনেক সময় আনন্দ।
সাজ অনেক সময় প্রতিবাদ।
সাজ অনেক সময় নিজের পরিচয় নিজের হাতে ফিরিয়ে নেওয়ার চেষ্টা।
কিন্তু সমস্যা শুরু হয় তখন, যখন আনন্দ দায়িত্ব হয়ে যায়। যখন নিজের প্রকাশ অন্যের অনুমোদনের পরীক্ষায় পরিণত হয়।
কারণ আত্মবিশ্বাসও শূন্য থেকে জন্মায় না। যে মানুষ সারাজীবন শুনেছে তার শরীর ভুল, তার চেহারা ভুল, তার রং ভুল, তার বয়স ভুল, তাকে শুধু “আত্মবিশ্বাসী হও” বলা খুব সহজ।
মানুষ নিজের শরীরকে যেভাবে বহন করে, তার ভেতরে জমা থাকে পৃথিবী তার শরীরের সঙ্গে কী ব্যবহার করেছে সেই ইতিহাস।
তাই যখন কেউ বলে, “সৌন্দর্য আসলে উপস্থাপনা”, তখন এর ভেতরে আরেকটা বাক্যও শুনতে পাই।
নিজেকে গ্রহণযোগ্য করে তোলো।
নিজেকে সহজে বোঝার মতো বানাও।
নিজেকে দেখানোর জন্য প্রস্তুত রাখো।
নিজেকে সম্পাদনা করো, নইলে উপেক্ষিত হওয়ার ঝুঁকি নাও।
হয়তো আমাদের ভাষাটাই একটু বদলানো দরকার। সৌন্দর্যের বদলে আমরা উপস্থিতির কথা বলতে পারি। কারণ সৌন্দর্যে প্রায়ই একজন বিচারক থাকে। উপস্থিতিতে থাকে একজন মানুষ। উপস্থিতি নিজের শরীরের ভেতরে থাকা। নিজের বয়স, ক্লান্তি, দাগ, আনন্দ, ইতিহাস, অসম্পূর্ণতা নিয়ে থাকা। সেই মুহূর্তেও থাকা, যখন কেউ ছবি তুলছে না। যখন কোনো দর্শক নেই। যখন কোনো করতালি নেই। যখন আয়নার সামনে দাঁড়ানো মানুষটা শুধু নিজেকে দেখে।
তখনই হয়তো আসল প্রশ্নটা চলে আসে,
যদি আমরা সুন্দর হওয়ার চিন্তা একটু কমিয়ে সত্যিকারের মানুষ হওয়ার চিন্তা একটু বাড়াতাম, তাহলে আমাদের পোশাক, ছবি, মুখ, শরীর, এমনকি নিজের সঙ্গে আমাদের সম্পর্ক কতটা বদলে যেত?
রিটন খান



