প্রেমের ঘরে কে উদ্বিগ্ন, কে পলাতক
মানুষ প্রেমে পড়ে কেন, প্রেমে পড়ে তারপর ঝগড়া করে কেন, ঝগড়া করার পর ব্লক করে কেন, ব্লক করার পর আবার রাত আড়াইটার সময় প্রোফাইল দেখতে যায় কেন, এই প্রশ্নের উত্তর খুঁজতে মানুষ বহু যুগ ধরে বহু কাণ্ড কর
মানুষ প্রেমে পড়ে কেন, প্রেমে পড়ে তারপর ঝগড়া করে কেন, ঝগড়া করার পর ব্লক করে কেন, ব্লক করার পর আবার রাত আড়াইটার সময় প্রোফাইল দেখতে যায় কেন, এই প্রশ্নের উত্তর খুঁজতে মানুষ বহু যুগ ধরে বহু কাণ্ড করেছে।
কেউ জ্যোতিষীর কাছে গেছে। জ্যোতিষী হাত দেখে বলেছে, আপনার শুক্র দুর্বল।
কেউ কবির কাছে গেছে। কবি বলেছেন, হৃদয় বড় জটিল জিনিস।
কেউ বন্ধুর কাছে গেছে। বন্ধু দুই মিনিট সব শুনে বলেছে, বাদ দে, তোকে ডিজার্ভ করে না।
বন্ধুটি অবশ্য গত ছয় বছর ধরে তার নিজের যে মানুষটি তাকে ডিজার্ভ করে না, তার সঙ্গেই বসবাস করছে। প্রেমের উপদেশের এটাই সুবিধা। নিজের ঘরে আগুন জ্বললেও অন্যের ঘরে ফায়ার এক্সটিংগুইশার নিয়ে হাজির হওয়া যায়।
আজকাল প্রেমের ব্যাখ্যা আরও আধুনিক হয়েছে। হাতে মোবাইল, সামনে টিকটক, পাশে আধখাওয়া কফি। তিন মিনিটের ভিডিও দেখে মানুষ জেনে যাচ্ছে সে উদ্বিগ্ন, তার প্রেমিক পরিহারপ্রবণ, তার প্রাক্তন নার্সিসিস্ট, আর পাশের বাসার বিড়ালটি সম্ভবত নিরাপদ সংযুক্তির অধিকারী।
ইংরেজিতে নামগুলো বেশ ভারী।
Anxious. Avoidant. Secure. Disorganized.
বাংলায় বললে দাঁড়ায়, একজন সারাক্ষণ জানতে চায়, “তুমি কি আমাকে আগের মতোই ভালোবাসো?”
আরেকজন বলে, “এইসব সিরিয়াস কথা আজ বাদ দাও তো।”
তৃতীয়জন সময়মতো ফোন ধরে, কথা শোনে, তর্ক হলে দরজা ধাক্কা দিয়ে বেরিয়ে যাওয়ার আগে অন্তত বলে যায় সে কোথায় যাচ্ছে।
চতুর্থজন সকালে আপনাকে বুকে জড়িয়ে ধরে, বিকেলে বলে, “আমার একটু স্পেস দরকার,” রাতে আবার মেসেজ দেয়, “তুমি কি জেগে আছ?”
মানুষের মন জিনিসটা পুরান ঢাকার গলির মতো। একবার ঢুকলে কোন রাস্তা সদরঘাটে যায়, কোনটা কারও রান্নাঘরে গিয়ে শেষ হয়, বোঝা মুশকিল।
এই সমস্ত সম্পর্কের হিসাবনিকাশ বোঝার জন্য এখন যে তত্ত্বটি খুব চালু হয়েছে, তার নাম অ্যাটাচমেন্ট থিওরি, সংযুক্তি তত্ত্ব। প্রায় পনেরো বছর আগে মনোরোগ বিশেষজ্ঞ আমির লেভিন এই ধারণাটিকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছিলেন। তাঁর লেখা Attached বইটি আধুনিক প্রেমের বাজারে এমনভাবে ছড়িয়ে পড়ল যে মানুষ এখন প্রথম ডেটেই জিজ্ঞেস করে বসে, “তোমার অ্যাটাচমেন্ট স্টাইল কী?”
আগে জিজ্ঞেস করত, “আপনি কী করেন?”
তারপর এল, “আপনার শখ কী?”
এখন প্রশ্ন, “শৈশবে আপনার পরিচর্যাকারীর সঙ্গে সম্পর্ক কেমন ছিল?”
ডেট শেষে বিল দেওয়ার আগেই দুজন মিলে একে অন্যের মানসিক ইতিহাসের পোস্টমর্টেম করে ফেলছে।
আমির লেভিনের আপত্তি এখানেই। তাঁর মতে, সাধারণ মানুষের মুখে মুখে ঘুরতে ঘুরতে সংযুক্তির তত্ত্বের অনেক কথাই বিজ্ঞানের রাস্তা ছেড়ে লোককথার রাস্তায় চলে গেছে। মানুষ অ্যাটাচমেন্ট স্টাইলকে রাশিচক্রের মতো ব্যবহার করছে।
“আমি অ্যাংজাস, তাই আমি এমন।”
“সে অ্যাভয়ড্যান্ট, তাই তার কাছ থেকে কিছু আশা করে লাভ নেই।”
“আমার বাবা ঠান্ডা স্বভাবের ছিলেন, অতএব আমার প্রেমজীবনের সর্বনাশ স্থায়ী।”
এইসব সিদ্ধান্ত শুনলে মনে হয় মানুষের মনের ভেতর জন্মের সময় চারখানা সিল মেরে দেওয়া হয়। নিরাপদ, উদ্বিগ্ন, পরিহারপ্রবণ, বিশৃঙ্খল। তারপর সারাজীবন মানুষ সেই সিল নিয়ে ঘুরে বেড়ায়।
লেভিন বলছেন, ব্যাপারটা অনেক বেশি জীবন্ত। সংযুক্তির ধরন ব্যক্তিত্বের পাথরে খোদাই করা নাম নয়। জীবনের অভিজ্ঞতা, সম্পর্কের প্রকৃতি এবং আমাদের চারপাশে কে আছে, তার ওপর এই ধরন বদলায়, নড়ে, সরে, কখনো শক্ত হয়, কখনো নরম হয়।
তাঁর ভাষায়, এগুলো সারাক্ষণ আপডেট হয়।
এই “আপডেট” কথাটি শুনে আমার কম্পিউটারের কথা মনে পড়ল। কম্পিউটার আপডেট চাইলে আমরা বলি, “কাল করব।” মানুষের মনও বোধহয় রাতে চুপিচুপি বলে, “নতুন নিরাপত্তাবোধ পাওয়া গেছে, ইনস্টল করবেন?”
আমরা তখন পুরোনো ভয় আঁকড়ে ধরে বলি, “Remind me later.”
নিজের হৃদয় ভাঙার ভেতর দিয়ে তত্ত্বে প্রবেশ
আমির লেভিন বই পড়ে বসে বসে এই তত্ত্বের প্রেমে পড়েননি। নিজের প্রেম ভেঙে যাওয়ার পর তিনি এর দরজায় পৌঁছেছিলেন।
তখন তাঁর বয়স তিরিশের শেষ দিকে। তিনি মনোরোগবিদ্যার প্রশিক্ষণ নিচ্ছেন। যে নার্সারিতে তিনি কাজ করতেন, সেখানে মানসিক আঘাত থেকে সেরে ওঠা মায়েরা নিজেদের শিশুদের সঙ্গে নিরাপদ সম্পর্ক গড়ে তুলতে শিখছিলেন।
তিনি দেখছেন, একজন মা কীভাবে সন্তানের কান্নায় সাড়া দিতে শেখেন। কীভাবে ভয় পাওয়া শিশুকে কোলে নিতে হয়। কীভাবে শিশুর মনে এই বিশ্বাস জন্মায় যে পৃথিবী সম্পূর্ণ নির্ভরযোগ্য না হলেও অন্তত কারও বুক তার জন্য খোলা আছে।
আর সেই সময়েই তাঁর নিজের প্রেমের সম্পর্ক হঠাৎ ভেঙে গেল।
জীবন মাঝে মাঝে বড় রসিক। আপনাকে দিনে শেখাবে সম্পর্ক কীভাবে বাঁচে, রাতে দেখাবে আপনার নিজের সম্পর্ক কীভাবে মরল।
এক রাতে লেভিন পড়ার দীর্ঘ তালিকা নিয়ে বসেছিলেন। ছাত্রজীবনের পড়া মানে পাশে কফি ঠান্ডা হচ্ছে, চোখ গরম হচ্ছে, আর মনে হচ্ছে পৃথিবীর সব গবেষক একসঙ্গে ষড়যন্ত্র করে এত লেখা লিখেছেন কেন।
সেই পড়ার মধ্যে তিনি প্রাপ্তবয়স্কদের সংযুক্তির ধরন নিয়ে গবেষণা পেলেন। সেখানে মানুষের সম্পর্কের চারটি বিস্তৃত প্রবণতার কথা বলা হয়েছে।
নিরাপদ মানুষ সাধারণত অন্যকে বিশ্বাস করতে পারে। ঘনিষ্ঠতায় তাদের দম বন্ধ হয় না, দূরত্বেও তারা সঙ্গে সঙ্গে সর্বনাশের ঘণ্টা শুনতে পায় না। তারা ভালোবাসতে পারে, আবার নিজের জীবনও ধরে রাখতে পারে।
উদ্বিগ্ন সংযুক্তির মানুষ ঘনিষ্ঠতা চায় প্রবলভাবে। কিন্তু সেই ঘনিষ্ঠতা পেয়েও নিশ্চিন্ত হতে পারে না। প্রেমিক দশ মিনিট উত্তর না দিলে তাদের মাথায় সাত পর্বের ধারাবাহিক শুরু হয়ে যায়।
প্রথম পর্বে প্রেমিক ব্যস্ত।
দ্বিতীয় পর্বে প্রেমিক বিরক্ত।
তৃতীয় পর্বে অন্য কেউ এসেছে।
চতুর্থ পর্বে বিয়ে হয়ে গেছে।
পঞ্চম পর্বে তাদের সন্তানও হয়েছে।
ষষ্ঠ পর্বে সেই সন্তান স্কুলে ভর্তি হয়েছে।
সপ্তম পর্বে প্রেমিক উত্তর দেয়, “সরি, মিটিংয়ে ছিলাম।”
উদ্বিগ্ন মানুষ তখন লিখে, “ঠিক আছে।”
পরিহারপ্রবণ মানুষ নিজের স্বাধীনতাকে খুব মূল্য দেয়। ঘনিষ্ঠতা বাড়লে তাদের মনে হয় কেউ যেন ধীরে ধীরে ঘরের জানালা বন্ধ করে দিচ্ছে। তারা ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসাকে নিরাপদ দূরত্বে রাখতে চায়। আবেগের আলোচনা শুরু হলে তাদের হঠাৎ কাজের কথা মনে পড়ে, ফোনের চার্জ শেষ হয়ে যায়, অথবা তারা বলে, “আমি একটু হাঁটতে যাচ্ছি।”
হাঁটতে গিয়ে কতদূর যায়, সেটাই সম্পর্কের মূল প্রশ্ন।
বিশৃঙ্খল সংযুক্তির মানুষ একই সঙ্গে সম্পর্ক চায় এবং সম্পর্ককে ভয় পায়। তারা কাছে আসে, আবার ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তাদের ভেতরে সান্ত্বনা ও বিপদের স্মৃতি পাশাপাশি বসবাস করে। ভালোবাসার হাত এগিয়ে এলে বুক এগোয়, কিন্তু শরীরের কোথাও পুরোনো অ্যালার্ম বেজে ওঠে।
লেভিন নিজের ভাঙা সম্পর্কের দিকে তাকিয়ে বুঝলেন, দুজন মানুষ পরস্পরকে ভালোবাসলেও ঘনিষ্ঠতার চাহিদা, দূরত্বের সহ্যক্ষমতা এবং নিরাপত্তার ভাষা আলাদা হতে পারে।
এই উপলব্ধি তাঁকে একটি বড় শান্তি দিয়েছিল। মানুষ একইভাবে ভালোবাসে না। প্রত্যেকের কাছে কাছাকাছি আসার অর্থও এক নয়।
কেউ প্রতিদিন কথা বলে ভালোবাসে।
কেউ পাশে চুপ করে বসে ভালোবাসে।
কেউ খাবার পাঠায়।
কেউ গাড়ির তেল ভরে দেয়।
কেউ বলে, “পৌঁছে জানিও।”
কেউ কিছু বলে না, কিন্তু আপনি পৌঁছেছেন কি না, জানালার পর্দা সরিয়ে দেখে।
সমস্যা শুরু হয় যখন একজনের ভালোবাসার ভাষাকে অন্যজন ভালোবাসার অভাব হিসেবে পড়ে।
নিরাপত্তা প্রেমের ভিত
সম্পর্ক নিয়ে বহু গবেষণা হয়েছে। মানুষ কতবার ঝগড়া করে, কার আয় বেশি, দুজনের রুচি মেলে কি না, বয়সের পার্থক্য কত, শ্বশুরবাড়ি কত দূরে, বিছানার কোন পাশে কে ঘুমায়, সবকিছুর ওপর গবেষণা হয়েছে।
কিন্তু সম্পর্ক টিকে থাকার কেন্দ্রে বারবার একটি বিষয় ফিরে আসে। নিরাপত্তা।
আমি কি তোমার কাছে আমার দুর্বলতা প্রকাশ করতে পারি?
আমি কি জানি, রাগ হলেও তুমি আমাকে অপমান করবে না?
আমি কি বিশ্বাস করতে পারি, ভুল বোঝাবুঝি হলে তুমি আমার সঙ্গে কথা বলবে?
এই নিরাপত্তার ভেতর থেকেই বিশ্বাস জন্মায়। বিশ্বাস থেকে খোলামেলা কথা। খোলামেলা কথা থেকে গভীর ঘনিষ্ঠতা। আর ঘনিষ্ঠতা থেকে এমন এক প্রতিশ্রুতি, যা শুধু ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাসে থাকে না, মানুষের আচরণের ভেতর দেখা যায়।
লেভিন তাঁর স্কুলজীবনের বন্ধু র্যাচেল এস. এফ. হেলারের সঙ্গে Attached লিখলেন। ২০১০ সালে বইটি প্রকাশিত হওয়ার পর অপ্রত্যাশিতভাবে জনপ্রিয় হয়ে উঠল। বিশ্বজুড়ে ত্রিশ লক্ষের বেশি কপি বিক্রি হলো, চল্লিশের বেশি ভাষায় অনূদিত হলো।
এরপর “অ্যাংজাস” এবং “অ্যাভয়ড্যান্ট” শব্দ দুটি মনোবিজ্ঞানের বই থেকে বেরিয়ে ডেটিং অ্যাপ, পডকাস্ট, ইউটিউব, টিকটক, কফিশপ এবং প্রেমিক-প্রেমিকার ঝগড়ার মধ্যে ঢুকে গেল।
যে তত্ত্ব মানুষকে নিজের সম্পর্ক বুঝতে সাহায্য করার কথা ছিল, সেটি অনেক সময় মানুষকে একে অন্যের গায়ে লেবেল লাগানোর অস্ত্র হয়ে দাঁড়াল।
ঝগড়া হয়েছে?
“তুমি অ্যাভয়ড্যান্ট।”
ফোন বেশি করেছে?
“তুমি অ্যাংজাস।”
কথা বলতে ভয় পাচ্ছে?
“ডিসঅর্গানাইজড।”
সবকিছুতেই রোগ নির্ণয়। যেন প্রেমিক নয়, দুজনেই একে অন্যের ওপর ইন্টার্নশিপ করছে।
লেভিন তাই এখন বলছেন, তত্ত্বটিকে আবার বিজ্ঞানের কাছে ফিরিয়ে নিতে হবে।
প্রেমিকের সঙ্গে একরকম, বসের সঙ্গে আরেকরকম
সংযুক্তির ধরন শুধু প্রেমের সম্পর্কের জন্য প্রযোজ্য, এমন ধারণা খুব চালু। অথচ একজন মানুষের সংযুক্তির আচরণ বিভিন্ন সম্পর্কে আলাদা হতে পারে।
স্ত্রীর সঙ্গে কেউ নিরাপদ।
বসের সামনে উদ্বিগ্ন।
বন্ধুর সঙ্গে পরিহারপ্রবণ।
বড় ভাইয়ের ফোন এলে বিশৃঙ্খল।
আর কুকুরের সঙ্গে সম্পূর্ণ নিশ্চিন্ত।
মানুষের তুলনায় কুকুরের একটি সুবিধা আছে। আপনি দেড় ঘণ্টা দেরি করে বাড়ি ফিরলেও কুকুর সাধারণত বসে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করে না। সে প্রথমে আপনাকে দেখে লাফাবে, তারপর খাবারের বাটি দেখবে। অগ্রাধিকারের প্রশ্নে কুকুর খুব পরিষ্কার।
লেভিন তাঁর রোগীদের বোঝানোর জন্য সম্পর্কভিত্তিক ছোট ছোট প্রশ্নমালা তৈরি করেছেন। এতে দেখা যায় একজন মানুষ বিভিন্ন ব্যক্তির সঙ্গে কেমন অনুভব করেন। দশটি বক্তব্যের সঙ্গে কতখানি একমত বা দ্বিমত, তা সাত ধাপের স্কেলে জানাতে হয়।
যেমন:
প্রয়োজনে আমার সঙ্গীর কাছে যাওয়া সহজ।
আমি সাধারণত আমার সমস্যা ও উদ্বেগ তার সঙ্গে আলোচনা করি।
আমি ভয় পাই, আমি তাকে যতটা ভালোবাসি, সে হয়তো আমাকে ততটা ভালোবাসে না।
প্রশ্নগুলো সাধারণ। কিন্তু মানুষের উত্তর তার সম্পর্কের ভৌগোলিক মানচিত্র খুলে দেয়। কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় কাদা, কোথায় সেতু ভাঙা, কোথায় গেলে এখনও টোল দিতে হয়।
লেভিনের বাবা-মা দুজনেই মারা গেছেন। তিনি বলেন, তাঁর বোন, জীবনসঙ্গী এবং কুকুর চার্লির সঙ্গে সম্পর্ক নিরাপদ। একজন বন্ধুর ক্ষেত্রে তিনি একটু উদ্বিগ্নতার দিকে ঝোঁকেন, যদিও এখনও নিরাপদ অঞ্চলের মধ্যেই আছেন।
একই মানুষ। ভিন্ন সম্পর্ক। ভিন্ন সাড়া।
এই কথাটি খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা প্রায়ই নিজের একটি আচরণ দেখে পুরো পরিচয় বানিয়ে ফেলি।
একটি সম্পর্কে আপনি উদ্বিগ্ন ছিলেন বলে আপনার সমগ্র সত্তা উদ্বিগ্ন হয়ে যায় না।
হয়তো সেই মানুষটি অনিশ্চিত ছিল।
হয়তো সে বারবার কথা দিয়ে কথা রাখেনি।
হয়তো আপনার শরীর ঠিকই বিপদ টের পেয়েছিল।
আবার এমনও হতে পারে, নিরাপদ একজন মানুষের পাশে এসে আপনার বহু বছরের ভয় ধীরে ধীরে কমে গেল।
মানুষের ভেতরের মানচিত্রে নতুন রাস্তা তৈরি হয়।
সব দোষ মা-বাবার নয়
সংযুক্তি তত্ত্বের জনপ্রিয় সংস্করণে মা-বাবার ভূমিকা এত বড় হয়ে উঠেছে যে মনে হয় জীবনে যা কিছু ঘটছে, সবকিছুর মূল কারণ শৈশবে মা তিন মিনিট দেরিতে দুধ দিয়েছিলেন।
প্রেমিক ফোন ধরছে না?
শৈশব।
বিয়ের কথা শুনে ভয়?
শৈশব।
কারও ওপর ভরসা করতে পারেন না?
শৈশব।
বাজার থেকে ধনেপাতা আনতে ভুলে গেছেন?
এটাও হয়তো কোনও গভীর পরিচর্যাজনিত ক্ষত।
শৈশবের সম্পর্ক অবশ্যই গুরুত্বপূর্ণ। শিশুরা প্রথমে পরিচর্যাকারীর কাছ থেকেই শেখে, বিপদে কেউ আসে কি না, কান্নার উত্তর মেলে কি না, কাছে গেলে সান্ত্বনা পাওয়া যায় কি না।
কিন্তু মানুষের পরবর্তী জীবনও তাকে গড়ে।
মিসৌরি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের সহকারী অধ্যাপক কিলি ডুগানের নেতৃত্বে একটি গবেষণা ২০২৫ সালে প্রকাশিত হয়। নব্বইয়ের দশক থেকে ৭০৫ জন মানুষ ও তাদের পরিবারকে অনুসরণ করা হয়েছিল।
গবেষণায় দেখা যায়, মায়ের সঙ্গে প্রাথমিক সম্পর্ক পরবর্তী জীবনে ঘনিষ্ঠ সম্পর্কের ব্যাপারে মানুষের সামগ্রিক দৃষ্টিভঙ্গির ওপর প্রভাব ফেলে। আবার ছোটবেলার বন্ধুত্ব পরবর্তী বন্ধুত্ব এবং প্রেমের সম্পর্কের ধরনকে বিশেষভাবে প্রভাবিত করে।
অর্থাৎ শিশুর পৃথিবী শুধু মা-বাবা দিয়ে তৈরি হয় না। স্কুলের বেঞ্চের পাশের ছেলেটি, পাড়ার খেলায় যে মেয়েটি তাকে দলে নেয়, যে বন্ধু গোপন কথা ফাঁস করে দেয়, যে শিক্ষক সবার সামনে অপমান করেন, যে খালা অসুখের সময় মাথায় হাত রাখেন, সবাই মানুষের সংযুক্তির ইতিহাসে একেকটি বাক্য লিখে যায়।
বন্ধুত্বকে আমরা অনেক সময় প্রেমের প্রাক্কথা মনে করি। অথচ বন্ধুত্ব নিজেই মানুষের নিরাপত্তাবোধের বিরাট বিদ্যালয়।
কে আমার কথা রাখল?
কে আমাকে বাদ দিল?
কে বলল, “তুই আয়, তোর জন্য জায়গা রেখেছি”?
শিশুর মন এসব কথা খাতায় লেখে না। শরীরের ভেতর লিখে রাখে।
প্রাপ্তবয়স্ক সম্পর্কও মানুষকে বদলায়। নিরাপদ, নির্ভরযোগ্য একজন সঙ্গী মানুষের ভয় কমাতে পারে। আবার প্রতারণা, নির্যাতন, মৃত্যু বা আকস্মিক পরিত্যাগ নিরাপদ মানুষকেও অনিরাপদ করে তুলতে পারে।
মনোবিজ্ঞানী আর. ক্রিস ফ্রেলি লিখেছেন, সহায়ক শৈশব থাকা সত্ত্বেও অনেক মানুষ প্রাপ্তবয়স্ক সম্পর্কে অনিরাপদ হয়ে ওঠে। আবার কঠিন শৈশব পেরিয়েও অনেকে বড় হয়ে নিরাপদ সম্পর্ক গড়তে পারে।
মানুষের অতীত প্রভাব ফেলে। কিন্তু অতীত একাই ভবিষ্যতের স্ক্রিপ্ট লিখে বসে থাকে না।
স্ক্রিপ্টে পরে আরও লেখক যোগ দেয়।
কখনো প্রেমিক।
কখনো বন্ধু।
কখনো থেরাপিস্ট।
কখনো নিজের বোধ।
কখনো একটি ক্ষমা।
কখনো একটি সময়মতো ফেরত দেওয়া ফোনকল।
একজন নিরাপদ মানুষও সম্পর্কের হাওয়া বদলাতে পারে
ডেটিংয়ের জগতে উদ্বিগ্ন মানুষকে প্রায়ই সমস্যার মূল হিসেবে দেখা হয়। সে বেশি মেসেজ দেয়, বেশি নিশ্চয়তা চায়, বেশি প্রশ্ন করে। ফলে বলা হয়, সে-ই সম্পর্ক নষ্ট করেছে।
লেভিন এ বিষয়ে আশাবাদী। একটি নিরাপদ সম্পর্কের জন্য দুজন মানুষকেই শুরু থেকে সম্পূর্ণ নিরাপদ হতে হবে না।
একজন মানুষের ধারাবাহিক সাড়া, নির্ভরযোগ্যতা, আবেগগত উপস্থিতি এবং কথা রাখার অভ্যাস ধীরে ধীরে সম্পর্কের পরিবেশ বদলাতে পারে।
ভাবুন, একজন মানুষের অতীত অভিজ্ঞতা তাকে শিখিয়েছে, মানুষ হঠাৎ চলে যায়। সে তাই সামান্য দূরত্ব দেখলেই ভয় পায়।
তার সঙ্গী যদি বলে, “আমি এখন কাজে ব্যস্ত, রাত আটটায় ফোন করব,” এবং সত্যিই রাত আটটায় ফোন করে, তাহলে সেই ছোট ঘটনাটি মনের ভেতর একটি নতুন তথ্য যোগ করে।
মানুষ ব্যস্ত হতে পারে, তবু ফিরে আসে।
রাগ হতে পারে, তবু সম্পর্ক শেষ হয় না।
দূরত্ব হতে পারে, তবু সংযোগ অক্ষুণ্ণ থাকে।
অবশ্য একজন নিরাপদ মানুষ কোনও অসুস্থ বা নির্যাতনমূলক সম্পর্ককে একা উদ্ধার করতে পারে না। প্রেমিক মানুষ, অ্যাম্বুলেন্স নয়। তাকে সারাক্ষণ অন্যের ভাঙা অংশ বয়ে বেড়াতে হবে, এমন দাবি নিষ্ঠুর।
তবে একজন মানুষ সম্পর্কের ছন্দ বদলানোর প্রথম পদক্ষেপ নিতে পারে।
কেউ আগে ক্ষমা চাইতে পারে।
কেউ বলতে পারে, “আমি এখন উত্তেজিত, আধঘণ্টা পরে কথা বলি।”
কেউ দরজা বন্ধ করার বদলে পাশে বসতে পারে।
কেউ অনুমান না করে জিজ্ঞেস করতে পারে।
বহু সম্পর্ক বড় বক্তৃতার অভাবে ভাঙে না। ভাঙে কারণ কেউই প্রথমে নরম হতে চায় না।
দুজনেই আদালতের উকিল। বিচারক নেই, সাক্ষী নেই, শুধু জেরা চলছে।
ছোট ছোট ঘটনাও মস্তিষ্কে জমা হয়
মানুষ থেরাপিতে গিয়ে বড় ঘটনার কথা বলে। শৈশবের আঘাত, সম্পর্কের বিশ্বাসঘাতকতা, মৃত্যু, বিচ্ছেদ, নির্যাতন। এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ।
কিন্তু লেভিন বলেন, দৈনন্দিন ছোট ছোট ঘটনাকেও মস্তিষ্ক খুব গুরুত্ব দিয়ে গ্রহণ করে।
তিনি মস্তিষ্ককে বলেন একধরনের “সামাজিক পুনর্মূল্যায়ন ব্যবস্থা।” মস্তিষ্ক সারাক্ষণ চারপাশ দেখে হিসাব করছে:
আমি কি এখানে স্বাগত?
আমাকে কি বাদ দেওয়া হচ্ছে?
আমি কি নিরাপদ?
কেউ কি আমার পাশে থাকবে?
আমার কথা কি শোনা হচ্ছে?
এই হিসাব বড় ঘটনার সময়ই হয় না।
পাঁচ বছরের একটি শিশুকে এক বিকেলে বন্ধুরা খেলায় নেয়নি।
ঘটনা শেষ। সন্ধ্যায় সে ভাত খেয়েছে, টিভি দেখেছে, ঘুমিয়েছে।
কিন্তু তার মস্তিষ্ক একটি তথ্য রেখে দিয়েছে। আমাকে বাদ দেওয়া হতে পারে।
একটি অবসরনিবাসে বয়স্ক একজন মানুষকে অন্যরা মাহজং খেলায় ডাকেনি।
বাইরে থেকে ঘটনা সামান্য। একটি খেলা মাত্র।
কিন্তু সেই মানুষের মনের কাছে প্রশ্নটি অন্যরকম। আমি কি এখনও দলের অংশ? আমার জন্য কি কোনও চেয়ার রাখা আছে?
মানুষকে বাদ দেওয়ার সবচেয়ে কষ্টকর দিক অনেক সময় ঘটনাটি নয়। ঘটনাটি নিজের সম্পর্কে যে অর্থ তৈরি করে, কষ্টটি সেখানে।
একটি মেসেজ পড়ে রেখে উত্তর না দেওয়া।
সবাইকে নিমন্ত্রণ করে একজনকে না ডাকা।
বন্ধুদের সামনে সঙ্গীর কথা কেটে দেওয়া।
কেউ কথা বলার সময় মোবাইল দেখা।
সামাজিক মাধ্যমে সক্রিয় থেকেও প্রিয়জনের প্রশ্ন এড়িয়ে যাওয়া।
এই ছোট ছোট মুহূর্ত মস্তিষ্কে ডেটা পয়েন্ট হয়ে জমে।
একদিনে সম্পর্ক ভাঙে না। কিন্তু প্রতিদিন সামান্য করে নিরাপত্তা ক্ষয় হতে পারে।
দেয়ালে প্রথম ফাটল দেখে কেউ বাড়ি ছাড়ে না। ফাটলের মধ্যে বৃষ্টি ঢোকে, শ্যাওলা ধরে, প্লাস্টার খসে, তারপর একদিন মানুষ বলে, “হঠাৎ সব ভেঙে গেল।”
হঠাৎ কথাটি সাধারণত ইতিহাস গোপন করে।
বদলানোর সূত্র: CARRP
লেভিন সাম্প্রতিক গবেষণায় নিরাপদ মানসিকতা তৈরি করার উপায় নিয়ে কাজ করছেন। এ জন্য তিনি একটি সংক্ষিপ্ত সূত্র ব্যবহার করেন: CARRP।
Consistent.
Available.
Responsive.
Reliable.
Predictable.
বাংলায় বললে ধারাবাহিক, উপস্থিত, সাড়াদানকারী, নির্ভরযোগ্য এবং পূর্বানুমানযোগ্য।
“পূর্বানুমানযোগ্য” শুনে প্রেমের কবিরা একটু আহত হতে পারেন। তাঁদের ধারণা প্রেমে রহস্য থাকা চাই, চমক থাকা চাই, ঝড় থাকা চাই।
চমক অবশ্যই থাকবে। জন্মদিনে ফুল দিন, হঠাৎ বেড়াতে নিয়ে যান, রান্নাঘরে গিয়ে ভুল করে লবণের বদলে চিনি দিন।
কিন্তু মানুষ যেন জানে, বিপদে আপনাকে পাওয়া যাবে। রাগ হলে আপনি গালাগাল করবেন না। কথা দিলে চেষ্টা করবেন রাখতে। কিছু বদলালে জানাবেন। নীরবতাকে শাস্তি হিসেবে ব্যবহার করবেন না।
নিরাপত্তার জন্য একঘেয়েমির সামান্য প্রয়োজন আছে।
সূর্য প্রতিদিন পূর্ব দিকে ওঠে বলে আমরা বিরক্ত হই না। বরং নিশ্চিন্ত থাকি।
একদিন সূর্য যদি পশ্চিমে উঠে বলে, “আমি একটু স্পন্টেনিয়াস হতে চেয়েছি,” তখন পৃথিবীর কারও ভালো লাগবে না।
লেভিন নিজের একটি ঘটনার কথা বলেছেন। কাজের চাপে তিনি এক বন্ধুর কয়েকটি মেসেজের উত্তর দিতে ভুলে গিয়েছিলেন। আগে হলে বিষয়টি ঝগড়ায় গড়াতে পারত। বন্ধু রেগে যেতেন, লেভিন আত্মরক্ষামূলক হয়ে উঠতেন।
এবার বন্ধু তাঁর কাজের ভাষাই ব্যবহার করলেন। জিজ্ঞেস করলেন, “তুমি তোমার CARRP খেলা থেকে সরে গেলে কেন?”
লেভিন সঙ্গে সঙ্গে ক্ষমা চাইলেন।
এই ঘটনাটিতে অনেক বড় শিক্ষা আছে।
বন্ধুটি অভিযোগ করেননি, “তুমি আমাকে গুরুত্ব দাও না।”
চরিত্রহত্যা করেননি, “তুমি সবসময় এমন।”
সম্পর্কের মৃত্যুসনদ লেখেননি, “এভাবে আর চলতে পারে না।”
তিনি আচরণটির দিকে ইঙ্গিত করেছেন।
লেভিনও নিজের সম্মান রক্ষার জন্য তর্ক শুরু করেননি। তিনি বোঝেন, বন্ধু আহত হয়েছে। ক্ষমা চান।
সম্পর্কে ক্ষমা চাওয়া অনেকের কাছে পরাজয়। যেন আগে সরি বললে সম্পত্তির অর্ধেক চলে যাবে।
আসলে সঠিক সময়ে ক্ষমা চাওয়া সম্পর্কের ভেতর অক্সিজেন ঢোকায়।
মস্তিষ্কও ভালোবাসা শিখতে পারে
মানুষের মস্তিষ্ক প্রাপ্তবয়স্ক বয়সেও পরিবর্তনশীল। নিউরোপ্লাস্টিসিটি আমাদের জানায়, পুনরাবৃত্ত অভিজ্ঞতা ভয়, বিশ্বাস এবং আবেগ নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত স্নায়ুপথকে বদলে দিতে পারে।
বারবার নিরাপদ অভিজ্ঞতা পেলে শরীর নতুন কিছু শিখতে শুরু করে।
সব নীরবতা পরিত্যাগ নয়।
সব ঝগড়া বিচ্ছেদের পূর্বাভাস নয়।
সব দূরত্ব প্রত্যাখ্যান নয়।
সব ঘনিষ্ঠতা বন্দিত্ব নয়।
কেউ কাছে এলেই বিপদ হবে না।
কেউ ভালোবাসলে একদিন নিশ্চয়ই আঘাত করবে, এই বিশ্বাসও ধীরে ধীরে নরম হতে পারে।
মানুষের শরীর অনেক সময় মনের আগে ভয় পায়। একটি নির্দিষ্ট স্বর, দেরিতে উত্তর, দরজা বন্ধ হওয়ার শব্দ, হঠাৎ মুখ গম্ভীর হয়ে যাওয়া, পুরোনো আতঙ্ক জাগিয়ে তোলে।
নিরাপদ সম্পর্ক সেই শরীরকে নতুন পাঠ শেখায়।
এখানে দরজা বন্ধ হয়েছে, কিন্তু মানুষটি চলে যায়নি।
এখানে মতভেদ হয়েছে, কিন্তু অপমান হয়নি।
এখানে আমি কেঁদেছি, কেউ আমাকে দুর্বল বলেনি।
এখানে আমি প্রয়োজন জানিয়েছি, কেউ আমাকে বোঝা ভাবেনি।
একসময় যে ঘনিষ্ঠতা বিপজ্জনক মনে হতো, সেটিই ঘরের অনুভূতি দিতে শুরু করে।
লেভিন বলেন, আরও নিরাপদ সম্পর্ক তৈরি করতে পারলে আমাদের মস্তিষ্কের গঠনও বদলাতে পারে।
প্রেম তখন শুধু কবিতার বিষয় থাকে না। প্রেম জীববিজ্ঞানের মধ্যেও নিজের আসবাব বসায়।
কাকে ভালোবাসব, সেই সিদ্ধান্তও বদলায়
সংযুক্তির তত্ত্ব শেখার আগে মানুষ অনেক সময় পরিচিত কষ্টকে আকর্ষণ বলে ভুল করে।
যে মানুষটি কাছে এসে আবার দূরে যায়, তাকে রহস্যময় মনে হয়।
যে মানুষটি ফোন ধরে না, তাকে ব্যস্ত ও গুরুত্বপূর্ণ মনে হয়।
যে মানুষটি ভালোবাসা নিয়ে অনিশ্চয়তা তৈরি করে, তার স্বীকৃতি পাওয়াকে বিজয় মনে হয়।
শান্ত, ধারাবাহিক, স্পষ্ট মানুষকে কখনো কখনো নিস্তেজ লাগে। কারণ আমাদের স্নায়ুতন্ত্র উত্তেজনাকে প্রেম বলে চিনতে শিখেছে।
আমির লেভিনের জীবনে সংযুক্তির তত্ত্ব শুধু সম্পর্ক চালানোর কৌশল বদলায়নি। কাকে তিনি সঙ্গী হিসেবে বেছে নেবেন, সেই সিদ্ধান্তও বদলেছে।
তিনি এখন বারো-তেরো বছর ধরে তাঁর সঙ্গীর সঙ্গে আছেন। তাঁর মতে, তত্ত্বটি তাঁকে আরও নিরাপদ একজন সঙ্গী খুঁজে নিতে এবং সম্পর্কটি ভালোভাবে পরিচালনা করতে সাহায্য করেছে।
এখানে একটি কথা আছে।
ভালোবাসার সাফল্য শুধু আপনি কত গভীরভাবে অনুভব করেন, তার ওপর দাঁড়িয়ে থাকে না। আপনি কাকে বেছে নিচ্ছেন, সেই মানুষটি আপনার হৃদয়ের সঙ্গে কী আচরণ করে, তার ওপরও দাঁড়িয়ে থাকে।
কারও প্রতি প্রবল আকর্ষণ অনুভব করা যায়। কিন্তু সেই মানুষটি আপনার জন্য নিরাপদ নাও হতে পারে।
কারও জন্য রাত জাগা যায়। কিন্তু সে আপনার দিনের শান্তি নষ্ট করতে পারে।
কারও সঙ্গে কথায় আগুন জ্বলতে পারে। কিন্তু আগুনের পাশে চিরকাল ঘর করা যায় না।
মানুষের জীবনে এমন সঙ্গী প্রয়োজন, যার কাছে ভালোবাসা প্রতিদিন পরীক্ষা দিতে বসে না।
যার পাশে আপনার মনকে গোয়েন্দাগিরি করতে হয় না।
যার কথার অর্থ বের করতে তিনজন বন্ধু, দুইজন থেরাপিস্ট এবং একটি টিকটক ভিডিওর প্রয়োজন পড়ে না।
যে বলে, “আমি আছি,” এবং আচরণে থাকার প্রমাণ দেয়।
শেষ পর্যন্ত নিরাপদ ভালোবাসার গল্প খুব নাটকীয় নাও হতে পারে। সেখানে প্রতিদিন কেউ ট্রেনের সামনে দৌড়ায় না, বিমানবন্দরে শেষ মুহূর্তে এসে চিৎকার করে না, বৃষ্টির মধ্যে হাঁটু গেড়ে বসে না।
সেখানে মানুষ সময়মতো বাড়ি ফেরে।
ফোন করতে না পারলে জানায়।
ভুল করলে ক্ষমা চায়।
ভয় পেলে বলে।
কথা শুনে।
কথা রাখে।
আর একদিন হঠাৎ আপনি আবিষ্কার করেন, যার জন্য আগে সারাক্ষণ বুক ধড়ফড় করত, এখন তার পাশে বুক শান্ত হয়ে আসে।
তখন বোঝা যায়, ভালোবাসার সবচেয়ে গভীর শব্দ সবসময় “আমি তোমাকে চাই” নয়।
কখনো কখনো সেই শব্দটি হলো, “তোমার এখানে ভয় পাওয়ার দরকার নেই।”
তবে প্রেমিককে এই কথাটি বলার পর সময়মতো মেসেজের উত্তর দিতে হবে। নইলে অ্যাটাচমেন্ট থিওরি নিয়ে তিনশো পৃষ্ঠার বই পড়ে লাভ নেই। হৃদয় সঙ্গে সঙ্গে বলবে, “বই রাখো, মানুষটা অনলাইনে আছে।”
তথ্য সূত্রঃ



