I wish good essays could pay rent on their own. Until they learn how, paid subscriptions keep this publication alive.
একটি পার্টি চলছে। ইতালির ভেরোনা শহরে। ঝাড়বাতি আছে, মোমবাতি আছে, বাদ্যযন্ত্র আছে, খাবার আছে, নাচ আছে, মুখোশ আছে। এবং যেখানে ধনী মানুষদের পার্টি, সেখানে স্বাভাবিক নিয়মেই কয়েকটি অল্পবয়সি মেয়ে আছে, যাদের সৌন্দর্য নিয়ে বৃদ্ধ পুরুষেরা আলোচনায় মশগুল। রেনেসাঁ এসে গেছে, লিওনার্দো মানুষের শরীর কেটে পেশি ও হাড়ের রহস্য বুঝছেন, মিকেলাঞ্জেলো পাথরের মধ্যে ডেভিডের নগ্ন দেহ আবিষ্কার করছেন, কোপার্নিকাস পৃথিবীকে মহাবিশ্বের কেন্দ্র থেকে নামিয়ে দেওয়ার তোড়জোড় করছেন, কিন্তু ধনী পরিবারের তেরো বছরের মেয়েটি এখনও পরিবারের সম্পত্তি। মহাবিশ্ব বদলাতে পারে, কন্যাদায় বদলায় না।
মেয়েটির নাম জুলিয়েট।
একজন প্রাপ্তবয়স্ক মানুষ তাকে বিয়ে করতে চান। নাম প্যারিস। মানুষটি সুদর্শন, ভদ্র, সম্ভ্রান্ত, এবং তার এমন একটি পদবি আছে যার সামনে সাধারণ মানুষের যুক্তি সাধারণত টুপিটা খুলে দাঁড়ায়। জুলিয়েটের বাবা প্রথমে একটু দ্বিধা করেন। মেয়েটির বয়স কম। এখনই বিয়ে হলে তার শরীরের ক্ষতি হতে পারে, মনেও আঘাত লাগতে পারে। কথাগুলি শুনে মনে হতে পারে, বাবা আধুনিক চিন্তার মানুষ। কিছুক্ষণ পরে বোঝা যায়, তাঁর আধুনিকতা ততটুকুই, যতটুকু জানালার পর্দা সরালে ঘরে আলো আসে কিন্তু বাইরের মানুষ ঢুকতে পারে না।
বাবা বলেন, আরও দুটো বছর অপেক্ষা করা ভালো। তবে প্যারিস যেহেতু কাউন্ট, অর্থাৎ নামের সঙ্গে ধাতব চকচকে একটা উপাধি ঝুলছে, ব্যাপারটা নিয়ে আলোচনা করা যেতে পারে। তেরো বছর বয়স বিয়ের পক্ষে কম, কিন্তু কাউন্টের জন্য অত কম নয়। ক্ষমতা ক্যালেন্ডারের পাতা দ্রুত উল্টে দেয়। সাধারণ পাত্রের জন্য যে মেয়ে শিশু, অভিজাত পাত্রের কাছে সে মুহূর্তে বিবাহযোগ্যা নারী হয়ে ওঠে।
জুলিয়েট এই পার্টিতে আছে। সম্ভবত জীবনে প্রথম বড় পার্টি। তার চলাফেরা সীমিত। বাড়ি থেকে বেরোতে হলে মা, দাই বা পুরোহিতের দরকার। তখনকার ইতালির সম্পন্ন ঘরের মেয়েদের জীবন মোটামুটি একটি সুদৃশ্য বাক্সের মতো। বাক্সের গায়ে কারুকাজ আছে, ভিতরে বাতাস কম।
পার্টিতে কয়েকজন অনাহূত যুবক ঢুকে পড়ে। তারা মন্টেগু পরিবারের। জুলিয়েটদের ক্যাপুলেট বংশের চিরশত্রু। দুই পরিবারের শত্রুতা কত পুরোনো, কেন শুরু হয়েছিল, কে প্রথম কাকে অপমান করেছিল, কেউ সম্ভবত জানে না। কিন্তু মানুষ যখন ঝগড়ার কারণ ভুলে যায়, তখন ঝগড়াটাকে আরও পবিত্র মনে করে। কারণহীন ঘৃণার সুবিধা হল, তাকে যুক্তি দিয়ে থামানো যায় না।
মন্টেগুদের ছেলেরা মুখোশ পরে ঢুকেছে। যেন প্রেম নয়, ডাকাতি করতে এসেছে। অবশ্য প্রেম ও ডাকাতির মধ্যে পার্থক্য খুব বেশি নয়। দুটো ক্ষেত্রেই লোকজন অনুমতি না নিয়ে অন্যের ভিতরে ঢোকার চেষ্টা করে।
তাদের মধ্যে একজনের নাম রোমিও। বয়সে জুলিয়েটের চেয়ে সামান্য বড়। তাকে বন্ধুরা টেনে নিয়ে এসেছে। আসার আগে তার অশুভ অনুভূতি হয়েছিল। মনে হচ্ছিল, এই রাত থেকে এমন কিছু শুরু হবে যার শেষ তার অকালমৃত্যু। মানুষ নিজের ভবিষ্যৎ সম্পর্কে এইরকম পরিষ্কার সতর্কবার্তা খুব দেখতে পায়। পেলেও পার্টি বাতিল করে না। কারণ বন্ধুরা বলেছে, চল। কিশোর বয়সে ভাগ্যের চেয়ে বন্ধুর ডাক বেশি কর্তৃত্ববান।
রোমিও অবশ্য জুলিয়েটকে দেখতে আসেনি। সে এসেছে রোজালিন নামে আরেক তরুণীকে দেখতে। রোজালিন তাকে পাত্তা দেয় না। রোমিও তাই প্রেমে মৃতপ্রায়। তার কথাবার্তা শুনলে মনে হবে পৃথিবীর সমস্ত কবিতা, সমস্ত চাঁদ, সমস্ত রাত এবং সমস্ত দীর্ঘশ্বাস একমাত্র রোজালিনকে ঘিরেই তৈরি হয়েছে।
তারপর সে জুলিয়েটকে দেখে।
রোজালিন সঙ্গে সঙ্গে সাহিত্যিক ফুটনোট হয়ে যায়।
এই জায়গায় রোমিওকে দোষ দেওয়া কঠিন। মানুষের হৃদয় কোনও সরকারি দফতর নয় যে পুরোনো আবেদন নিষ্পত্তি না করে নতুন ফাইল গ্রহণ করবে না। সে এক মুহূর্তে আগের প্রেম ভুলে যায় এবং নতুন প্রেমকে চিরন্তন বলে ঘোষণা করে। আমাদের সন্দেহ হতে পারে, এ প্রেম না কি হরমোনের দ্রুত প্রশাসনিক বদলি। কিন্তু নাটকের সৌন্দর্যই এই যে, সে আমাদের সন্দেহের সময় দেয় না।
রোমিও জিজ্ঞেস করে, ওই মেয়েটি কে?
কেউ জানে না।
জুলিয়েটও তাকে চেনে না।
তারা মুখোমুখি হয়। কথা বলে। কথোপকথনটি একটি সনেটের আকার নেয়। অর্থাৎ দুই অচেনা কিশোর-কিশোরী প্রথম আলাপে এমন নিখুঁত কবিতা তৈরি করে, যা প্রাপ্তবয়স্ক বিবাহিত মানুষ কুড়ি বছর এক বিছানায় থেকেও পারে না। রোমিও নিজেকে তীর্থযাত্রী বলে, জুলিয়েটকে পবিত্র মন্দির। হাত হয়ে ওঠে প্রার্থনা, ঠোঁট হয়ে ওঠে পাপ মোচনের উপায়। ধর্মীয় ভাষা দিয়ে তারা চুমুর ব্যবস্থা করে ফেলে।
এখানে শেক্সপিয়রের অসভ্য বুদ্ধিটা লক্ষ করা দরকার। যে সমাজ মেয়েটির শরীরকে পরিবারের সম্মান, ধর্ম, বংশমর্যাদা ও বিয়ের বাজার দিয়ে তালাবন্ধ করেছে, সেই শরীরের আকাঙ্ক্ষা প্রকাশের জন্য জুলিয়েট ধর্মেরই শব্দ ধার করে। চুমু আর প্রার্থনার মধ্যে গোপন দরজা খুলে যায়। পুরোহিতের ভাষা প্রেমিকের ঠোঁটে চলে আসে। ধর্ম সম্ভবত কখনও ভাবেনি, তার এত পরিশীলিত শব্দভান্ডার কিশোর-কিশোরীদের চুমু খাওয়ার কাজে ব্যবহৃত হবে।
চুমুর পরে তারা জানতে পারে, তাদের পরিবার পরস্পরের শত্রু।
যে ছেলেটিকে জুলিয়েট কয়েক মিনিট আগে প্রথম দেখেছে, সে এখন তার বংশের শত্রু। যে মেয়েটিকে রোমিও এক মিনিট আগে দেবদূত বলেছে, সে তার শত্রুর কন্যা। বাস্তব জীবন সাধারণত এই জায়গায় গিয়ে একটু থমকে যায়। মানুষ বাড়ি ফিরে, বন্ধুদের সঙ্গে আলোচনা করে, সম্পর্কের সুবিধা-অসুবিধা বিচার করে, কারও কারও থেরাপিস্ট থাকে। রোমিও ও জুলিয়েটের হাতে এসবের সময় নেই। তাদের নাটক মাত্র পাঁচ দিনের।
এই পাঁচ দিনে প্রেম হবে, বিয়ে হবে, যৌনমিলন হবে, খুন হবে, নির্বাসন হবে, মাদক খাওয়া হবে, মিথ্যা মৃত্যু হবে, সত্যিকারের মৃত্যু হবে। আজকাল পাঁচ দিনে একটি সরকারি সার্টিফিকেটও পাওয়া যায় না। ভেরোনার দুই কিশোর-কিশোরী এর মধ্যে সম্পূর্ণ জীবন সেরে ফেলে।
পরের দৃশ্যে রোমিও জুলিয়েটের বাড়ির বাগানে ঢুকে পড়ে। আমরা একে প্রেমের দৃশ্য বলি। আইনের ভাষায় একে অনধিকার প্রবেশও বলা যায়। সে নিচে দাঁড়িয়ে, জুলিয়েট বারান্দায়। চারশো বছর ধরে পৃথিবীর যত হোটেল, রেস্তোরাঁ, সুগন্ধি, গোলাপ বিক্রেতা ও পর্যটন বিভাগ আছে, সবাই এই দৃশ্য থেকে ব্যবসা করেছে।
জুলিয়েট বিখ্যাত প্রশ্নটি করে: নামের মধ্যে কী?
প্রশ্নটা শুনতে স্নিগ্ধ, ভিতরে বিস্ফোরক। কারণ তার গোটা জীবন নামের মধ্যেই বন্দি। ক্যাপুলেট নামটি ঠিক করে দিয়েছে সে কাকে ভালোবাসতে পারবে, কাকে ঘৃণা করবে, কাকে বিয়ে করবে, কার সঙ্গে কথা বলবে। রোমিওর মন্টেগু নাম তাকে বিপজ্জনক করে তুলেছে। অথচ মানুষটি, তার শরীর, তার কণ্ঠ, তার আকাঙ্ক্ষা, এগুলোর কোনওটাই নামের তৈরি নয়।
জুলিয়েট বুঝতে শুরু করে, সমাজ আমাদের জন্মের আগে কয়েকটি নাম, সম্পর্ক ও কর্তব্য লিখে রাখে। জন্মের পরে আমরা সেগুলোর চরিত্রে অভিনয় করি। কে শত্রু, কে আত্মীয়, কে সম্মানিত, কে অপমানিত, সব আগেই ঠিক করা। আমরা শুধু সংলাপ মুখস্থ করি।
কিন্তু জুলিয়েট সংলাপ বদলে দেয়।
এই তেরো বছরের মেয়েটিই সম্পর্কের বাস্তব পরিকল্পনা করে। রোমিও কবিতা বলে, জুলিয়েট সময় ও ব্যবস্থা নিয়ে কথা বলে। সে বলে, সত্যিই বিয়ে করতে চাইলে কাল খবর পাঠাও। কোথায়, কখন, কীভাবে, সব জানাও। তার প্রেম আবেগপ্রবণ, কিন্তু মাথাবিহীন নয়। রোমিও রাতের আকাশে শপথ করতে গেলে জুলিয়েট তাকে থামায়। চাঁদের নামে শপথ করতে মানা করে, কারণ চাঁদ বদলায়। তেরো বছরের মেয়েটি বুঝে গেছে পরিবর্তনশীল জিনিসের নামে স্থায়িত্বের প্রতিশ্রুতি দেওয়া একটু প্রতারণার মতো।
পরের দিন তারা গোপনে বিয়ে করে। পুরোহিত ফ্রায়ার লরেন্স বিয়ে দেন। তাঁর আশা, এই সম্পর্ক দুই পরিবারের শত্রুতা মেটাবে। অর্থাৎ তিনি দুই নাবালকের তীব্র প্রেমকে একটি সামাজিক শান্তি প্রকল্পে ব্যবহার করছেন। ধর্মীয় প্রতিষ্ঠান অনেক সময় মানুষের ব্যক্তিগত আবেগকে নিজের বৃহৎ পরিকল্পনার কাঁচামাল ভাবে।
বিয়ের কয়েক ঘণ্টার মধ্যে রোমিও জুলিয়েটের চাচাতো ভাই টাইবাল্টকে হত্যা করে। এর আগে টাইবাল্ট রোমিওর বন্ধু মার্কিউশিওকে মেরেছে। মার্কিউশিও মরার আগে দুই পরিবারকেই অভিশাপ দেয়। সে বুঝেছিল, ব্যক্তিগত সাহস, পুরুষালি সম্মান, পারিবারিক আনুগত্য এবং রাস্তার দাঙ্গা মিশিয়ে যে বিষ তৈরি হয়েছে, তা শেষ পর্যন্ত নির্দোষ-দোষী কাউকেই ছাড়বে না।
রোমিও নির্বাসিত হয়।
জুলিয়েট এখন সদ্যবিবাহিত, সদ্যবিধবার মতো বিচ্ছিন্ন, এবং মৃত কাজিনের শোকে ঘেরা। স্বামী তার আত্মীয়কে হত্যা করেছে। এই সম্পর্ক থেকে সরে যাওয়ার হাজারটি কারণ আছে। কিন্তু সে রোমিওকে ক্ষমা করে।
এই ক্ষমা সহজ নয়। জুলিয়েটের প্রেম তাকে অন্ধ করে, আবার একই সঙ্গে তাকে নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও দেয়। পরিবার চায়, সে টাইবাল্টের মৃত্যুকে একমাত্র সত্য হিসেবে দেখুক। জুলিয়েট জানে, তার সত্যের মধ্যে রোমিওও আছে। মানুষ যখন দুই বিরোধী সত্য একসঙ্গে বহন করে, তখন তাকে নিষ্পাপ বলা যায় না, পরিণত বলা যায়।
রোমিও রাতে তার ঘরে আসে। তাদের বিবাহ সম্পূর্ণ হয়। শেক্সপিয়র দৃশ্যটিকে পর্নোগ্রাফির সুবিধা দেননি, আবার পবিত্রতার পর্দা দিয়েও ঢাকেননি। ভোরে তারা পাখির ডাক নিয়ে তর্ক করে। জুলিয়েট বলে, এটা নাইটিঙ্গেল, এখনও রাত। রোমিও যেন না যায়। রোমিও বলে, এটা লার্ক, সকাল হয়ে গেছে। পরে জুলিয়েট সত্যিটা মেনে নেয়।
এই দৃশ্যে পাখির ডাক সময়ের ঘোষণা। প্রেমিকরা চায় রাত লম্বা হোক, পৃথিবী বলে সকাল হয়েছে। মানুষের ব্যক্তিগত সুখের প্রতি ঘড়ির কোনও সহানুভূতি নেই।
রোমিও চলে গেলে জুলিয়েটের বাবা-মা জানান, তার বিয়ে প্যারিসের সঙ্গে ঠিক হয়েছে।
মেয়েটি অস্বীকার করে।
এই অস্বীকৃতিতে বাবা বিস্ফোরিত হন। যে মানুষটি কিছুদিন আগে মেয়ের বয়স নিয়ে উদ্বিগ্ন ছিলেন, এখন তাকে অবাধ্য, অকৃতজ্ঞ, জেদি বলে অপমান করেন। বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেন। কারণ সন্তানের ভালোর কথা বাবা-মা যতক্ষণ বলেন, ততক্ষণই ভালো শোনায় যতক্ষণ সন্তান সেই ভালোর সংজ্ঞা নিয়ে প্রশ্ন না তোলে।
মা সাহায্য করেন না। দাই, যিনি জুলিয়েটকে শিশুকাল থেকে বড় করেছেন, তিনিও বলেন প্যারিসকে বিয়ে করাই ভালো। রোমিও নির্বাসিত, তাকে ভুলে যাও। বাস্তববাদী পরামর্শ। বেঁচে থাকার পক্ষে যথেষ্ট যুক্তিসঙ্গত। কিন্তু জুলিয়েট বুঝে যায়, তার চারপাশের প্রাপ্তবয়স্করা তার গভীর সত্যকে বহন করার ক্ষমতা রাখে না।
এই প্রথম সে সম্পূর্ণ একা।
একা তেরো বছরের একটি মেয়ে পুরোহিতের কাছে যায়। প্যারিসকে বিয়ে করার আগে সে নিজেকে হত্যা করবে বলে জানায়। তার হাতে ছুরি। কোনও নাটুকে ভঙ্গি নয়। সে প্রস্তুত।
ফ্রায়ার লরেন্স তাকে একটি ওষুধ দেন। খেলে বিয়াল্লিশ ঘণ্টার জন্য শরীর মৃতের মতো হয়ে থাকবে। পরিবার তাকে সমাধিতে রাখবে। রোমিও খবর পেয়ে আসবে। জুলিয়েট জেগে উঠবে। তারা পালিয়ে যাবে।
পরিকল্পনাটি এত বিপজ্জনক যে আধুনিক কোনও ডাক্তার, আইনজীবী বা বিদ্যালয়ের কাউন্সেলর শুনলে একই সঙ্গে তিনটি কর্তৃপক্ষকে ফোন করতেন। কিন্তু ভেরোনায় কিশোরী মেয়ের কাছে বেছে নেওয়ার পথ দুটি: জোর করে বিয়ে, অথবা মৃত্যুর অভিনয়।
জুলিয়েট ওষুধের শিশি নিয়ে ঘরে ফেরে।
রাতে একা বসে সে ভাবে, ওষুধটি যদি বিষ হয়? পুরোহিত নিজের গোপন বিয়ের অপরাধ ঢাকতে যদি তাকে মেরে ফেলতে চান? যদি সে সমাধির মধ্যে নির্ধারিত সময়ের আগে জেগে ওঠে? যদি শ্বাসরোধ হয়ে মারা যায়? যদি টাইবাল্টের পচতে থাকা মৃতদেহ দেখে পাগল হয়ে যায়? যদি পূর্বপুরুষদের হাড়ের মধ্যে ভূতেরা ঘুরে বেড়ায়?
এই ভয়গুলো তেরো বছরের মেয়ের। এবং সে প্রতিটি ভয় স্পষ্টভাবে কল্পনা করে। সাহস মানে ভয় না থাকা হলে জুলিয়েট সাহসী নয়। সাহসের ভিতরে ভয়ের সম্পূর্ণ উপস্থিতি আছে। সে সব সম্ভাবনা বোঝে, তারপর ওষুধ খায়।
পরের দিন পরিবার তাকে মৃত অবস্থায় পায়। বিয়ের প্রস্তুতি শেষকৃত্যে বদলে যায়। ফুল, বাদ্যযন্ত্র, পোশাক, খাবার, সব একই থাকে, কেবল অনুষ্ঠানের নাম বদলে যায়। সমাজের আচার-অনুষ্ঠান এমনই দক্ষ, মানুষ মরে গেলেও সরঞ্জামের বিশেষ ক্ষতি হয় না।
কিন্তু বার্তা রোমিওর কাছে পৌঁছায় না। কোয়ারেন্টিনের কারণে দূত আটকে যায়। মহামারি ও প্রশাসনিক ব্যর্থতা মিলে পশ্চিমা সাহিত্যের বিখ্যাত প্রেমিকযুগলকে মেরে ফেলে। ভাগ্য অনেক সময় বজ্রপাত করে না। একটি চিঠি দেরি করলেই তার কাজ চলে।
রোমিও শুনতে পায়, জুলিয়েট মারা গেছে।
সে বিষ কেনে। সমাধিতে আসে। সেখানে প্যারিসকে দেখে। লড়াই হয়। প্যারিস মারা যায়। রোমিও জুলিয়েটের পাশে শুয়ে বিষ খায়।
কিছুক্ষণ পরে জুলিয়েট জেগে ওঠে।
সে রোমিওকে মৃত দেখে।
পুরোহিত তাকে পালাতে বলেন। জুলিয়েট যায় না। রোমিওর ঠোঁটে বিষের চিহ্ন খোঁজে। হয়তো সামান্য বিষ বাকি আছে। নেই। তখন সে রোমিওর ছুরি নিয়ে নিজের শরীরে ঢুকিয়ে দেয়।
তার বয়স এখনও তেরো।
চারশো বছরের বেশি সময় ধরে আমরা এই গল্পকে প্রেমের চূড়ান্ত মহিমা বলে পড়েছি। বারান্দায় দাঁড়ানো জুলিয়েট, নিচে রোমিও, চাঁদের আলো, গোলাপ, নামের মধ্যে কী আছে, প্রেমের জন্য মৃত্যু। বিয়ের কার্ড, চলচ্চিত্র, গান, চকোলেট, পর্যটন, সুগন্ধি, সব এই গল্পকে রোমান্টিক করেছে।
কিন্তু দৃশ্যের আলো একটু বাড়ালে দেখা যায়, এটি দুই কিশোর-কিশোরীকে ঘিরে প্রাপ্তবয়স্কদের ধারাবাহিক ব্যর্থতার গল্প।
বাবা মেয়েকে সম্পত্তি ভাবেন। মা পাশে দাঁড়ান না। দাই সুবিধাজনক আপসের পরামর্শ দেন। পুরোহিত বিপজ্জনক পরিকল্পনা করেন। শহরের পুরুষেরা বংশের সম্মানের নামে রাস্তা রক্তাক্ত করে। শাসক যথাসময়ে শত্রুতা বন্ধ করতে পারেন না। বার্তাবাহক পৌঁছতে পারে না। ওষুধ বিক্রেতা দরিদ্র বলে বিষ বিক্রি করে। সবাই নিজের মতো যুক্তিসঙ্গত, এবং এই সমস্ত যুক্তি মিলে দুই শিশুর মৃত্যু তৈরি করে।
তারপর প্রাপ্তবয়স্করা মৃতদেহের সামনে দাঁড়িয়ে শিক্ষা গ্রহণ করে।
বড়দের একটি পুরোনো অভ্যাস। শিশুরা বেঁচে থাকতে তাদের কথা না শোনা, মারা গেলে তাদের স্মৃতিকে নৈতিক বক্তৃতায় ব্যবহার করা।
জুলিয়েট শেক্সপিয়রের প্রথম দিকের ট্র্যাজেডির প্রাণকেন্দ্র। রোমিও প্রেমে পড়ে, আবেগে সিদ্ধান্ত নেয়, হত্যায় জড়িয়ে পড়ে, খবর শুনে বিষ খায়। জুলিয়েট প্রতিটি পর্যায়ে পরিস্থিতি বিচার করে, পরিকল্পনা করে, ঝুঁকি নেয়, নিজের সিদ্ধান্তের দায় বহন করে। রোমিওর ভাষা বেশি বিখ্যাত হতে পারে, কিন্তু নাটকের বুদ্ধি, সংকল্প ও রক্তসঞ্চালন জুলিয়েটের।
সে ইতালীয় রেনেসাঁর সন্তান। তার চারপাশে মানুষের সম্ভাবনা নতুন করে আবিষ্কৃত হচ্ছে। চিত্রকলায় দেহ মুক্ত হচ্ছে, দর্শনে মানুষ ঈশ্বরের ছায়া থেকে বেরিয়ে নিজের দিকে তাকাচ্ছে, বাণিজ্যে নতুন সম্পদ তৈরি হচ্ছে, সমুদ্রপথে পৃথিবীর মানচিত্র বদলাচ্ছে। জুলিয়েট এই কোনও বিপ্লবে অংশ নিতে পারে না। তার পৃথিবী বাড়ি, গির্জা ও সমাধির মধ্যে সীমাবদ্ধ।
তবু কয়েক দিনের মধ্যে সে নিজের শরীর, প্রেম, বিবাহ, আনুগত্য ও মৃত্যু সম্পর্কে সিদ্ধান্ত নেয়। তার স্বাধীনতার পথ সরু, কিন্তু সেই সরু পথের প্রতিটি ইঞ্চি সে নিজের হাতে দখল করে।
এ কারণেই জুলিয়েট রোমান্টিক প্রতীক হয়ে টিকে আছে। শুধু প্রেমের জন্য মরেছিল বলে নয়। তাকে যে জীবন দেওয়া হয়েছিল, সেটি অন্যেরা লিখেছিল। সে অল্প সময়ের জন্য সেই পাণ্ডুলিপি কেড়ে নিয়ে নিজের সংলাপ লিখেছিল।
দুর্ভাগ্য, তার হাতে সময় ছিল পাঁচ দিন।
আর ভেরোনার হাতে ছিল বহু প্রজন্ম।
শেষ পর্যন্ত শহর শান্তি পেল। দুই পরিবার শত্রুতা মেটাল। সোনার মূর্তি বানানোর প্রতিশ্রুতি দিল। অর্থাৎ বেঁচে থাকা মেয়েটিকে স্বাধীনতা দেওয়া যায়নি, মৃত মেয়েটিকে মূর্তি দেওয়া গেল।
সভ্যতা এই কাজে বরাবরই পারদর্শী।



