I wish good essays could pay rent on their own. Until they learn how, paid subscriptions keep this publication alive.
ধরুন, আপনি একটা উপন্যাস লিখেছেন। তিন বছর ধরে লিখেছেন। মাঝখানে চাকরি গেছে, প্রেম গেছে, দুটো দাঁত গেছে, একটা ল্যাপটপও গেছে। তবু উপন্যাসটা শেষ করেছেন। লেখার সময় কখনও মনে হয়েছে আপনি টলস্টয়ের দূরসম্পর্কের আত্মীয়, কখনও মনে হয়েছে ক্লাস ফাইভের বাংলা পরীক্ষায় কোনওমতে পাস করে এসেছেন। কোনও কোনও বাক্য লিখে নিজেরই এত পছন্দ হয়েছে যে তিন দিন পর আবার পড়ে দেখেছেন। দেখেছেন, কী বিশ্রী! কেটে নতুন করে লিখেছেন। এইভাবে তিন বছর ধরে কাটাকুটি, সংশোধন, আত্মসন্দেহ, একটুখানি আত্মপ্রেম, বহু কাপ চা এবং কয়েকশো রাতের ঘুম বিসর্জন দিয়ে শেষ পর্যন্ত একটা উপন্যাস দাঁড় করিয়েছেন।
এবার প্রকাশকের কাছে গেলেন।
প্রকাশক পড়লেন। সম্পাদক পড়লেন। সাহিত্য এজেন্ট পড়লেন। সকলেই বললেন, চমৎকার। আপনার গদ্যের নিজস্ব একটা স্বর আছে। যে ধরনের বাক্য আপনি তৈরি করেন, আজকাল সচরাচর দেখা যায় না। চরিত্রগুলো বেশ জীবন্ত। ভাষার মধ্যেও একটা অদ্ভুত ছন্দ। পাঠকের ভাল লাগবে।
আপনি আহ্লাদে আটখানা। মনে মনে বইয়ের প্রচ্ছদ দেখে ফেলেছেন। পুরস্কারের মঞ্চে কী বলবেন, সেটাও দু-একবার অনুশীলন হয়ে গেছে।
এমন সময় একজন বললেন, দাঁড়ান দাঁড়ান, একটা ছোট্ট পরীক্ষা বাকি আছে।
আপনার তিন বছরের উপন্যাস একটা সফটওয়্যারে ঢোকানো হল। সফটওয়্যারটি কয়েক মুহূর্ত চিন্তাভাবনা করল। তারপর জানাল, লেখার ৯৭ শতাংশ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।
ব্যস।
তিন বছরের শ্রম, আপনার ভাষা, স্মৃতি, অভিজ্ঞতা, আপনার নিজস্ব বাক্যগঠন, সবকিছুর পাশে একটা প্রশ্নচিহ্ন বসে গেল।
আপনি বললেন, কিন্তু লিখেছি তো আমি!
সফটওয়্যার বলল, আমার হিসেব অন্য কথা বলছে।
আপনি বললেন, আমার কাছে খসড়া আছে। পুরনো ফাইল আছে। কোন বাক্য কবে লিখেছি তার প্রমাণ আছে।
সফটওয়্যার চুপ।
প্রকাশক বললেন, আমরা একটু সমস্যায় পড়েছি।
আপনি বললেন, সমস্যাটা কোথায়?
প্রকাশক বললেন, আপনার লেখক হওয়াটাই এখন একটা সমস্যা।
এই যে কাণ্ডটা, বেশ কাফকার উপন্যাসের মতো লাগছে। The Trial-এর জোসেফ কে. একদিন সকালে ঘুম থেকে উঠে জানতে পেরেছিলেন, তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। অপরাধটা কী, তিনি বুঝে উঠতে পারেননি। এখানেও লেখককে প্রমাণ করতে হচ্ছে, নিজের লেখা তিনি নিজেই লিখেছেন। আর যন্ত্রের সন্দেহকে প্রকাশনার বাজার কতটা গুরুত্ব দেবে, তার উপর নির্ভর করছে তাঁর ভবিষ্যৎ।
কাফকার আমলে এই ব্যবস্থাটা কল্পনা করতে উপন্যাস লিখতে হত। আমাদের আমলে একটা সফটওয়্যার তৈরি করলেই চলছে।
আর এই নতুন সাহিত্য-বিচারব্যবস্থার গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের নাম Pangram।
সাহিত্যজগতে নতুন দারোয়ানের আবির্ভাব
Pangram একটি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান। তাদের ব্যবসা মূলত AI detection, অর্থাৎ কোনও লেখা মানুষের তৈরি, কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি, নাকি দুটোর মিশ্রণ, তা শনাক্ত করার সফটওয়্যার।
প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ম্যাক্স স্পেরো এবং ব্র্যাডলি এমি। এঁরা এমন একটি প্রযুক্তি তৈরি করেছেন, যার সাহায্যে লিখিত ভাষার বিভিন্ন পরিসংখ্যানগত বৈশিষ্ট্য পরীক্ষা করে সম্ভাব্য উৎস সম্পর্কে ধারণা পাওয়া যায়।
উদ্দেশ্যটি নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে আজকাল যে বিপুল পরিমাণ লেখা তৈরি হচ্ছে, তার মধ্যে মানুষের চিন্তা, শ্রম ও সৃজনশীলতার অবদান কতখানি, সে প্রশ্ন তোলার যথেষ্ট কারণ আছে।
ধরুন, একটি সাহিত্যপত্রিকা প্রতি মাসে পাঁচশো গল্প পাচ্ছে। তার মধ্যে একশোটি যদি কেউ ChatGPT দিয়ে লিখিয়ে নিজের নামে পাঠিয়ে দেয়, সম্পাদক বিপদে পড়বেন। আবার একজন সাংবাদিক যদি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সাক্ষাৎকার তৈরি করে এমন একজন বিশেষজ্ঞের উদ্ধৃতি বসিয়ে দেন, যাঁর অস্তিত্বই নেই, সেটাও ভয়ংকর ব্যাপার।
এসব আটকানোর প্রয়োজন রয়েছে।
কিন্তু অসুবিধা শুরু হচ্ছে, যখন কোনও সফটওয়্যারের অনুমানকে লেখকের বিরুদ্ধে প্রমাণ হিসেবে ব্যবহার করা হচ্ছে। তার সঙ্গে প্রকাশকের অর্থনৈতিক স্বার্থ, লেখকের পেশাগত ভবিষ্যৎ এবং প্রযুক্তি প্রতিষ্ঠানের ব্যবসায়িক পরিকল্পনা একসঙ্গে জড়িয়ে পড়ছে।
Pangram ক্রমশ প্রকাশনা শিল্পের একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি সরবরাহকারী হয়ে উঠেছে। তাদের সফটওয়্যার এখন বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবহার করছে। সাহিত্য এজেন্ট, সম্পাদক, সাংবাদিক, অনলাইন প্রকাশনা সংস্থা, নানা জায়গায় AI শনাক্তকরণের প্রশ্ন উঠলেই Pangram-এর নাম শোনা যাচ্ছে।
এখানে একটা বিপদ রয়েছে। যে প্রতিষ্ঠান লেখকের কাজ পরীক্ষা করার যন্ত্র বিক্রি করছে, সেই প্রতিষ্ঠানের বাজার যত বড় হবে, পরীক্ষা করানোর প্রয়োজনীয়তাও তত বেশি প্রতিষ্ঠিত হবে।
অর্থনীতির এই জায়গাটা বেশ মজার।
আপনার বাড়ির সামনে যদি একজন তালা বিক্রেতা এসে বলেন, আপনার বাড়িতে চুরি হতে পারে, একটা তালা কিনুন, আপনি কিনতেই পারেন। তিনি যদি বলেন, আপনার পাড়ার প্রত্যেকটি বাড়িতে চুরির ভয় আছে, প্রত্যেককে তালা কিনতে হবে, তখন তাঁর ব্যবসা আরও বাড়বে।
এবার তিনি যদি পাড়ার নিরাপত্তা কমিটির প্রধান উপদেষ্টা হয়ে বসেন, এবং কমিটি ঘোষণা করে, ওই নির্দিষ্ট কোম্পানির তালা ছাড়া কোনও বাড়িকে নিরাপদ বলে ধরা হবে না, তাহলে ব্যাপারটা অন্যদিকে গড়াবে।
কারণ তখন তালা বিক্রেতা ক্রমশ নিরাপত্তার সংজ্ঞাটিও নির্ধারণ করছেন।
Pangram-কে ঘিরে প্রকাশনা শিল্পে যে বিতর্ক তৈরি হয়েছে, তার গোড়ায় এই প্রশ্নটাই রয়েছে।
প্রকাশকের সভায় প্রযুক্তির রাজ্যাভিষেক
২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর আমেরিকার Association of American Literary Agents-এর আয়োজনে একটি সম্মেলন হয়েছিল। নাম People of Publishing Conference।
সেখানে সাহিত্য এজেন্ট, সম্পাদক এবং প্রকাশনার সঙ্গে যুক্ত পেশাদার মানুষেরা উপস্থিত ছিলেন। AI, লেখকের অধিকার এবং লেখার প্রকৃত উৎস শনাক্ত করার বিষয় নিয়ে একটি আলোচনাও হয়। প্যানেলের নাম ছিল Who Wrote This? AI, Authorship and the New Trust Test।
নামটা চমৎকার। কে লিখেছে?
আজকাল এই প্রশ্নটার উত্তর দিতে লেখকের জন্মসনদ, হাতের লেখা, স্কুলের পরীক্ষার খাতা, পূর্বপুরুষের সাহিত্যচর্চার ইতিহাস, সবকিছুই হয়তো লাগতে পারে।
ওই আলোচনায় Pangram-এর প্রধান প্রযুক্তি কর্মকর্তা ব্র্যাডলি এমি ছিলেন। সঙ্গে ছিলেন সাহিত্য এজেন্ট টড শুস্টার, আইনবিদ জেন গিন্সবার্গ এবং লেখকদের AI-সংক্রান্ত অধিকার ব্যবস্থাপনার প্রতিষ্ঠান Created by Humans-এর ম্যাথিউ মুর। আলোচনাটি পরিচালনা করেন ব্রায়ান ওয়ালশ।
Pangram ওই সম্মেলনের অন্যতম স্পনসরও ছিল।
এখানে একটু থামা যাক।
আপনি একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্মকর্তা। আপনার তৈরি সফটওয়্যার বিক্রি করতে চান প্রকাশনা সংস্থার কাছে। প্রকাশনা শিল্পের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একটি সম্মেলনে আপনাকে বক্তৃতা করার সুযোগ দেওয়া হল। আপনার সফটওয়্যারের কার্যকারিতা নিয়ে আপনি বললেন। শ্রোতারা শুনলেন। তাঁদের কেউ কেউ আপনার প্রতিষ্ঠানেই অ্যাকাউন্ট খুলে ফেললেন।
বিজ্ঞাপনের পক্ষে এর চেয়ে সুবিধাজনক পরিস্থিতি খুব বেশি পাওয়া যায় না।
লেখক আন্দ্রেয়া বার্টজ ওই সম্মেলনে উপস্থিত ছিলেন। ২ অক্টোবর তাঁর প্রকাশিত একটি নিবন্ধে তিনি উদ্বেগ প্রকাশ করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, আলোচনাটি শুনে মনে হয়েছিল Pangram-এর প্রযুক্তিকে যথেষ্ট সমালোচনামূলক পরীক্ষা ছাড়াই প্রকাশনা জগতের কাছে গ্রহণযোগ্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে।
সম্মেলনে ব্র্যাডলি এমি জানিয়েছিলেন, তাঁদের তৎকালীন মডেলের false positive rate প্রায় ২৪ হাজারে একটি।
অর্থাৎ, কোম্পানির পরীক্ষার পরিসংখ্যান অনুযায়ী, মানুষের লেখা ভুল করে AI-এর লেখা হিসেবে শনাক্ত হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম।
সংখ্যাটা শুনে স্বস্তি পাওয়া স্বাভাবিক। এক লক্ষ লেখার মধ্যে মাত্র কয়েকটি ভুল!
সম্মেলনে উপস্থিত সাহিত্য এজেন্ট টড শুস্টার Pangram-এর প্রতি নিজের আস্থার কথা জানান। আন্দ্রেয়া বার্টজের বিবরণ অনুযায়ী, তিনি কোম্পানির সঙ্গে নিজের আর্থিক সম্পর্কও প্রকাশ করেছিলেন।
পরবর্তীকালে WIRED-এর প্রতিবেদনে জানা যায়, শুস্টার Pangram-এর পরামর্শক হিসেবেও কাজ করেছেন। তাঁর সঙ্গী কম্পিউটারবিজ্ঞানী তুহিন চক্রবর্তী Pangram-এর সহপ্রতিষ্ঠাতা ম্যাক্স স্পেরোর ঘনিষ্ঠ এবং গবেষণার কাজে প্রতিষ্ঠানটির প্রযুক্তিগত সহায়তা পেয়েছেন।
এই সম্পর্কগুলো নিজে থেকে কোনও অসদাচরণের প্রমাণ দেয় না। প্রযুক্তি প্রতিষ্ঠান, গবেষক, প্রকাশক এবং এজেন্টের মধ্যে সহযোগিতা স্বাভাবিক ঘটনা। কিন্তু যাঁদের পেশাগত সিদ্ধান্তে একটি প্রযুক্তির ব্যবহার বাড়বে, তাঁদের সঙ্গে সেই প্রযুক্তি বিক্রেতার আর্থিক সম্পর্ক থাকলে স্বার্থের সংঘাত নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক।
বিশেষত, সেই সিদ্ধান্তে যাঁদের জীবন সবচেয়ে বেশি প্রভাবিত হবে, অর্থাৎ লেখকদের, তাঁদের বক্তব্য শোনার যথেষ্ট সুযোগ না থাকলে।
বার্টজ জানান, ওই আলোচনায় শ্রোতাদের প্রশ্ন করার পর্যাপ্ত সুযোগ ছিল না। পরে সম্মেলনের সংশ্লিষ্ট কমিটির কাছে উত্তর না-পাওয়া প্রশ্নগুলো পাঠানোর ব্যবস্থা হয়।
কথাটা সামান্য মনে হতে পারে।
কিন্তু প্রকাশনা শিল্পের এক সভায় লেখকত্বের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হচ্ছে, আর লেখকই সেখানে কার্যত অনুপস্থিত।
এমন অবস্থায় রবীন্দ্রনাথের সেই বিখ্যাত প্রশ্নের কথা মনে পড়ে, সভ্যতা কাকে বলে? অবশ্য এখানে সভ্যতার সংকটের সঙ্গে সফটওয়্যারের সাবস্ক্রিপশন ফি-ও জড়িত। ফলে প্রশ্নটার উত্তর আরও জটিল।
৭৮ শতাংশ, ৯৭ শতাংশ এবং তিনজন লেখকের বিপর্যয়
এই বিতর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক বোঝার জন্য তিনজন লেখকের অভিজ্ঞতার দিকে তাকানো দরকার।
প্রথমজন মিয়া ব্যালার্ড।
তাঁর উপন্যাস Shy Girl প্রকাশের কথা ছিল Hachette Book Group থেকে। বইটি নিয়ে AI ব্যবহারের অভিযোগ ওঠে। Pangram-এর একটি পরীক্ষায় উপন্যাসটির ৭৮.৩ শতাংশ লেখা AI-নির্মিত বলে শনাক্ত হয়।
ব্যালার্ড অভিযোগ অস্বীকার করেন। তিনি নিজে AI দিয়ে উপন্যাস লেখেননি বলে দাবি করেন, যদিও সম্পাদনা প্রক্রিয়ায় তাঁর অজ্ঞাতে AI ব্যবহার হয়ে থাকতে পারে বলেও সম্ভাবনা প্রকাশ করেছেন।
প্রকাশক ২০২৬ সালের মার্চে বইটির প্রকাশনা বাতিল করেন।
তারপর যা ঘটে, সেটা কোনও সফটওয়্যারের প্রতিবেদনের সংখ্যায় ধরা পড়বে না।
ব্যালার্ডের ব্যক্তিগত জীবন বিপর্যস্ত হয়ে যায়। অনলাইনে তাঁকে বর্ণবাদী আক্রমণ করা হয়। মানসিক স্বাস্থ্যের গুরুতর সমস্যার মুখোমুখি হন তিনি। Bloomberg-এ প্রকাশিত তাঁর অভিজ্ঞতার বিবরণ পড়লে বোঝা যায়, একটি লেখার প্রকৃত উৎস নিয়ে তৈরি বিতর্ক কীভাবে একজন মানুষের সমগ্র জীবনকে আঘাত করতে পারে।
পরে তিনি Poly নামে আরেকটি বই লেখেন।
এই বইটির প্রথম অধ্যায় তিনি হাতে লিখেছিলেন বলে জানিয়েছেন। কাগজে কলম দিয়ে। একেবারে পুরনো পদ্ধতিতে। যে পদ্ধতিতে বঙ্কিমচন্দ্র লিখতেন, শরৎচন্দ্র লিখতেন, রবীন্দ্রনাথ লিখতেন। লেখার টেবিলে বসে কলম চালানোর মধ্যে প্রযুক্তিগত ষড়যন্ত্রের সুযোগ খুব একটা নেই।
অথচ সেই অধ্যায় পরীক্ষা করেও Pangram-এর ফলাফলে AI-সংশ্লিষ্ট লেখার অত্যন্ত উচ্চ মাত্রার সংকেত পাওয়া যায়। প্রতিবেদনে শতভাগ AI-উৎপন্ন লেখা মানুষের দ্বারা পুনর্লিখিত হওয়ার শনাক্তকরণের কথাও উঠে এসেছে।
এখানে দুটো ব্যাপার মনে রাখতে হবে। ব্যালার্ডের নিজের দাবি এবং যন্ত্রের ফলাফলের মধ্যে বিরোধ রয়েছে। তাঁর হাতে লেখার বিবরণও স্বাধীনভাবে প্রমাণিত চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে ধরে নেওয়ার সুযোগ নেই।
কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে। কোনও লেখক যখন নিজের লেখার ইতিহাস দেখাতে চাইছেন, আর একটি সফটওয়্যার তাঁর লেখার উৎস সম্পর্কে সম্পূর্ণ বিপরীত সিদ্ধান্ত দিচ্ছে, তখন সত্য নির্ধারণের দায়িত্ব কার?
দ্বিতীয়জন জেরি ফালাদে।
নাইজেরীয় বংশোদ্ভূত এই লেখকের প্রথম উপন্যাস Call Me, I’ll Hide the Body প্রকাশের আগেই বিরাট আলোড়ন তৈরি করেছিল। চোদ্দোটি প্রকাশনা প্রতিষ্ঠান বইটির স্বত্ব কেনার প্রতিযোগিতায় অংশ নেয়। আমেরিকান প্রকাশনা-স্বত্বের জন্য বিশ লক্ষ ডলারের বেশি মূল্যের প্রস্তাব আসে।
একজন নবীন লেখকের পক্ষে এ এক অভাবনীয় সাফল্য।
প্রকাশকেরা তাঁর ভাষার প্রশংসা করছিলেন। উপন্যাসের নিজস্ব স্বর, ব্যঙ্গ, রসিকতা, বর্ণনাভঙ্গি, সবকিছুই তাঁদের আকৃষ্ট করেছিল।
তারপর AI ব্যবহারের অভিযোগ ওঠে। তাঁর সাহিত্য এজেন্সি উপন্যাসটি প্রকাশকদের বিবেচনা থেকে প্রত্যাহার করে নেয়।
এজেন্টদের বক্তব্য ছিল, পাণ্ডুলিপিটি কীভাবে তৈরি হয়েছে, সে বিষয়ে তাঁরা আর যথেষ্ট নিশ্চয়তা দিতে পারছেন না। তাঁদের দাবি অনুযায়ী, লেখকের সঙ্গে আলোচনায় পাওয়া তথ্য নিয়েও প্রশ্ন তৈরি হয়েছিল।
অন্যদিকে ফালাদে দাবি করেন, উপন্যাসটি তিনি নিজেই লিখেছেন। তাঁর কাছে বহু পুরনো খসড়া, নোট, লেখার প্রক্রিয়ার বিভিন্ন প্রমাণ রয়েছে।
Pangram-এর একটি পরীক্ষায় তাঁর উপন্যাসের প্রায় ৯৭ শতাংশ AI-সংশ্লিষ্ট বলে শনাক্ত হয়েছিল। এই ফলাফল বিতর্কটিকে আরও তীব্র করে। তবে শুধু ওই স্কোরের কারণেই এজেন্ট চুক্তি প্রত্যাহার করেছিলেন, এমন সরল কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠিত হয়নি। অভিযোগ, লেখকের সঙ্গে আলোচনা এবং পাণ্ডুলিপি তৈরির ইতিহাস নিয়ে বিরোধ, সবই ঘটনাটির অংশ।
ফালাদে একটি স্থানীয়ভাবে চালানো ভাষা-মডেল গবেষণার কাজে ব্যবহারের কথাও স্বীকার করেছেন। তাঁর উপন্যাসের একটি চরিত্র রসায়নের ছাত্র। অপরাধসংক্রান্ত কিছু প্রযুক্তিগত প্রশ্ন, রাসায়নিক প্রক্রিয়া, পরিমাপের একক বদলানো ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহের জন্য তিনি AI ব্যবহার করেছিলেন বলে জানিয়েছেন।
এতে আরেকটি প্রশ্ন এসে হাজির হয়।
একজন অপরাধকাহিনির লেখক যদি বিষবিদ্যা সম্পর্কে একটি বই পড়েন, সেটা গবেষণা। যদি একজন রসায়নবিদকে প্রশ্ন করেন, সেটাও গবেষণা। কিন্তু একই ধরনের প্রশ্ন কোনও ভাষা-মডেলকে করলে সেটাকে প্রকাশক কীভাবে দেখবেন?
গবেষণার সঙ্গে লেখার সম্পর্ক কতটা? লেখক তাঁর উপন্যাসের কাহিনি, চরিত্র, বাক্য, সংলাপ নিজে তৈরি করলে, তথ্য অনুসন্ধানের জন্য প্রযুক্তি ব্যবহার করা কতখানি গ্রহণযোগ্য?
এই প্রশ্নের উত্তর প্রকাশনা প্রতিষ্ঠান এবং লেখকের মধ্যে আগেই পরিষ্কার হওয়া দরকার। কারণ লেখার ক্ষেত্রে AI ব্যবহার একটিমাত্র নির্দিষ্ট কাজ বোঝায় না।
তৃতীয়জন এইচ এম উলফ।
তাঁর Daggermouth উপন্যাসটি নিয়েও AI ব্যবহারের অভিযোগ ওঠে। The Atlantic-এ প্রকাশিত একটি প্রতিবেদনে Pangram-এর বিশ্লেষণের উল্লেখ করা হয়। বইটির প্রায় ৬০ শতাংশ অংশকে AI-নির্মিত বা মাঝারি মাত্রায় AI-সহায়তাপ্রাপ্ত হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছিল।
গবেষকেরা বইটির কিছু অস্বাভাবিক বাক্যবন্ধের সঙ্গে অন্যান্য সন্দেহভাজন AI-নির্মিত বইয়ের বাক্যের মিলও খুঁজে পান। ফলে এই ক্ষেত্রে অভিযোগের পেছনে যন্ত্রের স্কোর ছাড়াও কিছু ভাষাগত প্রমাণ উপস্থাপন করা হয়।
উলফ অভিযোগ অস্বীকার করেন। তাঁর প্রকাশকও বইটির পাশে দাঁড়ান।
এখানে একটা সতর্কতা জরুরি। তিনজন লেখকের অভিজ্ঞতা পাশাপাশি রাখলেই তিনটি অভিযোগ সমানভাবে ভিত্তিহীন বলে প্রমাণিত হয় না। প্রত্যেকটির তথ্য, পরিস্থিতি এবং প্রমাণ আলাদা। গবেষকদের উত্থাপিত প্রশ্নও পরীক্ষা করা দরকার।
তবু তিনটি ঘটনার একটি সাধারণ বৈশিষ্ট্য রয়েছে। সফটওয়্যারের স্কোর প্রকাশ্যে আসার পর লেখকের পরিচিতি, বিশ্বাসযোগ্যতা এবং পেশাগত সম্ভাবনা দ্রুত বিতর্কের বিষয় হয়ে উঠেছে।
যন্ত্রের কয়েকটি সংখ্যা এখন সাহিত্যজগতের মানুষের সামাজিক মর্যাদার উপর প্রভাব ফেলতে পারছে।
এটাই উদ্বেগের জায়গা।
ইয়োরুবা ভাষায় লেখা কেন সন্দেহজনক হয়ে উঠল?
জেরি ফালাদের ঘটনা নিয়ে একটু বিশদে আলোচনা করা দরকার। কারণ এখানে সাহিত্যের সঙ্গে ভাষা, সংস্কৃতি এবং ক্ষমতার সম্পর্ক সরাসরি যুক্ত।
ফালাদের মাতৃভাষা ইয়োরুবা। পশ্চিম আফ্রিকার এই ভাষার মৌখিক সাহিত্য ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। প্রবাদ, উপমা, রূপক, পুনরুক্তি, ছন্দোময় বাক্যগঠন, তীক্ষ্ণ রসিকতা এবং বুদ্ধিদীপ্ত বিদ্রূপ তার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
ফালাদে তাঁর নিজের লেখার অভিজ্ঞতা নিয়ে একটি প্রবন্ধ লিখেছেন। সেখানে তিনি জানিয়েছেন, ইয়োরুবা ভাষার বর্ণনাভঙ্গি তাঁর ইংরেজি গদ্যকে গভীরভাবে প্রভাবিত করেছে।
একটি বাক্যে বক্তব্য প্রতিষ্ঠা করে পরের বাক্যে তার প্রতিস্পর্ধী বক্তব্য এনে অর্থকে আরও পরিষ্কার করা, কথার মধ্যে প্রবাদ ঢুকিয়ে দেওয়া, কোনও অনুভূতিকে সমান্তরাল বাক্যের সাহায্যে প্রকাশ করা, এইসব তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকারের অংশ।
অথচ ইংরেজি ভাষায় AI-নির্মিত লেখার লক্ষণ হিসেবে ইদানীং যেসব বৈশিষ্ট্য নিয়ে আলোচনা হয়, তার মধ্যেও এমন কিছু বাক্যগঠন রয়েছে।
ফলে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে।
যে ভাষাগত বৈশিষ্ট্যের জন্য একজন লেখক প্রকাশকের কাছে প্রশংসা পেয়েছিলেন, পরবর্তীকালে সেই ধরনের বৈশিষ্ট্যই তাঁর লেখাকে সন্দেহের মধ্যে ফেলতে পারে।
এই ব্যাপারটা বাংলা সাহিত্য দিয়ে ভাবুন।
ধরুন, একজন বাঙালি লেখক লিখলেন, ‘বৃষ্টিটা থেমেছে। কিন্তু উঠোনে জল জমে আছে। সকালের আলোয় সেই জল কাঁপছে। মনে হচ্ছে, আকাশটা রাতের বেলা নিজের কয়েকটা টুকরো ফেলে গেছে।’
এবার একটা যন্ত্র বলল, প্রকৃতির সঙ্গে অনুভূতির এই সংযোগ, সমান্তরাল বাক্য এবং নির্দিষ্ট ধরনের রূপক AI-লেখার সঙ্গে মিলে যাচ্ছে।
লেখক বললেন, আরে বাবা, আমি তো জীবনানন্দ পড়েছি!
যন্ত্র বলল, জীবনানন্দ সম্পর্কে আমার কাছে আলাদা কোনও প্রত্যয়নপত্র নেই।
লেখক এবার কী করবেন?
জীবনানন্দ বাদ দিয়ে সরকারি বিজ্ঞপ্তির ভাষায় কবিতা লিখবেন? পদ্মার বুকে চাঁদের আলো দেখে বলবেন, সংশ্লিষ্ট নদীপৃষ্ঠে নির্দিষ্ট মাত্রার আলোকপ্রতিফলন পরিলক্ষিত হয়েছে?
কিংবা ধরুন, একজন বাংলা লেখকের বাক্যগঠনে শওকত ওসমানের ব্যঙ্গ, সৈয়দ ওয়ালীউল্লাহর অন্তর্গত অস্বস্তি এবং আহমদ ছফার রাজনৈতিক বাকভঙ্গির প্রভাব রয়েছে। তাঁর লেখা একটি ইংরেজি অনুবাদে গেল। সেখানে অনুবাদক মূল ভাষার পুনরাবৃত্তি, ছন্দ এবং সাংস্কৃতিক ইঙ্গিত ধরে রাখলেন।
যন্ত্রের পক্ষে এই গদ্যের ঐতিহাসিক উৎস কতটা শনাক্ত করা সম্ভব?
এই প্রশ্নটা এখনও উন্মুক্ত।
তবে ভাষাগত পক্ষপাতের বিপদ যে কল্পিত আশঙ্কার মধ্যে সীমাবদ্ধ নেই, তার গবেষণাগত প্রমাণ রয়েছে।
২০২৩ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা দেখিয়েছিলেন, তাঁদের পরীক্ষায় ব্যবহৃত সাতটি AI detector ইংরেজি মাতৃভাষা নয় এমন ব্যক্তিদের লেখা অনেক ক্ষেত্রেই ভুল করে AI-নির্মিত হিসেবে শনাক্ত করেছে।
সেই গবেষণায় ব্যবহৃত নির্দিষ্ট পরীক্ষাগুলোর গড় false positive rate ছিল ৬১.৩ শতাংশ। অবশ্য এই গবেষণা Pangram-এর বর্তমান মডেল নিয়ে করা হয়নি। Pangram নিজস্ব পরীক্ষায় ভিন্ন ফলাফল দাবি করে।
এই পার্থক্যটি গুরুত্বপূর্ণ।
কিন্তু গবেষণার মূল প্রশ্নটি আজও প্রাসঙ্গিক। কোনও ভাষার প্রচলিত প্রকাশভঙ্গি, কোনও জনগোষ্ঠীর বাক্য নির্মাণের অভ্যাস, কোনও বিশেষ সংস্কৃতির অলংকার ও বাগধারা যদি প্রযুক্তির প্রশিক্ষণ উপকরণে যথেষ্ট প্রতিনিধিত্ব না পায়, তাহলে অস্বাভাবিক লেখাকে সন্দেহজনক বলে চিহ্নিত করার ঝুঁকি থাকে।
সাহিত্যের ইতিহাসে অস্বাভাবিক ভাষার মূল্য কম নয়।
জেমস জয়েস Ulysses লিখলেন। প্রচলিত বাক্যের ছক ভাঙলেন। Finnegans Wake-এ গিয়ে ভাষাকে এমনভাবে ভাঙলেন, জোড়া লাগালেন, নতুন শব্দ তৈরি করলেন যে পাঠকের কাছে অভিধানও মাঝে মাঝে আত্মসমর্পণ করে।
এখন যদি জয়েসকে বলা হত, আপনার ভাষায় অত্যধিক neologism আছে, বাক্যগঠন অপ্রচলিত, শব্দের উৎস সন্দেহজনক, আপনার পাণ্ডুলিপি সফটওয়্যারে পাস করছে না, তাহলে কী হত?
জয়েস হয়তো আরও একটা নতুন শব্দ বানিয়ে উত্তর দিতেন।
যন্ত্র সেটাকেও সন্দেহজনক বলত।
সাহিত্যের কাজের মধ্যে ভাষার প্রচলিত ব্যবহারকে অতিক্রম করার একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। নতুন ভাষা, নতুন বাক্য, নতুন বর্ণনাভঙ্গি নিয়ে পরীক্ষানিরীক্ষা করেছেন বহু লেখক। সেই পরীক্ষানিরীক্ষার ফলেই সাহিত্য বিকশিত হয়েছে।
একটি AI detector যদি লেখার অস্বাভাবিকতাকে সন্দেহের কারণ হিসেবে ব্যবহার করে, আর প্রকাশক যদি সেই সন্দেহকে প্রশ্নহীনভাবে গ্রহণ করেন, তাহলে লেখক নিজের ভাষার স্বাতন্ত্র্য বজায় রাখতে ভয় পেতে পারেন।
এর ফল অনেক দূর পর্যন্ত যেতে পারে।
Pangram আসলে কীভাবে কাজ করে?
এবার একটু প্রযুক্তির কথায় আসা যাক।
Pangram যে পদ্ধতি ব্যবহার করে, তার একটি গুরুত্বপূর্ণ অংশের নাম synthetic mirroring।
ব্যাপারটা মোটামুটি এইরকম।
প্রথমে মানুষের লেখা প্রচুর পাঠ্য সংগ্রহ করা হয়। তারপর কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সেই ধরনের পাঠ্যের কাছাকাছি কৃত্রিম উদাহরণ তৈরি করা হয়। বিষয়, দৈর্ঘ্য, ভঙ্গি, ভাষার ধরন ইত্যাদিতে মিল রেখে মানুষের লেখা ও যন্ত্রের তৈরি লেখার দুটি শ্রেণি নির্মাণ করা হয়।
এই জোড়া উদাহরণ দিয়ে একটি classification model-কে প্রশিক্ষণ দেওয়া হয়। মডেলটি শেখে, মানুষের তৈরি লেখায় সাধারণত কী ধরনের পরিসংখ্যানগত বৈশিষ্ট্য দেখা যায়, আর ভাষা-মডেলের তৈরি লেখায় কী ধরনের বৈশিষ্ট্য দেখা যায়।
পরে নতুন লেখা দিলে প্রশিক্ষিত মডেল সেই লেখার বিভিন্ন অংশ পরীক্ষা করে সম্ভাব্য শ্রেণি নির্ধারণ করে।
এখানে একটি প্রযুক্তিগত বিষয় পরিষ্কার রাখা দরকার। Pangram প্রতিবার আপনার নতুন পাণ্ডুলিপির একটি AI-নকল তৈরি করে সেটির সঙ্গে সরাসরি তুলনা করেই সিদ্ধান্ত দেয়, এমন বর্ণনা যথাযথ হবে না। synthetic mirroring মূলত প্রশিক্ষণ-পদ্ধতির অংশ। ব্যবহারের সময় প্রশিক্ষিত classifier নতুন লেখার বৈশিষ্ট্য পরীক্ষা করে।
২০২৬ সালের ২৯ জুলাই Pangram 4 প্রকাশিত হয়। প্রতিষ্ঠানটি দাবি করেছিল, তাদের নিজস্ব পরীক্ষায় মডেলটি মানুষের লেখা ভুল করে AI-নির্মিত হিসেবে শনাক্ত করেছে মাত্র ০.০০৪১ শতাংশ ক্ষেত্রে। প্রায় ২৪ হাজারে একটি ভুল।
তারা আরও দাবি করে, পরীক্ষায় সম্পূর্ণ AI-নির্মিত লেখার ৯৯.৬৬ শতাংশ সঠিকভাবে শনাক্ত করা সম্ভব হয়েছে।
এই পরিসংখ্যান খুবই আশাব্যঞ্জক।
কিন্তু অক্টোবরের ১৯ তারিখে Pangram 4.1 প্রকাশের সময় কোম্পানিটি পরীক্ষার তথ্যভান্ডার আরও পরিশোধিত করে। নতুন পরীক্ষায় প্রায় ৭ লক্ষ ৮২ হাজার মানুষের লেখা ইংরেজি নমুনার মধ্যে ৭০টি ভুল শনাক্ত হয়। অর্থাৎ false positive rate দাঁড়ায় ০.০০৯ শতাংশ, প্রায় ১১ হাজারে একটি।
এখানে আগের মডেলের সঙ্গে নতুন মডেলের সংখ্যার সরাসরি তুলনা করে প্রযুক্তি খারাপ হয়েছে বলা যাবে না। পরীক্ষার উপকরণ ও পদ্ধতিও পরিবর্তিত হয়েছে।
কিন্তু একটা শিক্ষা পাওয়া যায়।
কোনও প্রতিষ্ঠানের প্রকাশিত নির্ভুলতার সংখ্যা একটি নির্দিষ্ট পরীক্ষার পরিবেশ, নির্দিষ্ট নমুনা এবং নির্দিষ্ট মূল্যায়ন-পদ্ধতির সঙ্গে যুক্ত।
সেই সংখ্যা পৃথিবীর সমস্ত লেখার জন্য অব্যর্থ সত্য হয়ে যায় না।
ধরুন, একটি যন্ত্রকে এক লক্ষ মানুষের হাতের লেখা দেখানো হল। তার মধ্যে দশজনের লেখাকে ভুল করে অন্য কারও লেখা বলে শনাক্ত করল। এবার সেই যন্ত্রকে এমন এক ব্যক্তির হাতের লেখা পরীক্ষা করতে দেওয়া হল, যিনি বাঁ হাতে লেখেন, ডান হাতে লেখেন, কখনও বাংলা, কখনও ইংরেজি, কখনও কবিতা, কখনও প্রেসক্রিপশনের মতো দুর্বোধ্য নোট লেখেন।
আগের পরীক্ষার সংখ্যা দিয়ে এই নতুন পরিস্থিতিতে যন্ত্র কতখানি নির্ভরযোগ্য হবে, তার পূর্ণ নিশ্চয়তা পাওয়া যায় না।
আরেকটি সমস্যা হচ্ছে, ফলাফলের সংখ্যার অর্থ বোঝা।
একটি লেখার ৮০ শতাংশ অংশকে AI-নির্মিত হিসেবে চিহ্নিত করা এবং লেখাটি AI দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৮০ শতাংশ, এই দুটি পরিসংখ্যানগত বক্তব্যের অর্থ আলাদা।
Pangram 4-এর প্রযুক্তিগত বিবরণ অনুযায়ী, তার ডকুমেন্ট-স্তরের কিছু স্কোর লেখার কতখানি অংশ কোন শ্রেণিতে পড়ছে, সেই হিসাব প্রকাশ করে। সেগুলো লেখকের অপরাধী হওয়ার সম্ভাবনা, কিংবা লেখক মিথ্যা বলছেন এমন কোনও প্রমাণ নয়।
তবু জনসমক্ষে যখন বলা হয়, অমুক বই ৯৭ শতাংশ AI, অধিকাংশ মানুষের কাছে সেটি প্রায় অপরাধের রায় হিসেবে পৌঁছায়।
সংখ্যার একটা অদ্ভুত সামাজিক ক্ষমতা রয়েছে।



