I wish good essays could pay rent on their own. Until they learn how, paid subscriptions keep this publication alive.
চলুন, রোমের এক ভদ্রলোকের দুই হাজার বছরের পুরোনো এক গল্প দিয়ে শুরু করা যাক। কাহিনিটি প্রাচীন হলেও শুনলে মনে হবে যেন আমাদের এ আমলেরই ঘটনা! সে যুগে ফেসবুক, গুগল কিংবা চ্যাটজিপিটির মতো প্রযুক্তি ছিল না; যদি থাকত, তবে তিনি ঠিক কী কাণ্ড ঘটিয়ে বসতেন—সে কথা কল্পনা করলেই আমার হাসি পায়
ভদ্রলোকের নাম ক্যালভিসিয়াস সাবিনাস। পয়সাকড়ির অভাব নেই। রোমের উচ্চবিত্ত সমাজে ওঠাবসা, বাড়িতে দাসদাসী, খানাপিনা, অতিথি আপ্যায়ন, সব মিলিয়ে বেশ একটা এলাহি ব্যাপার। কিন্তু একটা জায়গায় ভারী মুশকিল। ভদ্রলোকের বিদ্যেবুদ্ধি বিশেষ সুবিধের নয়। স্মৃতিশক্তির অবস্থা আরও করুণ। গ্রিক মহাকাব্যের অ্যাকিলিস, ওডিসিউস কিংবা প্রিয়ামের মতো বিখ্যাত চরিত্রের নামও মাঝে মাঝে ভুলে যান। অথচ তাঁর প্রবল ইচ্ছা, লোকে তাঁকে একজন বিদ্বান মানুষ বলে জানুক। বিশেষ করে নৈশভোজের আসরে যখন রোমের শিক্ষিত ভদ্রলোকেরা হোমার, হেসিয়ড, পিন্ডার, স্যাফো নিয়ে আলোচনা করবেন, তখন তিনিও দু-চারটে কথা বলে সবাইকে তাক লাগিয়ে দেবেন।
এখন সমস্যা হচ্ছে, তাক লাগানোর জন্য প্রথমে নিজের মাথায় কিছু মালমশলা থাকা দরকার। সেই মালমশলা সংগ্রহ করতে হয় পড়াশোনা করে। হোমারের ইলিয়াড আর ওডিসি পড়তে হয়। হেসিয়ডের কবিতা পড়তে হয়। স্যাফোর প্রেমের কবিতা বুঝতে হয়। পিন্ডারের স্তোত্র পড়ে তার অর্থ নিয়ে ভাবতে হয়। এসবের জন্য সময় লাগে, ধৈর্য লাগে, মনোযোগ লাগে। কোথাও বুঝতে অসুবিধা হলে আবার পড়তে হয়। কোনো কোনো পঙ্ক্তি প্রথমবার পড়ে বোঝা যায়, কোনোটা দশবার পড়েও মাথায় ঢোকে না। সাবিনাসের এত ঝামেলা পছন্দ হল না।
তিনি মনে মনে হিসাব করলেন, পয়সা যখন আছে, তখন এত খাটাখাটনি করার দরকার কী? বিদ্যাও নিশ্চয় পয়সা দিয়ে কেনা যায়!
ব্যস, সমাধান বেরিয়ে গেল।
তিনি একদল শিক্ষিত দাস কিনে ফেললেন। একজনের কাজ হোমারের রচনা মুখস্থ রাখা। আরেকজনের হেসিয়ড। গ্রিসের নয়জন বিখ্যাত গীতিকবির জন্য আরও নয়জন। তাঁদের মধ্যে স্যাফো আছেন, পিন্ডার আছেন, সিমোনিদেস আছেন। একেকজন দাসের মাথায় একেকজন কবির আস্ত সাহিত্যভাণ্ডার।
দাসগুলো সংগ্রহ করতে তাঁর প্রচুর টাকা খরচ হল। সেনেকার বিবরণ অনুযায়ী, একজনের পেছনেই খরচ পড়েছিল এক লক্ষ সেস্টার্সেস। রোমান মুদ্রায় বিরাট অঙ্ক। এত পয়সা দিয়েও তৈরি লোক সব সময় পাওয়া যেত না। তখন লোক কিনে তাকে আলাদাভাবে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতেন।
ভাবুন একবার! একজন মানুষ হোমার মুখস্থ করছেন, আরেকজন স্যাফো, অন্যজন পিন্ডার। অথচ যাঁর টাকায় এই বিদ্যার আয়োজন, তাঁর নিজের মাথায় হোমারের নায়কদের নামও ঠিকমতো থাকে না।
একদিন এক নৈশভোজের আসরে অতিথিরা এলেন, মদ পরিবেশন হল, রুপোর থালায় খাবার সাজানো হল। আলোচনা উঠল গ্রিক সাহিত্য নিয়ে। সাবিনাস গম্ভীর মুখে বসে আছেন। পাশেই তাঁর শিক্ষিত দাসেরা। কোনো কবির প্রসঙ্গ উঠলেই নির্দিষ্ট দাসটির কাছে পঙ্ক্তি চেয়ে নেন। তারপর নিজের মুখে সেটা বলার চেষ্টা করেন। মাঝেমধ্যে আবার অর্ধেক শব্দ বলেই থেমে যান। বাকিটা মনে থাকে না।
অতিথিরা বুঝতে পারেন ভদ্রলোকের বিদ্যার বহর। কিন্তু ভদ্রলোক নিজে ভারী খুশি। তাঁর ধারণা, নিজের বাড়ির লোকেরা যা জানে, তিনিও তা জানেন। বাড়িতে একজন হোমার জানে, কাজেই তিনিও হোমার জানেন। আরেকজন হেসিয়ড জানে, কাজেই হেসিয়ডও তাঁর জানা। এগারোজন শিক্ষিত দাসের মালিক হওয়ার সুবাদে তিনি নিজেকে এগারোজনের সমান বিদ্বান ভাবতে আরম্ভ করলেন।
এইখানে একটা কথা বলে রাখি। সেই রোমান সমাজে মানুষকে সম্পত্তি হিসেবে কেনাবেচা করা হত। দাসদের ব্যক্তিগত স্বাধীনতা ছিল না। অথচ তাঁদের অনেকেই ছিলেন শিক্ষিত, দক্ষ এবং জ্ঞানী। সাবিনাসের গল্পে এই সামাজিক নিষ্ঠুরতার সঙ্গে একটা অদ্ভুত পরিহাসও আছে। যাঁদের মানুষ হিসেবে স্বাধীনতা দেওয়া হয়নি, তাঁদের মস্তিষ্কের ওপর নির্ভর করেই স্বাধীন মালিকটি নিজের বিদ্যার গৌরব প্রতিষ্ঠা করতে চাইছেন।
যাই হোক, সাবিনাসের এক পরিচিত ব্যক্তি ছিলেন, নাম স্যাটেলিয়াস কোয়াড্রাটাস। লোকটি বেশ রসিক। ধনীদের তোষামোদ করতেন, আবার সুযোগ বুঝে তাঁদের নিয়ে ঠাট্টাও করতেন। সাবিনাস যখন বললেন, একেকজন শিক্ষিত দাস কিনতে তাঁর কত টাকা খরচ হয়েছে, কোয়াড্রাটাস বললেন, ওই টাকায় তো আরও অনেক কম খরচে বই রাখার বাক্স কেনা যেত! সাবিনাসের তাতে বিশেষ ভাবান্তর হল না।
তারপর একদিন কোয়াড্রাটাস তাঁকে বললেন, ‘আপনি কুস্তি শেখেন না কেন? বেশ ভালো ব্যায়াম হবে।’
সাবিনাস বললেন, ‘কী যে বলেন! আমার এই রোগাপটকা শরীর। কোনোরকমে বেঁচে আছি। কুস্তি করব কী করে?’
কোয়াড্রাটাস অবাক হওয়ার ভান করে বললেন, ‘ছি ছি! এসব কী বলছেন? আপনার বাড়িতে এতগুলো সুস্থসবল দাস আছে। তাদের কথা ভাবুন!’
এইখানে সেনেকার গল্প শেষ। আর আমাদের গল্প শুরু।
কারণ সাবিনাসের যে অসুখ, সেটা আজও ভালো হয়নি। বরং প্রযুক্তির কল্যাণে অসুখটা এখন অনেক বেশি ছড়িয়েছে। রোমান ভদ্রলোকের অন্তত এগারোজন দাস কিনতে বিরাট টাকা খরচ হয়েছিল। আমাদের অনেকের পকেটে এখন একটা স্মার্টফোন আছে। তার মধ্যে হাজার হাজার বই, কোটি কোটি তথ্য, অসংখ্য বক্তৃতা, বিশ্ববিদ্যালয়ের লেকচার, দর্শনের সারসংক্ষেপ, ইতিহাসের টাইমলাইন, সাহিত্য সমালোচনা, সব মজুত। আমরা দিব্যি বুক ফুলিয়ে ঘুরে বেড়াই। পকেটে বিশ্বকোষ আছে, মাথায় কী আছে, সেটা পরীক্ষা করার প্রয়োজন বোধ করি না।
আমাদের মধ্যে এক নতুন ধরনের শিক্ষিত সম্প্রদায় গড়ে উঠেছে। এঁরা বই পড়ার চেয়ে বই সম্পর্কে জানতে বেশি ভালোবাসেন। বইয়ের প্রচ্ছদ দেখেন, রিভিউ পড়েন, সারসংক্ষেপ শোনেন, পাঁচ মিনিটের ভিডিও দেখেন। তারপর সেই বইয়ের সবচেয়ে বিখ্যাত উদ্ধৃতিটি সংগ্রহ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।
ধরুন, একজন ভদ্রলোক প্রুস্ত পড়বেন বলে ঠিক করেছেন। সাত খণ্ডের In Search of Lost Time। বইয়ের নাম শুনেই তাঁর মনে হয়েছে, এত সময় নষ্ট করে হারিয়ে যাওয়া সময় খোঁজার দরকার কী! গুগলে সার্চ করলেন। পাঁচ মিনিটে গল্পটা জেনে গেলেন। তারপর একটা পোস্ট লিখলেন, ‘প্রুস্ত আমাদের শেখান স্মৃতি কীভাবে সময়কে অতিক্রম করে।’
ব্যস, প্রুস্ত শেষ।
আরেকজন জয়েসের Ulysses পড়তে চান। কিন্তু বইটা মোটা। ভাষা কঠিন। আঠারোটি পর্ব। তার ওপর এক দিনের ঘটনা নিয়ে এত পৃষ্ঠা লেখার কী দরকার, সেটাও তাঁর মাথায় ঢুকছে না। তিনি চ্যাটজিপিটিকে বললেন, ‘Explain Ulysses in ten bullet points.’
দশটা পয়েন্ট পড়ে তিনি বইটা সম্পর্কে একটা মতামতও তৈরি করে ফেললেন।
এখন তাঁকে যদি জিজ্ঞাসা করেন, লিওপোল্ড ব্লুমকে তাঁর কেমন লাগল, তখন একটু অসুবিধা হবে। কারণ ব্লুমের সঙ্গে তাঁর পরিচয়ই হয়নি। তিনি ব্লুমের জীবন সম্পর্কে তথ্য পেয়েছেন। ব্লুমের সঙ্গে একটা দিন কাটাননি।
কোনো বইয়ের মানুষদের সঙ্গে বসবাস করার একটা ব্যাপার আছে। দীর্ঘ উপন্যাস পড়তে পড়তে চরিত্রগুলো একসময় নিজের জীবনের মধ্যে ঢুকে পড়ে। তাদের ভুলভ্রান্তি নিয়ে আমরা বিরক্ত হই, তাদের জন্য দুশ্চিন্তা করি, কখনও তাদের সঙ্গে তর্ক করি। একটা চরিত্রের এমন কোনো সিদ্ধান্ত থাকতে পারে, যা আমাদের নিজেদের সিদ্ধান্ত সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করে।
এই অভিজ্ঞতা অর্জন করতে সময় লাগে। লেখক যে সময় ধরে একটা জগৎ তৈরি করেছেন, পাঠককেও তার ভেতর দিয়ে নিজের গতিতে হাঁটতে হয়।
এখন অবশ্য আমাদের সময়ের বড় সমস্যা হচ্ছে, সবাই ফলাফল চান। পদ্ধতির প্রতি বিশেষ আগ্রহ নেই। বই পড়ে জ্ঞানী হতে চান, কিন্তু পড়ার সময় নেই। শরীর ভালো রাখতে চান, কিন্তু ব্যায়ামের সময় নেই। ভালো লিখতে চান, কিন্তু প্রতিদিন লিখতে বসার ধৈর্য নেই। গভীরভাবে চিন্তা করতে চান, কিন্তু পাঁচ মিনিট নিরবচ্ছিন্ন মনোযোগ দেওয়ার অভ্যাস নেই।
এক ভদ্রলোককে কল্পনা করুন। তিনি জিমে ভর্তি হয়েছেন। দামি জুতো কিনেছেন, ব্যায়ামের পোশাক কিনেছেন, স্মার্টওয়াচ কিনেছেন। তারপর জিমের ট্রেনারকে বললেন, ‘আপনি প্রতিদিন দেড় ঘণ্টা ব্যায়াম করবেন। মাসের শেষে আমার শরীরটা যেন সুন্দর হয়ে যায়।’
ট্রেনার নিশ্চয়ই অবাক হয়ে তাকিয়ে থাকবেন।
অথচ পড়াশোনার ব্যাপারে আমরা প্রায় একই রকম আবদার করি।
শিক্ষক পড়াবেন, অ্যাপ মনে রাখবে, প্রযুক্তি বিশ্লেষণ করবে, কৃত্রিম বুদ্ধিমত্তা লিখে দেবে। আর সমস্ত যোগ্যতার মালিক হয়ে যাব আমরা।
সেনেকার সাবিনাস থাকলে নিশ্চয়ই এই ব্যবস্থা দেখে ভীষণ খুশি হতেন।
তবে প্রযুক্তির বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। একটা ভালো প্রযুক্তি আমাদের কত ঘণ্টার পরিশ্রম বাঁচাতে পারে, সেটা আমি জানি। আগে একটা তথ্য খুঁজতে লাইব্রেরির আলমারি ঘাঁটতে হত, কার্ড ক্যাটালগ দেখতে হত, এক বই থেকে আরেক বইয়ে যেতে হত। এখন মুহূর্তে তথ্য পাওয়া যায়। কোনো জটিল বিষয় বুঝতে অসুবিধা হলে ব্যাখ্যা পাওয়া যায়। অজানা ভাষার বই পড়ার সুযোগ তৈরি হয়েছে। গবেষণার কাজ সহজ হয়েছে।
কিন্তু প্রাপ্ত তথ্য নিয়ে কী করব, কোন তথ্য বিশ্বাস করব, কেন বিশ্বাস করব, কোথায় সন্দেহ করব, কোন সিদ্ধান্তে পৌঁছব, এই দায়িত্ব নিজের মস্তিষ্ককেই নিতে হবে।
প্রযুক্তি আমাদের সামনে উত্তর হাজির করতে পারে। সেই উত্তরের মানে বোঝার ক্ষমতা তৈরি হয় দীর্ঘ অনুশীলনে।
একজন শিক্ষক আপনাকে অঙ্কের সমাধান দেখাতে পারেন। আপনি তাঁর দেখানো পদ্ধতি অনুসরণ করে অঙ্কটা করতে পারেন। কিন্তু পরীক্ষার খাতায় যখন একটু অন্য ধরনের সমস্যা আসবে, তখন বোঝা যাবে আপনি সমাধান মুখস্থ করেছেন, নাকি সমস্যাটা বুঝেছেন।
দর্শনের ক্ষেত্রেও তাই। প্লেটোর নাম মুখস্থ করে, অ্যারিস্টটলের কয়েকটা উক্তি জেনে, কান্টের দর্শন সম্পর্কে দশ মিনিটের বক্তৃতা শুনে দর্শন সম্পর্কে কথাবার্তা বলা যায়। কিন্তু নিজের জীবনের একটা কঠিন নৈতিক সমস্যার সামনে দাঁড়িয়ে কীভাবে চিন্তা করবেন, সেটা আরও কঠিন ব্যাপার।
এইখানে জ্ঞান আর প্রজ্ঞার সম্পর্ক নিয়ে একটু কথা বলা দরকার।
জ্ঞান আমাদের পৃথিবী সম্পর্কে তথ্য দেয়, ব্যাখ্যা দেয়, যুক্তি তৈরি করতে সাহায্য করে। প্রজ্ঞা সেই জ্ঞানকে জীবনের নির্দিষ্ট পরিস্থিতিতে বিচারবুদ্ধির সঙ্গে ব্যবহার করার ক্ষমতা তৈরি করে। কখন কথা বলতে হবে, কখন চুপ করতে হবে, কখন প্রতিবাদ করতে হবে, কখন নিজের ভুল স্বীকার করতে হবে, কোন লড়াইয়ে নামতে হবে, কোন লড়াই থেকে সরে আসতে হবে, এসব সিদ্ধান্তের মধ্যে প্রজ্ঞার পরিচয় পাওয়া যায়।
কেউ অনেক বই পড়ে থাকলেও নিজের আচরণ সম্পর্কে অন্ধ থাকতে পারেন। আবার অল্প প্রাতিষ্ঠানিক শিক্ষার মানুষও দীর্ঘ অভিজ্ঞতা, মনোযোগ এবং বিচারবোধের সাহায্যে অনেক জটিল পরিস্থিতি সামলাতে পারেন।
এই কারণে প্রজ্ঞা অর্জনের ইতিহাস শুধু বিশ্ববিদ্যালয়, গ্রন্থাগার আর বিখ্যাত দার্শনিকদের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না।
মানুষ হাজার হাজার বছর ধরে নিজেদের ভুল থেকে শিখেছে। কৃষক শিখেছেন কখন বীজ বুনতে হয়। নাবিক শিখেছেন আকাশ দেখে আবহাওয়ার পূর্বাভাস দিতে। কারিগর শিখেছেন কোন কাঠে কেমন চাপ দিলে সেটা ভাঙবে। চিকিৎসক শিখেছেন লক্ষণ পর্যবেক্ষণ করতে। মা-বাবা শিখেছেন একই পরিবারের দুই সন্তানকে একইভাবে সামলানো যায় না। বিচারক শিখেছেন সাক্ষ্যপ্রমাণের সঙ্গে মানুষের কথাবার্তা মিলিয়ে দেখতে। এই সমস্ত শিক্ষার মধ্যে চিন্তা, অভিজ্ঞতা, মনোযোগ আর ভুল সংশোধনের দীর্ঘ ইতিহাস আছে।
সক্রেটিসের কথা এখানে মনে পড়ে। তাঁর সম্পর্কে প্রচলিত আছে, তিনি দর্শনকে আকাশ থেকে নামিয়ে মানুষের দৈনন্দিন জীবনের মধ্যে নিয়ে এসেছিলেন। এর অর্থটা বেশ গুরুত্বপূর্ণ। তাঁর আগেও মানুষ জ্ঞানচর্চা করেছে, নৈতিকতা নিয়ে ভেবেছে, প্রকৃতির রহস্য বুঝতে চেয়েছে। সক্রেটিস মানুষের নিজের বিশ্বাস, আচরণ এবং নৈতিক সিদ্ধান্তকে প্রশ্ন করার একটা বিশেষ পদ্ধতি সামনে আনলেন।
ধরুন একজন বললেন, ‘আমি একজন সৎ মানুষ।’
সক্রেটিস হয়তো জিজ্ঞাসা করতেন, ‘সততা বলতে তুমি কী বোঝো?’
লোকটি একটা উত্তর দিলেন।
আবার প্রশ্ন, ‘তোমার কথার সঙ্গে তোমার কাজের মিল আছে?’
আরেকটা উত্তর।
‘যে পরিস্থিতিতে সত্য কথা বললে তোমার নিজের ক্ষতি হবে, তখনও কি তুমি সত্য বলবে?’
এভাবে প্রশ্ন চলতে থাকলে একসময় দেখা যায়, নিজের সম্পর্কে যে ধারণাটা এতদিন একেবারে নিশ্চিত বলে মনে হচ্ছিল, তার মধ্যে অনেক ফাঁকফোকর আছে।
নিজেকে নিয়ে এই অস্বস্তিকর পরীক্ষা করার অভ্যাস প্রজ্ঞার জন্য দরকার।
আমাদের সমাজে অবশ্য প্রশ্ন করার ব্যাপারটা অনেক সময় ভালো চোখে দেখা হয় না। বিশেষ করে বড়দের প্রশ্ন করলে তাঁরা মনে করেন সম্মানহানি হয়েছে। শিক্ষককে প্রশ্ন করলে বেয়াদপি, ধর্মগুরুকে প্রশ্ন করলে অধর্ম, রাজনৈতিক নেতাকে প্রশ্ন করলে বিশ্বাসঘাতকতা। অথচ প্রশ্ন করার স্বাধীনতা ছাড়া স্বাধীন চিন্তার বিকাশ হয় কী করে?
একটা সমাজের শিক্ষার মান বোঝার জন্য শুধু পরীক্ষার ফল দেখলে হবে না। দেখতে হবে, সেই সমাজে একজন তরুণ কতটা নির্ভয়ে প্রশ্ন করতে পারেন। একজন ছাত্র তাঁর শিক্ষকের সঙ্গে দ্বিমত পোষণ করতে পারেন কি না। একজন নাগরিক নিজের প্রিয় নেতার ভুল ধরিয়ে দিতে পারেন কি না। একজন বিশ্বাসী নিজের বিশ্বাসকে যুক্তির মুখোমুখি দাঁড় করাতে পারেন কি না।
আর প্রশ্নের উত্তর দিতে না পারলে সেই সমাজ কী করে।
হেসে উড়িয়ে দেয়, ধমক দেয়, নাকি নতুন করে চিন্তা শুরু করে।
আমাদের দুর্ভাগ্য, অনেক সময় মানুষ নিজের অজ্ঞতা প্রকাশ করতে যতটা ভয় পায়, ভুল সিদ্ধান্ত নিতে ততটা ভয় পায় না।
অজ্ঞতা স্বীকার করার মধ্যে একটা অস্বস্তি আছে। বিশেষ করে সমাজে খানিকটা প্রতিষ্ঠিত হয়ে গেলে।
একজন সাধারণ ছাত্র বলতে পারেন, ‘আমি বুঝিনি।’
অধ্যাপক বলতে গেলে একটু ভাববেন।
বিখ্যাত অধ্যাপক হলে আরও ভাববেন।
আর কোনো প্রতিষ্ঠানের প্রধান হলে হয়তো এমন ভঙ্গিতে কথা বলবেন, যেন বিষয়টা না বোঝার মধ্যেই কোনো গভীর তত্ত্ব আছে।
মানুষের জীবনে পদমর্যাদা যত বাড়ে, নিজের ভুল স্বীকার করার সুযোগ তত কমে যেতে পারে। আশেপাশে এমন লোকের সংখ্যা বাড়ে, যাঁরা সব কথায় মাথা নাড়েন। আপনি ভুল বললেও তাঁরা বলেন, ‘একদম ঠিক বলেছেন।’
একসময় নিজের বিচারবুদ্ধির চেয়ে অন্যের প্রশংসা বেশি বিশ্বাসযোগ্য মনে হতে থাকে।
এইখানেই দম্ভ এসে বসে।
দম্ভ খুব সুবিধের জিনিস। একবার তার আশ্রয় নিতে পারলে আর নতুন করে শেখার দরকার হয় না। ভুল হলে অন্যের দোষ, ব্যর্থ হলে পরিস্থিতির দোষ, কেউ বিরোধিতা করলে তার যোগ্যতার অভাব। নিজের হিসাব নেওয়ার সমস্ত রাস্তা বন্ধ।
বোকামির সবচেয়ে বড় সুবিধে বোধহয়, বোকা মানুষটি অনেক সময় বুঝতেই পারেন না তিনি কী হারাচ্ছেন।
প্রাজ্ঞ মানুষের একটা অসুবিধা হলো, তিনি যত শিখতে থাকেন, নিজের অজানার পরিমাণ সম্পর্কে তত সচেতন হন। একটা বিষয় বুঝতে গিয়ে আরও পাঁচটা প্রশ্ন সামনে আসে। সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে নতুন সমস্যা। জ্ঞানের সঙ্গে সঙ্গে নিজের সীমাবদ্ধতা সম্পর্কে ধারণাও বাড়তে থাকে।
এখানে মিশেল দ্য মঁতেনের কথা মনে পড়ে।
ষোড়শ শতকের ফরাসি লেখক মঁতেন মানুষের নিজের জীবনকে পরীক্ষা করার একটা আশ্চর্য পদ্ধতি তৈরি করেছিলেন। নিজের অভ্যাস, দুর্বলতা, ভয়, বন্ধুত্ব, মৃত্যু, শিক্ষা, আত্মপ্রেম, সবকিছু নিয়ে লিখেছেন। তাঁর লেখার মধ্যে একটা প্রশ্ন বারবার ফিরে আসে, Que sais-je? অর্থাৎ, ‘আমি কী জানি?’
প্রশ্নটা ছোট। কিন্তু এর মধ্যে বিরাট একটা দায়িত্ব নিহিত।
কোনো মতামত দেওয়ার আগে নিজেকে জিজ্ঞাসা করা, আমি যা বলছি সেটা জানলাম কী করে? কার কাছ থেকে জানলাম? তার প্রমাণ কী? আমার ব্যক্তিগত অভিজ্ঞতা কি আমাকে ভুল পথে নিয়ে যাচ্ছে? অন্য কেউ একই বিষয়কে অন্যভাবে দেখলে তার মধ্যে কোনো যুক্তি থাকতে পারে?
মঁতেন নিজের মনকেই পর্যবেক্ষণের বিষয় করেছিলেন। মানুষের আচরণে যে অসংগতি, দুর্বলতা, আত্মপ্রবঞ্চনা এবং পরিবর্তনশীলতা আছে, সেগুলো তাঁর লেখায় বারবার এসেছে।
এতে বোঝা যায় নিজের সম্বন্ধে যতটা নিশ্চিত থাকি, বাস্তবে আমরা তার চেয়ে অনেক বেশি জটিল মানুষ।
আজ যে বিষয়ে খুব দৃঢ় মতামত আছে, পাঁচ বছর পরে সেই মতামত পালটে যেতে পারে। আজ যাকে ভুল বলে মনে হচ্ছে, নতুন অভিজ্ঞতার পরে তার বক্তব্যের কোনো অংশ যুক্তিসংগত মনে হতে পারে। নিজের অতীতের সিদ্ধান্তগুলোকেও নতুন করে বিচার করতে হয়।
কিন্তু আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, একবার কোনো মত গ্রহণ করলে সেটাকে ব্যক্তিগত সম্মানের ব্যাপার বানিয়ে ফেলি।
ধরুন আপনি দশ বছর ধরে একটা রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করছেন। হঠাৎ এমন কিছু প্রমাণ পেলেন, যা আপনার বিশ্বাসের সঙ্গে মিলছে না।
এখন আপনার সামনে দুটো কাজ। প্রমাণগুলো মন দিয়ে পরীক্ষা করা, অথবা প্রমাণ নিয়ে আসা লোকটার চরিত্রহনন করা।
দ্বিতীয় কাজটা অনেক সহজ। আমাদের সমাজে বেশ জনপ্রিয়ও।
কেউ একটা যুক্তি দিলেন, আমরা প্রথমেই খুঁজতে আরম্ভ করি তিনি কোন দলের লোক, কোন ধর্মের মানুষ, কোথায় পড়াশোনা করেছেন, কত টাকা রোজগার করেন, তাঁর ব্যক্তিগত জীবনে কোনো কেলেঙ্কারি আছে কি না।
এইসব খোঁজাখুঁজি করতে করতে মূল যুক্তিটাই হারিয়ে যায়।
যুক্তির মোকাবিলা করতে হলে নিজের মস্তিষ্ক ব্যবহার করতে হয়। ব্যক্তিগত আক্রমণের জন্য খুব বেশি মস্তিষ্কের দরকার পড়ে না।
মঁতেন আমাদের সেই কঠিন কাজের দিকেই নিয়ে যান। নিজের বিশ্বাসের ওপর নিজের প্রশ্ন চালিয়ে যাওয়া।
এরপর আসুন এমারসনের কাছে।
রালফ ওয়াল্ডো এমারসন ঊনবিংশ শতকের আমেরিকান চিন্তক। তাঁর লেখায় ব্যক্তিগত স্বাধীনতা, আত্মনির্ভরতা এবং নিজের বিচারবুদ্ধির ওপর আস্থার কথা বারবার এসেছে। বিশেষ করে Self-Reliance প্রবন্ধে তিনি মানুষের মধ্যে যে অনুকরণপ্রবণতা আর সামাজিক অনুমোদন পাওয়ার আকাঙ্ক্ষা আছে, তার বিরুদ্ধে কথা বলেছেন।
আমরা প্রায় সবাই অন্যের চোখ দিয়ে নিজের জীবনটা দেখতে অভ্যস্ত। কী পড়ব, কী লিখব, কী পছন্দ করব, কোন মতামত প্রকাশ করব, কোন সিদ্ধান্ত নিলে সমাজ প্রশংসা করবে, এসব হিসাব সারাক্ষণ মাথায় ঘুরতে থাকে। অবশ্য মানুষের সামাজিক জীবন আছে। আমরা পরস্পরের ওপর নির্ভর করি। অন্যের অভিজ্ঞতা থেকে শিখি। কিন্তু সেই শেখার মধ্যে নিজের বিচারবুদ্ধি সক্রিয় রাখতে হয়। এমারসনের আত্মনির্ভরতার ধারণা আমাদের সেই দিকটাই মনে করিয়ে দেয়। নিজের সিদ্ধান্তের দায়িত্ব নিতে হবে।
এখানে একটা মজার সমস্যা আছে। আমরা অনেকেই স্বাধীন চিন্তার প্রবল সমর্থক। যতক্ষণ অন্যের স্বাধীন চিন্তার ফল আমাদের নিজের মতামতের সঙ্গে মিলে যাচ্ছে, ততক্ষণ সব ঠিক। কেউ ভিন্নমত প্রকাশ করলেই বিপদ। তখন আমরা তাকে বুঝিয়ে দিতে চাই, স্বাধীন চিন্তারও একটা সঠিক দিক আছে, আর সেই দিকটা আমাদের। এভাবে স্বাধীন চিন্তার নামে আবার একটা নতুন কর্তৃত্ব তৈরি হয়।
তাই মঁতেন আর এমারসনকে পাশাপাশি পড়ার একটা বিশেষ উপকার হলো একজন নিজের বিচারবুদ্ধির ওপর আস্থা রাখতে শেখান, আরেকজন সেই বিচারবুদ্ধিকে ক্রমাগত পরীক্ষা করতে সাহায্য করেন। দুজনের চিন্তার মধ্যে টানাপোড়েন আছে, সেই টানাপোড়েন থেকেই ভালো প্রশ্ন তৈরি হতে পারে।
প্রজ্ঞাবান মানুষের মধ্যে আত্মবিশ্বাস থাকে। কিন্তু সেই আত্মবিশ্বাসের সঙ্গে নিজের ভুল সংশোধনের ক্ষমতাও থাকে। আমার ধারণা, এই দুটি গুণ একসঙ্গে ধরে রাখা মানুষের জীবনের কঠিন কাজগুলোর একটি।
এবার একটা অন্য প্রসঙ্গে আসি।
আমরা যখন প্রতিভার কথা বলি, তখন সাধারণত জন্মগত ক্ষমতার কথা ভাবি। কেউ খুব ভালো অঙ্ক পারেন, কেউ সংগীত বোঝেন, কেউ ভাষা শেখেন দ্রুত, কেউ অল্প বয়সেই অসাধারণ লেখেন। এসব ক্ষমতা মানুষের মধ্যে সমানভাবে বিতরণ করা হয়নি। পরিবেশ, সুযোগ, শিক্ষা, অর্থনৈতিক অবস্থা, শারীরিক সক্ষমতা, সামাজিক নিরাপত্তা, সবকিছু মিলিয়েই একজন মানুষের বিকাশের সম্ভাবনা তৈরি হয়। এই বাস্তব পার্থক্যগুলো অস্বীকার করার সুযোগ নেই।
কিন্তু প্রতিভা থাকলেই জীবনের সমস্ত সিদ্ধান্ত ঠিক হবে, এমন কোনো নিশ্চয়তা নেই। ইতিহাসে বহু প্রতিভাবান মানুষের দেখা পাই, যাঁরা নিজেদের ক্ষেত্রের বাইরে আশ্চর্য রকমের ভুল সিদ্ধান্ত নিয়েছেন। বিজ্ঞান সম্পর্কে গভীর জ্ঞান আছে, কিন্তু মানুষের আচরণ বোঝেন না। সাহিত্য সম্পর্কে অসাধারণ ধারণা আছে, কিন্তু ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে একেবারে ছেলেমানুষ। রাজনৈতিক ক্ষমতা আছে, কিন্তু নিজের সীমাবদ্ধতা সম্পর্কে কোনো ধারণা নেই। একজন মানুষ একই সঙ্গে বিভিন্ন বিষয়ে অসমান দক্ষ হতে পারেন।
কোনো একটি ক্ষেত্রে সাফল্য পাওয়ার পরে মানুষ যদি ধরে নেন অন্য সমস্ত বিষয়েও তাঁর মতামতের বিশেষ মূল্য আছে, তখন সমস্যা বাড়ে।
এই প্রবণতার সঙ্গে আমাদের সমাজের একটা পুরোনো অভ্যাস হলো আমরা বিখ্যাত মানুষের কাছ থেকে সব বিষয়ে উপদেশ চাই। একজন ক্রিকেটারকে জিজ্ঞাসা করি দেশের অর্থনীতি সম্পর্কে। একজন অভিনেতাকে জিজ্ঞাসা করি আন্তর্জাতিক রাজনীতি নিয়ে। একজন সফল ব্যবসায়ীর কাছে জানতে চাই জীবনের অর্থ। একজন বিজ্ঞানীকে জিজ্ঞাসা করি কবিতা কাকে বলে। এঁদের মতামত নিশ্চয়ই থাকতে পারে। কিন্তু কোন বিষয়ে কার জ্ঞান কতটা গভীর, সেটা বিচার করা দরকার। মানুষের সাফল্যকে সম্মান করতে গিয়ে তাঁর মস্তিষ্কের ওপর অযথা সর্বজ্ঞতার বোঝা চাপানোও ঠিক হবে না।
এইখানে আব্রাহাম লিংকনের কথা বলতে হবে।
লিংকনকে আমরা সাধারণত আমেরিকার গৃহযুদ্ধ, দাসপ্রথা বিলোপের সংগ্রাম এবং তাঁর নেতৃত্বের জন্য মনে রাখি। কিন্তু তাঁর জীবনের শিক্ষণীয় দিকগুলোর মধ্যে আছে ধৈর্য, আত্মসংযম, বিরোধী মত শোনার ক্ষমতা এবং কঠিন পরিস্থিতিতে সিদ্ধান্তের ফল বিবেচনা করার চেষ্টা।
লিংকনের জীবনও ভুলভ্রান্তি, রাজনৈতিক আপস, সংশয় এবং সীমাবদ্ধতায় পূর্ণ ছিল। তাঁর সিদ্ধান্তগুলো বিচার করতে হলে সেই সময়ের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতাও দেখতে হয়। এই জটিলতার মধ্যেই তাঁর নেতৃত্বের গুরুত্ব বোঝা যায়।
গৃহযুদ্ধের সময় তাঁকে এমন অনেক সিদ্ধান্ত নিতে হয়েছে, যার ফল তাৎক্ষণিকভাবে বোঝা সম্ভব ছিল না। সামরিক পরিস্থিতি, রাজনৈতিক চাপ, জনমত, সাংবিধানিক প্রশ্ন, দাসপ্রথার ভবিষ্যৎ, সবকিছু মাথায় রেখে এগোতে হয়েছে।
তাঁর ধৈর্যের একটা বড় দিক ছিল অন্যের কথা শোনা এবং সিদ্ধান্তের সময় নিজের আবেগকে পরীক্ষা করা।
আমরা অনেক সময় বুদ্ধিমত্তার পরিচয় খুঁজি দ্রুত উত্তর দেওয়ার মধ্যে। কেউ প্রশ্ন করলেন, সঙ্গে সঙ্গে একটা চমৎকার উত্তর দিতে পারলাম, সবাই হাততালি দিলেন। ব্যস, আমরা নিজেদের বেশ বুদ্ধিমান ভাবতে লাগলাম। কিন্তু এমন পরিস্থিতিও আসে, যেখানে দ্রুত উত্তর দেওয়ার চেয়ে একটু অপেক্ষা করা ভালো। তথ্য সংগ্রহ করা দরকার। অন্যের বক্তব্য শোনা দরকার। নিজের প্রথম প্রতিক্রিয়াটা ঠিক কি না, সেটা বোঝা দরকার।
এই অপেক্ষা করার ক্ষমতার মধ্যে একটা প্রজ্ঞা আছে।
ভালো সিদ্ধান্তের জন্য অনেক সময় নিজের অহংকারকে কয়েক মুহূর্ত চুপ করিয়ে রাখতে হয়।
লিংকনের জীবন আমাদের আরও একটা ব্যাপার মনে করিয়ে দেয়। প্রজ্ঞা পরীক্ষা হয় বাস্তব পরিস্থিতিতে। রাষ্ট্র পরিচালনা, যুদ্ধ, রাজনৈতিক বিরোধ এবং মানুষের জীবনের ওপর প্রভাব ফেলে এমন সিদ্ধান্তের মধ্যে। সেখানে ভুলের মূল্য অনেক বেশি।
একজন সাধারণ মানুষের ভুলে হয়তো নিজের ক্ষতি হল। ক্ষমতাবান মানুষের ভুলে লক্ষ লক্ষ মানুষের জীবন বিপন্ন হতে পারে। তাই যত বেশি ক্ষমতা, তত বেশি আত্মপরীক্ষার প্রয়োজন।
অথচ ক্ষমতার সঙ্গে সঙ্গে আত্মপরীক্ষার অভ্যাস কমে যাওয়ার আশঙ্কাও বাড়ে। চারপাশে প্রশংসাকারী মানুষের সংখ্যা বাড়ে, বিরোধী মত শোনার সুযোগ কমে যায়।
সেনেকার সাবিনাসের বাড়িতে যেমন এগারোজন শিক্ষিত দাস ছিলেন, আধুনিক ক্ষমতাবান মানুষের চারপাশেও অসংখ্য বিশেষজ্ঞ, উপদেষ্টা, গবেষক, সহকারী থাকেন। তাঁরা তথ্য সরবরাহ করেন, প্রতিবেদন তৈরি করেন, সম্ভাব্য সিদ্ধান্তের ফল ব্যাখ্যা করেন। কিন্তু শেষ সিদ্ধান্তটির বিচারবুদ্ধি ক্ষমতার আসনে বসা মানুষটির কাছ থেকেই প্রত্যাশিত।
এইখানে আবার সেই কুস্তির গল্প ফিরে আসি।
আপনার হয়ে অন্য কেউ কুস্তি করলে তাঁর পেশি শক্তিশালী হবে। আপনি দর্শকাসনে বসে হাততালি দিতে পারবেন। জয়ী হলে অভিনন্দনও জানাতে পারবেন। কিন্তু নিজের শরীরে সেই অনুশীলনের ফল পাবেন না।
জ্ঞানচর্চার ব্যাপারটাও অনেকটা এই রকম। অন্যের বুদ্ধি আমাদের কাজে লাগতে পারে। অন্যের অভিজ্ঞতা আমাদের ভুল কমাতে পারে। শিক্ষক দিশা দেখাতে পারেন। বই নতুন জগতের দরজা খুলে দিতে পারে। প্রযুক্তি আমাদের শ্রমের অনেকটা সহজ করে দিতে পারে। কিন্তু নিজে চিন্তা করার অভ্যাস তৈরি করতে নিজের অংশটুকু করতেই হবে।
এখানে গুরুর কথাও এসে যায়।
আমাদের সমাজে গুরু খোঁজার একটা দীর্ঘ ঐতিহ্য আছে। ধর্মগুরু, শিক্ষাগুরু, সংগীতগুরু, রাজনৈতিক গুরু, সাহিত্যগুরু, জীবনের প্রায় সব ক্ষেত্রেই গুরু আছেন।
ভালো শিক্ষক বা গুরু একজন মানুষের জীবন বদলে দিতে পারেন। কখনও একটা প্রশ্ন করে, কখনও একটা ভুল ধরিয়ে দিয়ে, কখনও নিজের কাজের দৃষ্টান্ত দেখিয়ে।
কিন্তু গুরুকে ঘিরেও সমস্যা তৈরি হয়। কেউ কেউ মনে করেন, কোনো বিখ্যাত শিক্ষকের শিষ্য হলেই তাঁর প্রজ্ঞার খানিকটা নিজের মধ্যে চলে আসবে। যেন বিদ্যাটা উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পত্তি।
একজন বড় সংগীতশিল্পীর কাছে দশ বছর তালিম নিয়েছেন, খুব ভালো কথা। কিন্তু রোজ রেওয়াজ করেছেন কি না, সেটাই আসল পরীক্ষা।
একজন বড় লেখকের সঙ্গে ঘনিষ্ঠতা আছে, তাঁর বাড়িতে আড্ডা দেন, একসঙ্গে চা খান, ছবি তোলেন, তাতেও আনন্দ আছে। কিন্তু নিজের লেখার খাতায় কতবার কাটাকুটি করেছেন? কতবার একটা অনুচ্ছেদ নতুন করে লিখেছেন? কতবার অন্যের সমালোচনা শুনে নিজের কাজ সংশোধন করেছেন?
এসব প্রশ্নের উত্তর নিজের কাছেই থাকে।
ধরুন একজন অভিনেতা বহুদিন ধরে বিখ্যাত পরিচালকের সঙ্গে কাজ করছেন। পরিচালকের নাম শুনেই দর্শক সম্মান করেন। কিন্তু অভিনেতাটি যদি প্রতিদিন চরিত্রের সংলাপ না বোঝেন, উচ্চারণ ঠিক না করেন, মঞ্চে কোথায় দাঁড়াতে হবে না শেখেন, অন্য অভিনেতার সংলাপ মন দিয়ে না শোনেন, তাহলে পরিচালকের খ্যাতি তাঁকে কতদূর বাঁচাবে?
মঞ্চে একসময় পর্দা উঠবেই।
তারপর দর্শক দেখবেন কে কী করতে পারেন।
প্রজ্ঞার ক্ষেত্রেও জীবনের পর্দা প্রতিদিন ওঠে। প্রতিদিন নতুন দৃশ্য। কখনও কমেডি, কখনও ট্র্যাজেডি, কখনও এমন পরিস্থিতি যার চিত্রনাট্য কেউ আগে পড়েননি।
সেইখানে নিজের বিচারবুদ্ধি নিয়ে দাঁড়াতে হয়। এবার প্রশ্ন হচ্ছে, এই প্রজ্ঞা অর্জন করব কী করে? যাঁরা কোনো গোপন পদ্ধতির সন্ধান করছেন, তাঁদের জন্য খবরটা খুব উৎসাহব্যঞ্জক হবে না। কারণ কাজগুলো অনেক পুরোনো।
মানুষ যখন থেকে নিজের অভিজ্ঞতা অন্যকে জানাতে শিখেছে, তখন থেকেই এই শিক্ষার চর্চা চলছে। ইতিহাস পড়া, বই পড়া, অভিজ্ঞ মানুষের কথা শোনা, কাজে হাত দেওয়া, ভুল করা, ভুল সংশোধন করা, আবার চেষ্টা করা।
একজন শিক্ষানবিশ যেমন কারিগরের পাশে দাঁড়িয়ে কাজ শেখেন, তেমনি একজন চিন্তাশীল মানুষকে অন্যের চিন্তার পাশে দাঁড়াতে হয়। দেখতে হয়, একজন মানুষ কীভাবে একটা সমস্যার সমাধান করলেন। কোথায় তাঁর যুক্তি শক্তিশালী। কোথায় দুর্বল। কোন পরিস্থিতিতে তাঁর সিদ্ধান্ত সফল হল, কোথায় ব্যর্থ হল।
শুধু সফল মানুষের জীবন পড়লে হয় না। জীবনীকাররা অনেক সময় এমনভাবে গল্প সাজান, যেন মানুষটি জন্ম থেকেই জানতেন তিনি একদিন বিখ্যাত হবেন। শৈশবের প্রতিটি ঘটনা তখন ভবিষ্যৎ সাফল্যের পূর্বাভাস হয়ে দাঁড়ায়। একজন মহান বিজ্ঞানী ছোটবেলায় খেলনা ভেঙেছেন। জীবনীকার লিখবেন, শৈশব থেকেই তাঁর মধ্যে বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা প্রকাশ পেয়েছিল। আমি খেলনা ভাঙলে আমার বাবা অবশ্য অন্য ব্যবস্থা করতেন। এই ধরনের জীবনী পড়ে মনে হয়, বিখ্যাত মানুষের জীবনে সব ঘটনাই একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগোচ্ছিল। বাস্তব জীবন অনেক বেশি এলোমেলো।
সফল মানুষও দীর্ঘ সময় ধরে ভুল করেন, সিদ্ধান্ত বদলান, সুযোগ হারান, ব্যর্থ হন। কখনও ভাগ্য সাহায্য করে, কখনও সামাজিক সুবিধা, কখনও অন্যের সহযোগিতা। আবার এমন বহু প্রতিভাবান মানুষ আছেন, যাঁরা সমান পরিশ্রম করেও প্রাপ্য সুযোগ পাননি।
তাই প্রজ্ঞা অর্জনের ইতিহাস পড়তে গেলে ব্যর্থতার ইতিহাসও পড়তে হবে। কোন মানুষ কোন ভুল করে বিপদে পড়েছেন, সেটাও জানতে হবে। বিশেষ করে নিজের ভুলগুলোর হিসাব রাখা দরকার।
আমাদের একটা আশ্চর্য ক্ষমতা আছে, নিজের ব্যর্থতার দায় অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া। পরীক্ষায় খারাপ ফল হলে প্রশ্ন কঠিন। ব্যবসায় ক্ষতি হলে বাজার খারাপ। সংসারে ঝগড়া হলে অন্যজনের স্বভাব খারাপ। রাজনৈতিক সিদ্ধান্ত ভুল হলে জনগণ বোঝেনি। নিজের ভুল স্বীকার করলে অস্বস্তি হয়। অথচ ওই অস্বস্তির মধ্যেই থাকে শেখার সুযোগ।
ধরুন আপনি কোনো বিষয়ে একটা মতামত দিয়েছিলেন। কয়েক মাস পরে দেখা গেল মতামতটা ভুল। তখন যদি আগের কথাগুলো আবার পড়েন, দেখতে পাবেন কোথায় ভুল তথ্য ব্যবহার করেছিলেন, কোথায় আবেগকে যুক্তি ভেবেছিলেন, কোথায় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর একই ধরনের পরিস্থিতি এলে একটু বেশি সাবধান হতে পারবেন। এইভাবেই বিচারবুদ্ধি ধীরে ধীরে তৈরি হয়। ভুলের অভিজ্ঞতা তখন কাজে লাগে, যখন তার থেকে শেখার চেষ্টা থাকে।
এখানে মনোযোগের কথাও বলতে হবে। মনোযোগ দেওয়া খুব সাধারণ একটা কাজ বলে মনে হয়। কিন্তু প্রতিদিনের জীবনে আমরা কত কম মনোযোগ দিই, সেটা একটু লক্ষ করলেই বোঝা যায়। কারও সঙ্গে কথা বলছি, অথচ মনে মনে নিজের উত্তর তৈরি করছি। বই পড়ছি, কিন্তু পরের পৃষ্ঠায় কী আছে জানার আগেই ফোন হাতে নিচ্ছি। একটা মতামত শুনছি, অথচ প্রথম কয়েকটা শব্দ শুনেই বক্তাকে একটা পরিচিত শ্রেণিতে ফেলে দিচ্ছি।
মনোযোগের অভাবে কত কিছু চোখ এড়িয়ে যায়। একজন ভালো চিকিৎসক রোগীর কথা শোনেন। একজন ভালো অভিনেতা সহশিল্পীর সংলাপ শোনেন। একজন ভালো শিক্ষক ছাত্রের প্রশ্ন শোনেন। একজন ভালো লেখক মানুষের কথাবার্তা শোনেন, তাঁদের আচরণ লক্ষ করেন, শব্দ বেছে নেওয়ার ভঙ্গি বোঝার চেষ্টা করেন। এই শোনার মধ্যে অনেক শিক্ষা আছে।
মানুষের মুখে বলা কথার পাশাপাশি মুখের অভিব্যক্তি, দ্বিধা, নীরবতা, আচরণের অসংগতি, এসবও লক্ষ করতে হয়। একজন মানুষ মুখে বলছেন তিনি ভালো আছেন। কিন্তু তাঁর কণ্ঠস্বর, মুখের ভাব, আচরণ অন্য কথা বলছে। সেখানে একটু থেমে মন দিয়ে শোনার প্রয়োজন আছে। প্রজ্ঞাবান মানুষ অনেক সময় অন্যের না-বলা কথাটুকুও বোঝার চেষ্টা করেন। এই বোঝার ক্ষমতা তৈরি হয় মানুষকে গুরুত্ব দেওয়ার অভ্যাস থেকে।
আরেকটা বিষয় হচ্ছে, নিজের চিন্তাকে অন্যের সামনে পরীক্ষা করতে দেওয়া। আমাদের অনেকেরই বিতর্ক করতে ভালো লাগে। কিন্তু বিতর্কের উদ্দেশ্যটা বেশিরভাগ সময় অন্যকে হারানো। কেউ একটা কথা বললেন। আমরা সঙ্গে সঙ্গে তার দুর্বল অংশ খুঁজতে শুরু করি। কীভাবে এমন উত্তর দেব, যাতে আশেপাশের লোকজন হাততালি দেন? এইভাবে তর্কে জেতা যায়। কিন্তু নিজের ভুল ধারণাটা আগের মতোই থেকে যেতে পারে।
ভালো আলোচনায় নিজের মত পালটানোর সুযোগ থাকে। প্রতিপক্ষ কোনো যুক্তি দিলে সেটা মন দিয়ে শুনতে হয়। তাঁর যুক্তির সবচেয়ে শক্তিশালী অংশটা বোঝার চেষ্টা করতে হয়। কোথাও তিনি ঠিক বললে স্বীকার করতে হয়। এতে ব্যক্তিগত সম্মান কমে যাওয়ার কোনো কারণ নেই। বরং এমন আলোচনার পরে দুই পক্ষই আগের চেয়ে একটু বেশি জানতে পারেন।
অবশ্য তর্ক করার জন্যও মানুষ বেছে নিতে হয়। এমন মানুষ আছেন, যাঁদের কাছে কোনো প্রশ্ন নিয়ে গেলে তাঁরা উত্তর খোঁজার বদলে প্রশ্নকারীকেই শত্রু ভাবতে আরম্ভ করেন। তাঁদের সঙ্গে তর্ক করে অনেক সময় শক্তির অপচয় হয়। কখন আলোচনা চালিয়ে যেতে হবে, কখন বন্ধ করতে হবে, সেই বিচারও প্রজ্ঞার অংশ।
এবার বই পড়ার কথায় আসি। বই পড়তে হবে। অনেক বই পড়তে হবে। কিন্তু বইয়ের সংখ্যা নিয়ে এমন একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে, যেন বছরে কে কতগুলো বই শেষ করলেন, সেটাই শিক্ষার পরিমাপ। একজন বছরে একশো বই পড়েছেন। আরেকজন পঞ্চাশ। তৃতীয়জন মাত্র দশটা। সংখ্যার বিচারে প্রথমজন এগিয়ে। কিন্তু কে কী পড়েছেন, কতটা বুঝেছেন, কোন বই তাঁর চিন্তার ওপর কী প্রভাব ফেলেছে, কোনো মতামত বদলেছে কি না, এসব না জানলে পাঠের মূল্য বোঝা যায় না।
কোনো বই খুব দ্রুত পড়ে শেষ করা যায়। কোনো বইয়ের একটা অধ্যায় নিয়ে কয়েক দিন ভাবতে হয়। কখনও একটা বাক্য পড়ে বই বন্ধ করে বসে থাকতে ইচ্ছা করে। কখনও লেখকের সঙ্গে এমন প্রবল দ্বিমত হয় যে পৃষ্ঠার পাশে নিজের বক্তব্য লিখে রাখতে হয়। কখনও বইয়ের কোনো চরিত্রকে নিজের পরিচিত মানুষের মতো মনে হয়। কখনও এমন একটা অভিজ্ঞতার সন্ধান পাওয়া যায়, যা নিজের জীবনে কখনও ঘটেনি।
এইসব অভিজ্ঞতা পাঠকে সমৃদ্ধ করে। প্রতিদিনের পড়াশোনায় তাই একটু থামার জায়গা দরকার। কী পড়লাম? কেন পড়লাম? কোন অংশটা বুঝলাম? কোন অংশটা বুঝিনি? লেখকের বক্তব্যের সঙ্গে আমার অভিজ্ঞতার কোথায় মিল, কোথায় অমিল? এসব প্রশ্ন করতে হয়।
আমাদের অনেকের অভ্যাস, ভালো কোনো উদ্ধৃতি পেলেই দাগিয়ে রাখি। এখন ডিজিটাল বইয়ে হাইলাইট করা যায়, নোট নেওয়া যায়, উদ্ধৃতি সংগ্রহ করা যায়। বেশ সুবিধে। কিন্তু কখনও নিজের হাইলাইটগুলো আবার পড়ে দেখেছেন? কেন ওই বাক্যটি গুরুত্বপূর্ণ মনে হয়েছিল? তখন কী ভেবেছিলেন? এখন কি একই রকম মনে হয়? এই প্রশ্নগুলোর মধ্যে নিজের চিন্তার পরিবর্তন ধরা পড়ে।
একটা পুরোনো বইয়ের মার্জিনে দশ বছর আগের নিজের লেখা মন্তব্য পড়ে অনেক সময় হাসি পায়। মনে হয়, কী আত্মবিশ্বাস নিয়ে কী সব কথা লিখেছিলাম! এই হাসিটা ভালো। নিজের অতীতের বোকামি দেখে হাসতে পারার ক্ষমতা থাকলে বর্তমানের বোকামিগুলোও কিছুটা কমানো যায়।
বই পড়ার সঙ্গে জীবনের অভিজ্ঞতার একটা সম্পর্ক রাখা দরকার। শুধু ঘরের মধ্যে বসে মানুষের মনস্তত্ত্ব নিয়ে তত্ত্ব আলোচনা করলে অনেক কিছু বোঝা কঠিন হয়। মানুষের মধ্যে মিশতে হয়। ভিন্ন ধরনের মানুষের সঙ্গে কথা বলতে হয়। নিজের সামাজিক বৃত্তের বাইরে যেতে হয়। যাঁরা আমাদের মতো ভাবেন, তাঁদের সঙ্গে কথা বলে আরাম পাওয়া যায়। যাঁরা অন্যভাবে ভাবেন, তাঁদের কাছ থেকে অনেক সময় নতুন কিছু শেখা যায়।
একজন কৃষকের সঙ্গে কথা বললে আবহাওয়া, মাটি, ঋতু আর অনিশ্চয়তার সম্পর্ক বোঝা যায়। একজন নার্সের সঙ্গে কথা বললে অসুস্থতা আর মানুষের অসহায়তার অন্য দিক জানা যায়। একজন শ্রমিকের অভিজ্ঞতা থেকে কাজের মর্যাদা, নিরাপত্তা আর অর্থনৈতিক অনিশ্চয়তার কথা শোনা যায়।
এই অভিজ্ঞতাগুলোকে গুরুত্ব দিতে হয়। কারণ প্রজ্ঞার সঙ্গে বাস্তব জগতের সম্পর্ক থাকা দরকার। মানুষের দুঃখকষ্ট, সীমাবদ্ধতা এবং সামাজিক অবস্থার প্রতি মনোযোগ না থাকলে আমাদের বিচারবুদ্ধি অনেক সময় নিষ্ঠুর হয়ে উঠতে পারে। এখানে একটা কথা স্পষ্ট করা দরকার। প্রজ্ঞা অর্জনের জন্য পরিশ্রমের প্রয়োজন আছে বলেই সবার সামনে সমান সুযোগ আছে, এমনটা ধরে নেওয়া চলে না।
একজন মানুষের হাতে প্রচুর সময়, ভালো শিক্ষক, বই কেনার টাকা, নিরাপদ পরিবেশ, পড়াশোনার সুযোগ থাকতে পারে। আরেকজনকে সকাল থেকে রাত পর্যন্ত জীবিকার জন্য খাটতে হয়। পরিবার সামলাতে হয়, ঋণ শোধ করতে হয়, নানা সামাজিক বাধার মুখে পড়তে হয়। দুজনের পড়াশোনার সুযোগ আলাদা। এই পার্থক্য বোঝার মধ্যেও প্রজ্ঞা আছে।
যিনি সুযোগ পেয়েছেন, তাঁর নিজের পরিশ্রমের মূল্য আছে। একই সঙ্গে সেই সুযোগ তৈরিতে পরিবার, সমাজ, প্রতিষ্ঠান এবং অন্য মানুষের অবদানও আছে। এই বোধ মানুষকে নিজের সাফল্য নিয়ে একটু সংযত হতে শেখায়। আমরা অনেক সময় সফল মানুষের কাছ থেকে একটা বাক্য শুনি, ‘আমি একাই সব করেছি।’ কথাটা শুনতে ভালো কিন্তু একটু খোঁজ নিলে দেখা যায়, তাঁর জীবনে শিক্ষক ছিলেন, পরিবার ছিল, বন্ধু ছিলেন, সহকর্মী ছিলেন, সুযোগ করে দেওয়ার মানুষ ছিলেন। কখনও কারও নিঃস্বার্থ সাহায্য ছিল।
প্রজ্ঞাবান মানুষ নিজের প্রজ্ঞা নিয়ে সব সময় বক্তৃতা দেন না। অনেক সময় তাঁদের কাজের মধ্যে শিক্ষা লুকিয়ে থাকে। আর নির্বোধ মানুষ নিজের নির্বুদ্ধিতা সম্পর্কে সচেতন নাও হতে পারেন। তাঁদের জীবন, সিদ্ধান্ত, অভ্যাস, সম্পর্ক এবং ভুলভ্রান্তি বিচার করলে অনেক কিছু বোঝা যায়।
কোনো মানুষ কী বলেছেন, তার পাশাপাশি দেখতে হবে তিনি কী করেছেন। কঠিন সময়ে কী সিদ্ধান্ত নিয়েছেন। ক্ষমতা পেয়ে কেমন আচরণ করেছেন। বিরোধিতা পেয়ে কীভাবে প্রতিক্রিয়া দেখিয়েছেন। নিজের ভুলের দায় নিয়েছেন কি না।
মুখে বিনয় প্রকাশ করা সহজ। নিজের ভুল স্বীকার করা কঠিন। মুখে অন্যের স্বাধীনতার কথা বলা সহজ। অন্যের ভিন্নমত সহ্য করা কঠিন। মুখে নৈতিকতার কথা বলা সহজ। ব্যক্তিগত স্বার্থের বিরুদ্ধে গিয়ে সেই নৈতিকতা অনুসরণ করা কঠিন। এই কঠিন কাজগুলোর মধ্যে মানুষের প্রকৃত বিচারবুদ্ধির পরীক্ষা হয়।
তবে একটা ভুল যেন না করি। প্রজ্ঞাকে আমরা অনেক সময় জীবনের একেবারে শেষ পর্যায়ের কোনো পুরস্কার বলে ভাবি। মনে করি, বহু বছর পড়াশোনা করলাম, অনেক অভিজ্ঞতা হল, তারপর একদিন প্রজ্ঞাবান হয়ে গেলাম। যেন বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির মতো একটা সনদ পাওয়া যাবে।
বাস্তবে প্রতিদিনই নতুন সিদ্ধান্ত নিতে হয়। আজ খুব ভালোভাবে একটা সমস্যা সামলালাম। কাল অন্য একটা পরিস্থিতিতে ভুল করলাম। আজ কারও সঙ্গে ধৈর্য ধরে কথা বললাম। কাল সামান্য কারণে রেগে গেলাম। আজ নিজের ভুল স্বীকার করলাম। কাল অহংকারের বশে অন্যকে দোষ দিলাম।
এই ওঠানামার মধ্য দিয়েই জীবন চলে। প্রজ্ঞার চর্চা তাই প্রতিদিনের ব্যাপার। একদিন অনেক বই পড়ে পরের দশ বছর আর কোনো প্রশ্ন না করলেও চলবে, এমন ব্যবস্থা নেই। একবার ভালো সিদ্ধান্ত নিয়ে সারাজীবন ভালো সিদ্ধান্তের নিশ্চয়তা পাওয়া যায় না। অভ্যাসগুলো ধরে রাখতে হয়।
প্রতিদিন মন দিয়ে পড়া, অন্যের কথা শোনা, নিজের ধারণা পরীক্ষা করা, ভুল হলে সংশোধন করা, নতুন কিছু শেখা, অজানা বিষয়ে প্রশ্ন করা, অভিজ্ঞতা থেকে সিদ্ধান্ত নেওয়া। আমরা সাধারণত বড় পরিবর্তন পছন্দ করি। একটা বিশেষ বই পড়ব, জীবন পালটে যাবে। কোনো বিখ্যাত ব্যক্তির বক্তৃতা শুনব, সমস্ত সমস্যা মিটে যাবে। সাত দিনের কোর্স করব, নতুন মানুষ হয়ে উঠব।
কিন্তু মানুষের অভ্যাস বদলাতে সময় লাগে। প্রতিদিন সামান্য কিছু শেখা, সামান্য ভালোভাবে একটা কাজ করা, নিজের কোনো পুরোনো ভুল একটু কমানো, এই পরিবর্তনগুলো প্রথমে খুব একটা চোখে পড়ে না।
এক বছর পরে একটু বোঝা যায়। দশ বছর পরে অনেক সময় বোঝা যায়, মানুষটি আগের তুলনায় কতটা পালটেছেন। এই পরিবর্তন কোনো জাদুর ফল নয়। দীর্ঘদিনের কাজের ফল।
একজন ভালো অভিনেতার দিকে তাকান। মঞ্চে সংলাপ বলার ভঙ্গি, কোথায় একটু থামবেন, কখন চোখের দৃষ্টি বদলাবেন, কখন দর্শকের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করবেন, এসব দেখে মনে হতে পারে কাজগুলো খুব সহজ।
কিন্তু এই সহজতার পেছনে কত বছরের মহড়া, কত ভুল, কত সংশোধন, কত মানুষের কাজ পর্যবেক্ষণ, কতবার নিজের অভিনয় নিয়ে অসন্তোষ, তার হিসাব দর্শক জানেন না।
একজন ভালো লেখকের গদ্য পড়েও একই ব্যাপার মনে হয়। যেন কথাগুলো অনায়াসে বেরিয়ে এসেছে। অথচ সেই অনায়াস ভঙ্গির পেছনে থাকতে পারে বহু বছরের পড়াশোনা, শব্দ বেছে নেওয়ার অভ্যাস, বাক্য কাটাকুটি, নিজের লেখা নিয়ে অসন্তোষ।
দক্ষতা এমন এক জিনিস, দীর্ঘ অনুশীলনের পরে যার পরিশ্রমের চিহ্ন অনেক সময় চোখে পড়ে না। প্রজ্ঞার ক্ষেত্রেও এই দীর্ঘ অভ্যাসের মূল্য আছে।
একজন মানুষের ভালো বিচারবুদ্ধি তাঁর কথাবার্তায়, সিদ্ধান্তে, আচরণে ধীরে ধীরে প্রকাশ পায়। কোনো পরিস্থিতিতে তিনি অকারণে উত্তেজিত হন না, অন্যের বক্তব্য শুনে সিদ্ধান্ত নেন, প্রমাণের অভাবে নিজের মতামত স্থগিত রাখতে পারেন, ভুল বুঝলে সংশোধন করেন।
এইসব ছোট ছোট অভ্যাসের সমষ্টি তাঁর চরিত্রে একটা স্থায়ী প্রবণতা তৈরি করে। তবু প্রতিদিন সচেতন থাকতে হয়। কারণ মানুষ জীবনের কোনো পর্যায়েই ভুল করার সম্ভাবনা থেকে সম্পূর্ণ মুক্ত হন না।
এখানে বয়সের কথাও আসে। আমাদের সমাজে একটা ধারণা আছে, বয়স বাড়লেই মানুষের প্রজ্ঞা বাড়ে। অভিজ্ঞতার মূল্য অবশ্যই আছে। কিন্তু অভিজ্ঞতা থেকে শেখার জন্য সেই অভিজ্ঞতা নিয়ে ভাবতে হয়। একজন মানুষ পঞ্চাশ বছর একই ভুল করতে পারেন। আবার অন্য একজন দশ বছরের অভিজ্ঞতা থেকে গভীর শিক্ষা নিতে পারেন।
বয়সের সঙ্গে প্রজ্ঞার সম্পর্ক তৈরি হয় অভিজ্ঞতাকে কীভাবে ব্যবহার করছি, তার ওপর। এমন অনেক মানুষ আছেন, যাঁরা তরুণ বয়সে প্রচুর পড়াশোনা করেছেন। তারপর একটা সময় থেকে নতুন কিছু শেখা বন্ধ করে দিয়েছেন। নিজেদের পরিচিত ধারণার মধ্যেই সারাজীবন কাটিয়েছেন। বয়স বেড়েছে, অভিজ্ঞতার সংখ্যা বেড়েছে, কিন্তু চিন্তার পদ্ধতি আগের জায়গাতেই আটকে আছে।
আবার এমন মানুষও আছেন, যাঁরা জীবনের শেষ পর্যায় পর্যন্ত নতুন বই পড়ছেন, নতুন বিষয় শিখছেন, তরুণদের প্রশ্ন শুনছেন, নিজের পুরোনো ধারণা সংশোধন করছেন। এঁদের মধ্যে একটা কৌতূহল কাজ করে। শেখার ব্যাপারে তাঁরা নিজেদের ছাত্র বলে ভাবতে পারেন। এই ছাত্র হয়ে থাকার ক্ষমতা খুব মূল্যবান। কারণ মানুষ যখন নিজেকে সম্পূর্ণ শিক্ষিত বলে ঘোষণা করেন, তখন নতুন শিক্ষার দরজাটা অনেক সময় নিজেই বন্ধ করে দেন।
আমাদের শিক্ষাব্যবস্থার একটা অদ্ভুত সমস্যা হচ্ছে, আমরা পড়াশোনাকে জীবনের একটা নির্দিষ্ট পর্যায়ের কাজ বলে ভাবি। স্কুল শেষ, কলেজ শেষ, বিশ্ববিদ্যালয় শেষ, ডিগ্রি পাওয়া গেল। তারপর চাকরি, সংসার, অন্যান্য দায়িত্ব। শিক্ষার সঙ্গে সম্পর্কটা ধীরে ধীরে কমে আসে। অনেকে আবার গর্ব করে বলেন, ‘পড়াশোনা শেষ করেছি।’ কিন্তু পৃথিবী তো প্রতিদিন পালটাচ্ছে। বিজ্ঞান, প্রযুক্তি, সমাজ, রাজনীতি, সাহিত্য, মানুষের আচরণ সম্পর্কে নতুন নতুন ধারণা তৈরি হচ্ছে। নিজের জীবনেও প্রতিনিয়ত নতুন অভিজ্ঞতা আসছে। এই পরিবর্তনের মধ্যে বেঁচে থাকতে হলে শেখার অভ্যাস চালিয়ে যেতে হয়।
আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, নিজের অজ্ঞতা সম্পর্কে সচেতন থাকতে হয়। যে বিষয়ে কিছু জানি না, সেটা বলতে পারা দরকার। আমাদের অনেকের কাছে ‘জানি না’ কথাটা বলতে খুব লজ্জা লাগে। অথচ ওই দুটো শব্দের মধ্যেই নতুন শিক্ষার সম্ভাবনা আছে। একবার স্বীকার করলাম জানি না, তারপর জানার চেষ্টা করা যায়। এর মধ্যে কোনো অপমান নেই। বরং না জেনেও সব জানার ভান করতে গিয়ে মানুষ অনেক বড় বিপদে পড়েন।
সেনেকার সাবিনাসের কথাই ধরুন। ভদ্রলোক যদি একদিন অতিথিদের সামনে বলতেন, ‘হোমার আমার পড়া হয়নি, আপনারা একটু বলুন তো’, তাহলে হয়তো সত্যিই কিছু শিখতেন। কিন্তু তিনি চেয়েছিলেন বিদ্বান হিসেবে পরিচিত হতে। এই আকাঙ্ক্ষাটাই তাঁর শেখার পথে বাধা হয়ে দাঁড়াল।
আমাদের জীবনেও অনেক সময় একই সমস্যা হয়। আমরা ভালো লেখক হতে চাই, কিন্তু খারাপ লেখা দেখাতে লজ্জা পাই। ভালো বক্তা হতে চাই, কিন্তু প্রথম বক্তৃতায় ভুল করতে ভয় পাই। ভালো চিন্তক হতে চাই, কিন্তু নিজের অজ্ঞতা প্রকাশ করতে চাই না। ফলে শুরু করার কাজটাই পিছিয়ে যায়। যে মানুষ শেখার জন্য প্রস্তুত, তাঁকে প্রথমে নিজের অপূর্ণতা মেনে নিতে হয়।
কিছু বিষয় বুঝতে সময় লাগবে। কিছু কাজ বারবার করতে হবে। অনেকবার ব্যর্থ হতে হবে। অন্যের সাহায্য নিতে হবে। নিজের ভুলভ্রান্তি নিয়ে অস্বস্তিতে পড়তে হবে। এই সমস্ত অভিজ্ঞতার জন্য প্রস্তুত থাকতে হয়। প্রজ্ঞার পথে সব সময় সুন্দর রাস্তা পাওয়া যায় না। কোথাও পথ পাথুরে। কোথাও কাদা। কোথাও এমন একটা সেতু আছে, যার ওপারে কী আছে বোঝা যায় না। কোথাও নিজের বিশ্বাসের সামনে এমন প্রশ্ন এসে দাঁড়াবে যে এতদিনের সমস্ত নিশ্চয়তা টলতে থাকবে।
কখনও এমন বই পড়বেন, যার বক্তব্য আপনার ভালো লাগবে না। কখনও এমন মানুষের সঙ্গে পরিচয় হবে, যাঁর আচরণ অসহ্য। কখনও এমন তথ্য জানবেন, যা আপনার বহুদিনের বিশ্বাসের বিরুদ্ধে যাবে। এই অস্বস্তিগুলোকে এড়িয়ে চললে শেখার অনেক সুযোগ হারাতে হয়।
অবশ্য সব বিরোধিতা সহ্য করাই প্রজ্ঞা, এমন কথাও বলব না। কখন কোথায় নিজের সীমা টানতে হবে, সেটাও বিচার করতে হয়। কিন্তু নিজের স্বাচ্ছন্দ্যের বাইরে যেতে না চাইলে নতুন অভিজ্ঞতার জায়গা কমে আসে।
আমরা জীবন চাই, যেখানে সমস্ত মানুষ আমাদের সঙ্গে একমত হবেন, সব বই আমাদের বিশ্বাসকে সমর্থন করবে, সব শিক্ষক আমাদের প্রশংসা করবেন, সব সিদ্ধান্তের ফল আগে থেকে জানা থাকবে। এমন জীবন পাওয়া মুশকিল। আর পেলেও সেখানে শেখার সুযোগ খুব সীমিত হবে।
প্রজ্ঞা অর্জনের জন্য তাই কিছুটা মানসিক সাহস দরকার। অজানা প্রশ্নের সামনে দাঁড়ানোর সাহস। নিজের ভুল দেখার সাহস। অন্যের সমালোচনা শোনার সাহস। প্রয়োজন হলে নিজের মতামত বদলানোর সাহস।
এই সাহসের সঙ্গে ধৈর্যও দরকার। সবকিছু আজই বুঝতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। কিছু প্রশ্ন নিয়ে দীর্ঘদিন ভাবতে হয়। কিছু বই বহু বছর পরে নতুন অর্থ নিয়ে ফিরে আসে। কিছু অভিজ্ঞতার শিক্ষা বুঝতে সময় লাগে।
সেনেকা তাঁর চিঠিতে একটা কঠিন কথা বলেছিলেন। অনেক কাজ এখনও বাকি। যে ফল চাইছেন, তার জন্য নিজের জেগে থাকার সময়, নিজের শ্রম এবং নিজের মনোযোগ ঢেলে দিতে হবে। অন্যের হাতে সেই কাজের দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হওয়ার ব্যবস্থা নেই। এই কথাটা প্রায় দুহাজার বছর আগে যেমন সত্য ছিল, আজও তেমনি প্রাসঙ্গিক।
শিক্ষক সাহায্য করবেন। বই সাহায্য করবে। অভিজ্ঞ মানুষ পথ দেখাবেন। প্রযুক্তি আরও অনেক নতুন সুযোগ তৈরি করবে। কিন্তু নিজে পড়তে হবে। নিজে ভাবতে হবে। নিজের সিদ্ধান্ত পরীক্ষা করতে হবে। নিজের ভুল সংশোধন করতে হবে। প্রতিদিন। একটু একটু করে।
প্রজ্ঞার কোনো শেষ সনদ নেই। কোনো নির্দিষ্ট বয়সে পৌঁছে ঘোষণা করার সুযোগ নেই যে এবার সমস্ত জ্ঞান অর্জন শেষ। যত শিখব, তত নতুন প্রশ্ন আসবে। যত ভালোভাবে চিন্তা করতে শিখব, তত নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ বাড়বে। যত অভিজ্ঞতা হবে, তত বুঝতে পারব প্রতিটি নতুন পরিস্থিতির নিজস্ব জটিলতা আছে। এই অনন্ত শেখার প্রক্রিয়ার মধ্যেই প্রজ্ঞার বিকাশ ঘটে।
যাঁরা নিজেদের চিন্তাকে শাণিত করেছেন, তাঁদের কাছ থেকে শিখব। যাঁরা দম্ভের কারণে ভুল করেছেন, তাঁদের ভুলের হিসাব দেখব। ইতিহাসের দিকে তাকাব, মানুষের আচরণ পর্যবেক্ষণ করব, বই পড়ব, প্রশ্ন করব, তর্ক করব, নিজের ধারণাকে পরীক্ষা করব। প্রয়োজন হলে পুরোনো মতামত ছেড়ে দেব। আবার নতুন করে শুরু করব। সারা জীবন এই কাজ চলবে। কারণ প্রজ্ঞা অর্জনের জন্য কোনো বিশেষ দিনে বড় একটা সিদ্ধান্ত নিলেই চলে না। প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের মধ্যে সেই চর্চা চালিয়ে যেতে হয়।
এই পরিবর্তনের মূল্য আছে। কারণ পৃথিবী সম্পর্কে যত বেশি জানি, তত বেশি বুঝতে পারি, আমাদের শেখার কাজ কতটা বাকি। সুতরাং প্রজ্ঞার পথে যাঁরা হাঁটতে চান, তাঁদের জন্য রাস্তা খোলা আছে। কোথাও চড়াই, কোথাও উৎরাই। কোথাও পথ হারানোর আশঙ্কা, কোথাও নতুন আবিষ্কারের আনন্দ। মাঝেমধ্যে হতাশা আসবে, ক্লান্তি আসবে, নিজের ওপর বিরক্তি আসবে। তবুও হাঁটতে হবে।
আর একটা কথা। পথে যদি কোনো গুরু এসে বলেন, ‘আমি আপনাকে সাত দিনে প্রজ্ঞাবান বানিয়ে দেব’, তাহলে তাঁকে সম্মান করে একটা প্রশ্ন করবেন। ‘গুরুজি, আপনি নিজে কত দিনে হলেন?’ উনি যদি বলেন, ‘আমি জন্ম থেকেই’, তাহলে একটু সাবধান হবেন। আর যদি বলেন, ‘আপনার হয়ে আমিই সব চিন্তা করে দেব’, তাহলে সেনেকার সেই রোমান ভদ্রলোকটির কথা মনে করবেন। লোকটার এগারোজন শিক্ষিত দাস ছিল। তাঁর বাড়িতে হোমার ছিলেন, হেসিয়ড ছিলেন, স্যাফো ছিলেন, পিন্ডার ছিলেন। গ্রিক সাহিত্যের বিরাট একটা অংশ তাঁর বাড়িতে বসবাস করত। অথচ নিজের মাথায় বিশেষ কিছু ঢোকেনি।
সেনেকার গল্পটার কথা ভেবে বারবার মনে জাগে—গত দুই হাজার বছরে মানবসভ্যতা হয়তো বিস্তর এগিয়েছে। আমাদের যাতায়াত ব্যবস্থার বদল হয়েছে, চিকিৎসাবিজ্ঞান ও যোগাযোগের ধরন উন্নত হয়েছে, এমনকী জ্ঞান আহরণের উপায়ও বদলে গেছে নতুন রূপ ধরে। কিন্তু নিজের কষ্ট অন্যকে দিয়ে করানোর প্রবণতাটা আজও এতটুকু কমেনি। এখন আর ক্রীতদাস কেনার প্রয়োজন পড়ে না, সামান্য মাসিক সাবস্ক্রিপশনেই অনায়াসে প্রচুর কাজ গড়িয়ে যায়। সমস্যা একটাই—লড়াই বা কুস্তির ময়দানে নামার কাজটা কিন্তু শেষমেশ নিজেকেই করতে হয়!



