I wish good essays could pay rent on their own. Until they learn how, paid subscriptions keep this publication alive.
একটা পরীক্ষামূলক লেখা লিখলাম; আশাকরি পাঠকদের ভালো লাগবে।
সকলের জীবনেই ইহা ঘটে। রাজাধিরাজ হইতে পথের ভিক্ষুক, মহাশূন্যচারী হইতে কবি, যে মানুষ পৃথিবীর সমস্ত ঐশ্বর্য নিজের করিয়া পাইয়াছে এবং যে মানুষ দিনের শেষে দুই মুঠো অন্নের সংস্থান করিতে পারিল কি না সেইটুকু লইয়া অস্থির, প্রত্যেকের জীবনের কোনও না কোনও স্থানে একটি অন্ধকার অপেক্ষা করিয়া থাকে; সেই অন্ধকারের নিজস্ব একটি রূপ আছে, একটি সীমা আছে, অথচ আমরা পূর্ব হইতে তাহার কোনও পরিমাণ নির্ণয় করিতে পারি না, কেননা মানুষের জীবনে যে সকল ব্যবস্থা নিরাপত্তার একটি ধারণা সৃষ্টি করে, অর্থ, ভালোবাসা, সুস্বাস্থ্য, ভবিষ্যতের সমস্ত হিসাবনিকাশ, তাহাদের প্রত্যেকেরই ক্ষমতা একদিন কোনও একটি বিশেষ বাস্তবতার সম্মুখে আসিয়া থামিয়া যায়। তখন দেখা যায়, জীবনকে আমরা যতখানি আপনার করিয়া পাইয়াছি ভাবিতেছিলাম, তাহার অনেকখানি অন্য কোনও অজ্ঞাত নিয়মের অধীন, সেখানে আমাদের ইচ্ছার কোনও বিশেষ অধিকার নাই, এবং সেই অধিকারহীনতার বোধ হইতে যে শূন্যতার সৃষ্টি হয় তাহাই ক্রমে আমাদের সমস্ত অস্তিত্বকে আচ্ছন্ন করিয়া ফেলে।
প্রথমে একটি প্রাচীর দেখা দেয়। প্রাচীরটি কেমন, তাহার উচ্চতা কতখানি, কী উপাদানে তাহা নির্মিত, আমরা জানি না। শুধু জানি উহার সম্মুখে দাঁড়াইয়া আছি। বারংবার অগ্রসর হইতেছি, বারংবার আঘাত করিতেছি, আমাদের সমস্ত শক্তি দিয়া একটি ছোট পথ বাহির করিবার চেষ্টা করিতেছি, অথচ প্রাচীরটির মধ্যে কোনও পরিবর্তন ঘটিতেছে না। এখানে বাস্তবতাটা হলো; প্রাচীরের অস্তিত্ব যতখানি বাহিরে, তাহার চেয়ে অনেক বেশি আমাদের অন্তরের যেখানে আশা প্রতিদিন নিজের একটি নূতন অবয়ব নির্মাণ করে এবং প্রতিদিন সেই অবয়ব ভাঙিয়া পড়ে। ক্রমে একদিন আশা ক্লান্ত হয়, সমস্ত আয়োজন নিঃশেষিত হইয়া আসে, চেতনার মধ্যে যে শব্দ এতদিন অবিরাম ধ্বনিত হইতেছিল তাহা স্তব্ধ হয়। মানুষ তখন পড়িয়া যায়।
কোথায় পড়ে? এই প্রশ্নের উত্তর সহজে দেওয়া যায় না। কেননা পতনের একটি দিক আছে, একটি গভীরতা আছে, এবং যে স্থানে পতন শেষ হয় তাহারও একটি নিজস্ব বাস্তবতা আছে। আমরা সাধারণত পতনকে একটি গতিরূপে বুঝি, উপর হইতে নীচে আসিবার মধ্যে তাহার সমস্ত সত্য খুঁজিয়া পাইতে চেষ্টা করি। কিন্তু যে মানুষ সমস্ত হারাইয়া একেবারে তলদেশে আসিয়া উপস্থিত হইয়াছে, তাহার নিকট এই তলদেশ গতির পরিণতি মাত্র নহে। সে তাহাকে স্পর্শ করে। তাহার শীতলতা অনুভব করে। পাথরের মতো কঠিন, মাধ্যাকর্ষণের মতো অনিবার্য সেই ভূমি, যাহার নীচে আর কোনও ভূমি আছে কি না জানা নাই, সহসা তাহার সমস্ত চেতনার মধ্যে একটি সুনির্দিষ্ট রূপ গ্রহণ করে।
এবং আশ্চর্য, ঠিক এইখানেই পরিবর্তন ঘটে। যে পরিবর্তনের মধ্যেকোনও বাহ্যিক আনন্দের আয়োজন নাই, এমনকি যাহাকে সাধারণভাবে আশার প্রত্যাবর্তন বলা যায় তাহারও সুস্পষ্ট লক্ষণ নাই। তবু কিছু একটি ঘটে। অন্ধকার যে পর্যন্ত বিস্তৃত ছিল, সেই বিস্তৃতির মধ্যে একটি সীমার আবির্ভাব হয়। যে মানুষ ক্রমাগত পতিত হইতেছিল, সে প্রথমবারের মতো স্থির হয়। সমস্ত হারাইবার পর তাহার সম্মুখে একটি অনভিজ্ঞতাপ্রাপ্ত সত্য উপস্থিত হয়, সে এখনও আছে। তাহার অস্তিত্ব নিঃশেষিত হয় নাই। যে ভূমিতে সে পতিত হইয়াছে, সেই ভূমিই তাহাকে ধারণ করিয়া আছে।
এই উপলব্ধির আশ্চর্য বিবরণ আমরা জর্জ অরওয়েলের Down and Out in Paris and London গ্রন্থে পাই। লেখক হইবার আকাঙ্ক্ষা লইয়া যে মানুষ প্যারিসের হোটেল ও রেস্তোরাঁর রান্নাঘরে পরিশ্রম করিয়াছেন, লন্ডনের পথে পথে নিঃস্ব মানুষের জীবন কাটাইয়াছেন, দারিদ্র্যের সঙ্গে যাঁহার পরিচয় কেবল সামাজিক পর্যবেক্ষণের দিক হইতে ঘটে নাই, প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিতর দিয়া ঘটিয়াছে, তিনি একদিন দারিদ্র্যের মধ্যে এমন একটি সত্য আবিষ্কার করিলেন যাহা সাধারণ অর্থনৈতিক বিচারকে অতিক্রম করিয়া যায়।
অরওয়েল লিখিয়াছেন:
যখন তুমি দারিদ্র্যের নিকটবর্তী হইতে থাকো, তখন এমন একটি সত্য আবিষ্কার করো, যাহার গুরুত্ব অন্য অনেক আবিষ্কারকে অতিক্রম করে। তুমি একঘেয়েমি আবিষ্কার করো, দৈনন্দিন জীবনের তুচ্ছ অথচ বিরক্তিকর জটিলতা আবিষ্কার করো, ক্ষুধার প্রথম লক্ষণগুলির সহিত পরিচিত হও; সেই সঙ্গে দারিদ্র্যের একটি আশ্চর্য মুক্তিদায়ক বৈশিষ্ট্যও তোমার সম্মুখে প্রকাশিত হয়। দারিদ্র্য ভবিষ্যৎকে নিশ্চিহ্ন করিয়া দেয়।
এই শেষ কথাটির মধ্যে বিশেষভাবে মনোযোগ দেওয়া প্রয়োজন। ভবিষ্যৎ নিশ্চিহ্ন হইয়া যায়। কথাটি সাধারণ অর্থে গ্রহণ করিলে মনে হইতে পারে, মানুষ তাহার সমস্ত সম্ভাবনা হারাইয়াছে, আগামী দিনের সহিত তাহার কোনও সম্বন্ধ অবশিষ্ট নাই। কিন্তু অরওয়েলের অভিজ্ঞতার মধ্যে ভবিষ্যৎ একটি পৃথক অর্থ গ্রহণ করিয়াছে। ভবিষ্যৎ এখানে সেই কাল, যাহার জন্য মানুষ বর্তমানকে প্রতিনিয়ত উদ্বেগে পরিণত করে। আগামীকাল কী ঘটিবে, কতখানি ক্ষতি হইবে, কোন বস্তু হাতছাড়া হইবে, কোন মানুষ দূরে চলিয়া যাইবে, যে সামান্য নিরাপত্তাটুকু আছে তাহাও থাকিবে কি না, এই সকল প্রশ্ন ক্রমাগত মানুষের চেতনাকে একটি অদৃশ্য স্থানের দিকে টানিয়া লইয়া যায়।
সেই স্থানের কোনও প্রত্যক্ষ অস্তিত্ব নাই। তবু উহা আমাদের সমস্ত অস্তিত্বকে শাসন করে।
আমরা ভবিষ্যৎকে ভয় করি, কেননা আমাদের কিছু আছে, কিছু হারাইবার আশঙ্কা আছে, কিছু রক্ষা করিবার ব্যগ্রতা আছে। আমাদের সঞ্চিত অর্থ, আমাদের সম্পর্ক, আমাদের সম্মান, আমাদের কল্পিত আগামীকাল, এই সমস্ত কিছুর সহিত আমরা এমনভাবে জড়িত হইয়া পড়ি যে, একসময় তাহাদের সম্ভাব্য অনুপস্থিতিই আমাদের বর্তমানের প্রধান সত্য হইয়া দাঁড়ায়। এইখানে সময়ের এক অদ্ভুত অধিকার দেখা যায়। যাহা এখনও ঘটে নাই, তাহাই আমাদের নিকট ঘটিয়া যাওয়া ঘটনার অপেক্ষা অধিক শক্তিশালী হইয়া ওঠে।
অথচ দারিদ্র্যের একেবারে শেষ সীমায় আসিয়া, যেখানে মানুষের হারাইবার মতো আর বিশেষ কিছু অবশিষ্ট থাকে না, সেই ভবিষ্যৎ সহসা তাহার ক্ষমতা হারায়।
অরওয়েল সেই উপলব্ধিকে একপ্রকার সান্ত্বনা বলিয়াছেন। তিনি লিখিয়াছেন:
অবশেষে যখন তুমি বুঝিতে পারো যে সত্যই তোমার সমস্ত সম্বল শেষ হইয়াছে, তুমি একেবারে নিঃস্ব, তখন এক অদ্ভুত স্বস্তি আসে, প্রায় আনন্দের মতো একটি অনুভূতি। কতবার তুমি বলিয়াছ, সবকিছু শেষ হইয়া যাইবে, তুমি একেবারে সর্বস্বান্ত হইবে। অবশেষে সেই অবস্থায় উপস্থিত হইয়াছ। এখন তুমি জানো, এই অবস্থাতেও থাকা যায়। ইহা অনেক উদ্বেগ দূর করিয়া দেয়।
এই যে থাকা যায়, এইটুকু কথার মধ্যে মানুষের অস্তিত্বের এক গভীর রহস্য রহিয়াছে।
আমরা সচরাচর নিজের সহনশক্তির পরিচয় পাই না। নিজের সম্বন্ধে যে সকল ধারণা লইয়া জীবন কাটাই, তাহাদের অধিকাংশই অনুমান। মনে করি, একটি বিশেষ ক্ষতি আমাদের পক্ষে সহ্য করা অসম্ভব; একটি মানুষের প্রস্থান, একটি সম্পর্কের অবসান, একটি স্বপ্নের মৃত্যু, একটি সামাজিক অবস্থানের পতন আমাদের সমস্ত অস্তিত্বকে চূর্ণ করিয়া দিবে। অথচ ঘটনা যখন সত্যই ঘটে, যখন ক্ষতি আর আশঙ্কার মধ্যে থাকে না, প্রত্যক্ষের মধ্যে আসিয়া দাঁড়ায়, তখন দেখা যায়, যে মানুষ নিজের সম্বন্ধে এতদিন একটি নির্দিষ্ট সীমা মানিয়া আসিয়াছিল, তাহার ভিতরে আরও একটি স্থান রহিয়াছে।
সেই স্থান পূর্বে তাহার জানা ছিল না।
এই অজ্ঞাত স্থানের সহিত পরিচয়ই বিপর্যয়ের একটি বিশেষ অভিজ্ঞতা। সেখানে মানুষের সমস্ত পরিচিত অবয়ব ভাঙিয়া পড়ে, এবং অবয়বের অন্তরালে যে অস্তিত্ব রহিয়াছে, যাহাকে এতদিন সামাজিক সম্বন্ধ, সাফল্য, আকাঙ্ক্ষা ও অভ্যাসের দ্বারা ঢাকিয়া রাখা হইয়াছিল, তাহা ক্রমে একটি প্রত্যক্ষ সত্যরূপে দেখা দেয়। আমরা যাহাকে নিজের আমি বলিয়া জানিতাম, সেই আমির কতখানি যে বাহিরের বস্তুর উপর নির্ভর করিতেছিল, এইখানে তাহার পরিচয় মেলে।
ইহা বড় সহজ পরিচয় নহে।
দুই সহস্রাব্দ পূর্বে রোমান সম্রাট ও দার্শনিক মার্কাস অরেলিয়াস মানুষের এই অন্তর্গত স্থিরতার একটি রূপ দিয়াছিলেন। তাঁহার Meditations গ্রন্থে সমুদ্রের সম্মুখে দাঁড়ানো একটি শিলাখণ্ডের কথা আছে, যাহার উপর অবিরাম তরঙ্গ আছড়াইয়া পড়ে, জল উত্তাল হয়, ফেনা উঠে, আবার সেই উত্তেজনা প্রশমিত হইয়া আসে; শিলাখণ্ডটি নিজের স্থানে অবিচলিত থাকে।
তিনি লিখিয়াছেন:
সমুদ্রের অগ্রবর্তী শিলাখণ্ডের মতো হও। তরঙ্গ অবিরাম তাহার উপর আঘাত করে, অথচ সে দৃঢ়ভাবে দাঁড়াইয়া থাকে, এবং তাহার চারিদিকের উত্তাল জল ক্রমে শান্ত হইয়া আসে। কোনও বিপর্যয় ঘটিলে মনে হইতে পারে, কী দুর্ভাগ্য আমার! সেই ঘটনার মধ্যেও সৌভাগ্যের একটি উপলব্ধি সম্ভব: এতকিছু ঘটিবার পরেও আমি অবিচলিত আছি, বর্তমান আমাকে ক্ষতবিক্ষত করিতে পারে নাই, ভবিষ্যৎ আমাকে উদ্বিগ্ন করিতেছে না। এমন ঘটনা যাহার জীবনে ঘটিতে পারিত, কিন্তু সকলের পক্ষে একই স্থিরতায় তাহা বহন করা সম্ভব হইত না।
এইখানে শিলাখণ্ডের রূপটি বিশেষভাবে বিচার করিবার। সমুদ্রের মধ্যে একটি শিলা, তাহার চতুর্দিকে অনন্ত জল, জলের গতির মধ্যে একপ্রকার উন্মাদনা আছে, আর শিলার মধ্যে আছে স্থানের স্থিরতা। শিলাটি তরঙ্গের প্রতিটি আঘাত অনুভব করে, কারণ তরঙ্গ তাহাকে স্পর্শ করে, তাহার গাত্রে আছড়াইয়া পড়ে। দীর্ঘকাল সেই আঘাতে শিলার অবয়ব পর্যন্ত পরিবর্তিত হয়। তথাপি সে তাহার স্থানের সত্যকে ধারণ করিয়া থাকে।
মানুষের জীবনেও এমনি একটি স্থান আছে। দুঃখ তাহার উপর আঘাত করে। অপমান আসে, ব্যর্থতা আসে, প্রিয়জনের মৃত্যু আসে, শরীরের শক্তি ক্ষয় হয়, দীর্ঘদিনের বিশ্বাস কোনও একটি ঘটনায় ভাঙিয়া পড়ে। সমস্ত অভিজ্ঞতা তাহার চেতনার উপর দিয়া প্রবাহিত হয়, এবং প্রত্যেক অভিজ্ঞতাই কিছু না কিছু চিহ্ন রাখিয়া যায়। এই সকল চিহ্নের সমষ্টি হইতে একটি মানুষের জীবন গড়িয়া ওঠে। কিন্তু সেই জীবনের মধ্যে এমন একটি অস্তিত্বও রহিয়াছে, যাহার সহিত মানুষ সম্পূর্ণভাবে পরিচিত হইতে পারে কেবল তখনই, যখন তাহার সমস্ত অবলম্বন একে একে সরিয়া যায়।
অরেলিয়াসের শিলাখণ্ড সেই অস্তিত্বের একটি রূপ।
এখানে বৌদ্ধচিন্তার সঙ্গেও একটি আশ্চর্য সাযুজ্য দেখা যায়। পেমা চোদ্রোন দুঃসময়ের ভিতর দিয়া মানুষের রূপান্তরের প্রসঙ্গে একটি কথা বলিয়াছেন:
যতখানি আমরা বারংবার নিজেদের সম্পূর্ণ বিনাশের সম্ভাবনার সম্মুখে উন্মুক্ত করি, ততখানিই আমাদের অন্তরে যে অবিনাশী সত্তা রহিয়াছে, তাহাকে আবিষ্কার করা সম্ভব হয়।
কথাটি শুনিতে যত, কিন্তু ইহার বাস্তবতা সহজ নহে। কারণ মানুষ স্বভাবতই নিজের অস্তিত্বকে রক্ষা করিতে চায়। যে অভিজ্ঞতা তাহাকে ভাঙিয়া দিতে পারে, তাহা হইতে দূরে থাকিবার জন্যই তাহার সমস্ত আয়োজন। সে ঘর নির্মাণ করে, অর্থ সঞ্চয় করে, ভালোবাসার সম্বন্ধ স্থাপন করে, সমাজে একটি পরিচয় লাভ করে, এবং এই সকল ব্যবস্থার মধ্যে নিজের জীবনকে একটি সুনির্দিষ্ট ঘেরের ভিতর রাখিতে চায়।
কিন্তু জীবনের ঘের সর্বদা আমাদের ইচ্ছামতো থাকে না। একদিন সেই ঘের ভাঙিয়া যায়। আলো অন্যভাবে পড়িতে আরম্ভ করে। এতদিন যে বস্তুগুলিকে আমরা নিজের অস্তিত্বের অপরিহার্য অংশ বলিয়া জানিতাম, তাহারা ক্রমে দূরে সরিয়া যায়, এবং একটি শূন্য স্থান দেখা দেয়। এই শূন্যতার সম্মুখে মানুষ প্রথমে দিশাহারা হয়, কারণ তাহার পূর্বপরিচিত বাস্তবতার কোনও উপাদান সেখানে আর কাজ করে না। যাহা কিছু ধরিবার ছিল তাহা হাতছাড়া হইয়াছে, যাহার উপর দাঁড়াইবার ছিল তাহা সরিয়া গিয়াছে। তবু সেই শূন্যতার মধ্যেই নিজের অস্তিত্বের একটি সাক্ষাৎ ঘটে।
এই সাক্ষাতের কোনও নির্দিষ্ট রূপ নাই। কখনও তাহা একটি দীর্ঘ রাত্রির শেষে সকালের আলো, কখনও নিস্তব্ধ ঘরে নিজের শ্বাসপ্রশ্বাসের শব্দ, কখনও এমন একটি দিন যখন সমস্ত হারাইবার পরেও মানুষ ক্ষুধা অনুভব করে, জল পান করে, জানালার বাহিরে চাহিয়া দেখে একটি পাখি উড়িয়া গেল।
অথচ আশ্চর্য, পৃথিবী তখনও রহিয়াছে। আলো রহিয়াছে। স্থান রহিয়াছে। জলের নিজস্ব গতি আছে। আকাশে মেঘ উঠিতেছে, আবার সরিয়া যাইতেছে। মানুষ নিজের দুঃখের ভিতর সমস্ত বিশ্বকে আবদ্ধ করিয়া রাখিতে চাহিয়াছিল, কিন্তু বিশ্বপ্রকৃতির এই বিরাট বিস্তৃতির মধ্যে তাহার দুঃখ একটি স্থান অধিকার করিয়া আছে মাত্র। সেই স্থান সত্য, সেই দুঃখও সত্য, এবং উহাকে স্বীকার করিবার মধ্য দিয়াই আর একটি সত্য ধীরে ধীরে প্রকাশিত হয়।
মানুষ তখন বুঝিতে পারে, তাহার বাঁচিবার ক্ষমতা সম্বন্ধে সে এতদিন যথেষ্ট জানিত না। এই উপলব্ধি সকলের জীবনে সমানভাবে আসে না। কেহ দীর্ঘকাল অন্ধকারে থাকে, কাহারও জীবনে ক্ষতির পর ক্ষতি জমিয়া উঠে, কেহ হয়তো নিজের তলদেশ চিনিবার পূর্বেই আরও গভীর কোনও বিপর্যয়ের সম্মুখীন হয়। তলদেশে পৌঁছাইলেই পুনরুত্থানের নিশ্চয়তা জন্মায়, এমন কোনও নিয়ম মানুষের জীবনে নাই। কিন্তু যাহারা সেই অবস্থার ভিতর দিয়া আসিয়া পুনরায় পৃথিবীর দিকে চাহিতে পারিয়াছে, তাহাদের অভিজ্ঞতার মধ্যে একটি বিশেষ পরিচয় থাকে। সেই পরিচয়, নিজের ক্ষয় দেখিবার পরেও নিজের মধ্যে কিছু অবশিষ্ট থাকার পরিচয়।
আমাদের সমস্ত সাফল্যের মধ্যে এই পরিচয় প্রায়ই অনুপস্থিত । সাফল্য মানুষকে তাহার অর্জিত বস্তুগুলির সহিত পরিচিত করায়। ব্যর্থতা তাহাকে এমন একটি অবস্থার সম্মুখে আনিয়া দাঁড় করায়, যেখানে অর্জনগুলির একে একে অবসান ঘটিয়াছে। তখন নিজের দিকে চাহিবার যে প্রয়োজন উপস্থিত হয়, তাহার মধ্যে কোনও বাহ্যিক প্রশংসা নাই, কোনও লোকদেখানো মহিমা নাই। শুধু মানুষ এবং তাহার নিজের অস্তিত্ব। এই দুইয়ের মধ্যে যে দূরত্ব, তাহা হয়তো সমগ্র জীবনেও অতিক্রম করা সম্ভব হয় না; কিন্তু বিপর্যয়ের মধ্যে কোনও কোনও সময় সেই দূরত্ব আশ্চর্যভাবে কমিয়া আসে।
অরওয়েল এই অভিজ্ঞতার সর্বজনীনতা বুঝিয়াছিলেন। তিনি নিজে স্টোয়িক দার্শনিক ছিলেন না, বৌদ্ধ সাধকও ছিলেন না। দারিদ্র্যের ভিতর তাঁহার যে পরিচয় ঘটিয়াছিল তাহা একান্তই জীবনের, প্রত্যহের ক্ষুধা, পরিশ্রম, ক্লান্তি ও অপমানের মধ্য দিয়া অর্জিত। সেই অভিজ্ঞতাকে তিনি নিজের গ্রন্থের শেষে একটি প্রায় তুচ্ছ কাহিনি বলিয়াছেন। কেন তুচ্ছ? কারণ দারিদ্র্য ও ব্যর্থতার সহিত পরিচয় কোনও বিরল ঘটনা নহে। এই পৃথিবীতে অসংখ্য মানুষ প্রতিদিন এমন কোনও অবস্থার ভিতর দিয়া যায়, যাহার সংবাদ কোথাও লেখা থাকে না, যাহার কোনও ইতিহাস রচিত হয় না, অথচ তাহাদের প্রত্যেকের জীবনে সেই অভিজ্ঞতা একটি সম্পূর্ণ জগতের সমান।
মানুষের জীবনের এই তুচ্ছতার মধ্যে এক অদ্ভুত বিশালতা রহিয়াছে। আরও আশ্চর্য, অরওয়েলের নিজের বইটির ইতিহাসও এই কথার একটি বিশেষ সাক্ষ্য বহন করে। Down and Out in Paris and London গ্রন্থের পাণ্ডুলিপি প্রকাশকের নিকট প্রত্যাখ্যাত হইয়াছিল দুইবার। প্রত্যাখ্যানকারীদের মধ্যে ছিলেন টি. এস. এলিয়ট, তখন ফেবার অ্যান্ড ফেবারের সহিত যুক্ত। একজন লেখক, যিনি দারিদ্র্যের অভিজ্ঞতা লইয়া লিখিয়াছেন, যিনি সেই অভিজ্ঞতার ভিতর মানুষের অস্তিত্বের একটি অদ্ভুত সত্য উপলব্ধি করিয়াছেন, তাঁহার নিজের লিখিত অভিজ্ঞতাই প্রকাশনার জগতে স্থান পাইল না। একসময় হতাশায় তিনি পাণ্ডুলিপিটি তাঁহার বন্ধু মেবেলের আবর্জনার পাত্রে ফেলিয়া দিয়াছিলেন।
একটি পাণ্ডুলিপি, কতকগুলি কাগজ, তাহার উপর অক্ষর, এবং সেই অক্ষরের মধ্যে একটি মানুষের বহু দিনের জীবন। কাগজগুলি আবর্জনার মধ্যে পড়িয়া আছে। ইহার মধ্যে সময়ের এক অদ্ভুত পরিহাস আছে।
যে মানুষ নিজের সর্বস্বান্ত হওয়ার অভিজ্ঞতা লিপিবদ্ধ করিয়াছিলেন, সেই মানুষটি তাঁহার অভিজ্ঞতার লিখিত রূপকেও একসময় পরিত্যাগ করিলেন। পাণ্ডুলিপিটি তখন একটি প্রত্যাখ্যাত বস্তুর মতো, যাহার আর কোনও প্রয়োজন নাই। কিন্তু মেবেল সেই কাগজগুলি আবর্জনা হইতে তুলিয়া আনিলেন। লেখকের অজ্ঞাতসারে তিনি পাণ্ডুলিপিটি তাঁহার পরিচিত এক এজেন্টের নিকট পৌঁছাইয়া দিলেন।
অতঃপর সেই গ্রন্থ প্রকাশিত হইল। অরওয়েলের সাহিত্যিক জীবনের ইতিহাসে তাহার স্থান স্থির হইল। এখানে আমরা চাইলে বলিতে পারি, পরবর্তী সমস্তই ইতিহাস। কিন্তু ইতিহাস কথাটির মধ্যে যে নির্বাচন রহিয়াছে, তাহা আমাদের একটু বিচার করিয়া দেখা প্রয়োজন। ইতিহাস সাধারণত সাফল্যের দৃশ্যমান অবয়বটিকে সযত্নে রাখে। যাহা প্রকাশিত হইয়াছে, যাহা প্রতিষ্ঠিত হইয়াছে, যাহা মানুষের স্মরণে রহিয়াছে, সেই সকল ঘটনারই একটি নির্দিষ্ট রূপ নির্মাণ করে। কিন্তু একটি সাফল্যের পিছনে যে অসংখ্য প্রত্যাখ্যান, যে ব্যর্থ প্রয়াস, যে সমস্ত রাত্রি আত্মসংশয়ে কাটিয়াছে, যে কাগজ একদিন আবর্জনার পাত্রে নিক্ষিপ্ত হইয়াছিল, তাহাদের কতখানি ইতিহাসের মধ্যে স্থান পায়?
এইখানে ইতিহাসের একটি সীমা আছে। একটি বৃক্ষের দিকে চাহিলে আমরা তাহার কাণ্ড দেখি, শাখা দেখি, পত্রপল্লব দেখি, এবং আলোতে তাহার সমস্ত রূপ আমাদের সম্মুখে সুস্পষ্ট হইয়া ওঠে। কিন্তু যে শিকড় মাটির অন্ধকারে প্রবেশ করিয়াছে, যে মাটির মধ্যে তাহার জন্মের আয়োজন, যে দীর্ঘ সময় জুড়িয়া সে নিজের বিস্তৃতির জন্য সংগ্রাম করিয়াছে, তাহা আমাদের সাধারণ দৃষ্টির অগোচরে থাকে। অথচ বৃক্ষের বর্তমান অস্তিত্বের মধ্যে সেই অদৃশ্য ইতিহাস সম্যকভাবে রহিয়াছে।
মানুষের সাফল্যও অনেকখানি এইরূপ। আমরা অরওয়েলকে দেখি একজন প্রতিষ্ঠিত লেখক হিসাবে, তাঁহার রচনার ঐতিহাসিক গুরুত্ব বিচার করি, তাঁহার চিন্তার প্রভাব আলোচনা করি। কিন্তু যে মুহূর্তে তিনি নিজের পাণ্ডুলিপি আবর্জনায় ফেলিয়া দিয়াছিলেন, সেই মুহূর্তটির গুরুত্বও তাঁহার জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। কেননা তখনও ভবিষ্যৎ প্রকাশিত হয় নাই। যে ইতিহাস আমরা আজ জানি, তাহার কোনও নিশ্চয়তা সেই মুহূর্তে ছিল না। সেখানে শুধু প্রত্যাখ্যান ছিল, ক্লান্তি ছিল, নিজের কাজের উপর বিশ্বাস হারাইবার একটি অভিজ্ঞতা ছিল।
এবং ছিল সেই পাণ্ডুলিপি। কাগজের উপর অক্ষরগুলি তখনও রহিয়াছে। তাহাদের অর্থ পরিবর্তিত হয় নাই। আবর্জনার পাত্রে পড়িয়া থাকিলেও শব্দগুলি নিজের সত্য হারায় নাই। মেবেল সেই কাগজ উদ্ধার করিবার সময় হয়তো অরওয়েলের ভবিষ্যৎ খ্যাতির পরিমাণ জানিতেন না। তিনি একটি সম্ভাবনাকে আর একবার পৃথিবীর সম্মুখে আনিবার ব্যবস্থা করিয়াছিলেন। এই সামান্য ঘটনাটির মধ্যেই একটি গভীর মানবিক সত্য রহিয়াছে। কোনও কোনও সময় মানুষ নিজের জীবনের যে অংশকে সম্পূর্ণ পরিত্যাগ করিয়াছে, অন্য একটি মানুষের দৃষ্টি তাহার মধ্যে এখনও মূল্য খুঁজিয়া পায়। যাহাকে নিজের চোখে আবর্জনা বলিয়া মনে হইয়াছিল, তাহার মধ্যে তখনও একটি সম্ভাবনা অক্ষুণ্ণ ছিল।
জীবনের তলদেশে আসিয়া দাঁড়াইবার অভিজ্ঞতাও অনেকখানি এইরূপ। সেখানে মানুষ নিজের সমস্ত ক্ষতির হিসাব করিতে পারে, কিন্তু নিজের মধ্যে অবশিষ্ট সম্ভাবনার সঠিক পরিমাণ তাহার জানা থাকে না। দুঃখের একটি সীমা দেখা যায়, ক্ষতিরও একটি নির্দিষ্ট রূপ আছে; সম্ভাবনা তখনও অদৃশ্য, কেননা তাহার উপর এখনও আলো পড়ে নাই। সেই অদৃশ্যতাকে মানুষ প্রায়ই শূন্যতা বলিয়া গ্রহণ করে। অথচ কিছু কিছু শূন্যতার মধ্যে এখনও একটি স্থানের বিস্তৃতি রহিয়াছে, যেখানে নূতন অভিজ্ঞতা আসিতে পারে, নূতন সম্বন্ধ গড়িয়া উঠিতে পারে, পুরাতন জীবনের একটি অপরিচিত রূপ প্রকাশিত হইতে পারে।
অবশ্য সকল শূন্যতা পূর্ণ হয় না। সকল ব্যর্থতা সাফল্যের পূর্বাভাস বহন করে না। এমন অসংখ্য জীবন রহিয়াছে যাহার দুঃখ কোনও সামাজিক স্বীকৃতিতে পরিণত হয় নাই, কোনও পাণ্ডুলিপি উদ্ধার করিবার জন্য সেখানে মেবেল উপস্থিত ছিলেন না। এই সত্য আমাদের স্বীকার করিতে হইবে। কেননা বাস্তবতার প্রতি শ্রদ্ধা থাকিলে মানুষের বিপর্যয়কে অনিবার্য কল্যাণের কোনও বিধানে আবদ্ধ করিবার অধিকার আমাদের থাকে না।
তবু একটি কথা রহিয়া যায়। তলদেশে আসিয়া মানুষ কখনও কখনও একটি নতুন পরিচয় লাভ করে। যে ভবিষ্যতের আশঙ্কা তাহাকে প্রতিনিয়ত অস্থির করিতেছিল, সেই আশঙ্কার অনেকখানি তখন নিজের ক্ষমতা হারায়। যে পতনের ভয় তাহাকে সমস্ত জীবন তাড়িত করিয়াছে, সেই পতনের অভিজ্ঞতা তাহার কাছে প্রত্যক্ষ হইয়া ওঠে। তখন জানা যায়, জীবন নিজের সম্বন্ধে আমাদের অনুমানের অপেক্ষা অনেক বেশি বিস্তৃত।
এই বিস্তৃতির মধ্যে দুঃখ আছে, আনন্দ আছে, ক্ষয় আছে, সৃষ্টিও আছে। কোনও একটি অভিজ্ঞতাই তাহার সমস্ত সীমা নির্ধারণ করিয়া দেয় না। এবং শেষ পর্যন্ত মানুষ হয়তো এইটুকুই উপলব্ধি করে যে, তাহার সমস্ত হারাইবার পরেও একটি অস্তিত্ব রহিয়া গিয়াছে, যে অস্তিত্বের পরিচয় সে পূর্বে যথাযথভাবে পায় নাই। সেই অস্তিত্ব কোনও অলৌকিক শক্তির প্রতিশ্রুতি দেয় না, কোনও নিশ্চিত বিজয়ের সংবাদও বহন করে না। সে কেবল নিজের উপস্থিতি দ্বারা একটি সত্যকে প্রত্যক্ষ করায়।
মানুষ এখনও আছে। তাহার সম্মুখে এখনও স্থান আছে। আলো আসিবার সম্ভাবনা আছে। সময়ের যে বিস্তৃতি তাহাকে একদিন উদ্বেগে আচ্ছন্ন করিয়াছিল, সেই সময়ের মধ্য দিয়াই আবার তাহার জীবন প্রবাহিত হইতে পারে।
একটি গভীর রাত্রির কথা ভাবা যাক। চারিদিকে অন্ধকার, কোথাও কোনও পরিচিত রূপ দেখা যায় না। মানুষ বসিয়া আছে, বহুক্ষণ ধরিয়া। কতক্ষণ সে এইভাবে রহিয়াছে তাহার হিসাব নাই, কেননা সময় তখন নিজের সাধারণ পরিমাণ হারাইয়াছে। সহসা পূর্বদিকে একটি অতি ক্ষীণ আলোকরেখা দেখা যায়। প্রথমে সেই আলো কোনও বস্তুর পরিচয় দেয় না। শুধু স্থানের একটি অংশকে ধীরে ধীরে দৃশ্যমান করিয়া তোলে। তারপর গাছের অবয়ব দেখা যায়, মাটির রং ফুটিয়া ওঠে, দূরে একটি পথের রেখা স্পষ্ট হইয়া আসে।
পথটি পূর্বেও ছিল। অন্ধকারের মধ্যেও তাহার অস্তিত্ব অক্ষুণ্ণ ছিল। মানুষ তখন তাহাকে দেখিতে পায় নাই। এখন আলো পড়িয়াছে, এবং সেই আলোর সহিত তাহার দৃষ্টির একটি নূতন সম্বন্ধ স্থাপিত হইয়াছে।
এইখানেই হয়তো মানুষের পুনরুত্থানের একটি সত্য রহিয়াছে। তলদেশের যে ভূমি একদিন তাহার পতনকে থামাইয়াছিল, সেই ভূমির উপরই সে আবার দাঁড়াইতে পারে। তাহার ক্ষতির সমস্ত চিহ্ন সঙ্গে থাকে, পূর্বজীবনের কোনও কোনও অংশ চিরকালের জন্য হারাইয়া যায়, তথাপি তাহার সম্মুখে যে বিস্তৃতি রহিয়াছে, তাহার সমস্ত সম্ভাবনা এখনও নিঃশেষিত হয় নাই।
মানুষ তখন নিজের জীবনের দিকে আর একবার চাহিয়া দেখে। এবং হয়তো প্রথমবারের মতো বুঝিতে পারে, কতখানি অন্ধকার অতিক্রম করিয়া সে এখানে আসিয়াছে, কতখানি আঘাত তাহার দেহে ও চেতনায় চিহ্ন রাখিয়াছে, কতখানি দুঃখের ভিতর দিয়া তাহার বর্তমান অস্তিত্ব গড়িয়া উঠিয়াছে। সেই সমস্ত ক্ষয়ের মধ্যেও তাহার একটি নিজস্ব স্থিরতা রহিয়াছে, যে স্থিরতার সন্ধান সে এতদিন বাহিরের সমস্ত বস্তুর মধ্যে করিতেছিল।
এখন সেই স্থিরতার সহিত তাহার পরিচয় ঘটিয়াছে। তলদেশের ভূমি রহিয়া গিয়াছে। তাহার উপর মানুষটিও রহিয়াছে। আর সম্মুখে, অতি ধীরে, আলো আসিতেছে।



