পড়তে শেখার গল্প
আমাদের ছেলেটা যখন এই দুনিয়ার আলো দেখেনি, মায়ের পেটের ভেতর অন্ধকার, উষ্ণ, জলের মতো এক গোপন ঘরে ভেসে আছে, তখন থেকেই আমরা তার দিকে বই খুলে বসতাম। কে শুনছে, কতটুকু শুনছে, আদৌ শব্দ আলাদা করতে পারছে কি না, সেসব নিয়ে খুব বড়ো কোনো বৈজ্ঞানিক নিশ্চয়তা ছিল না, কিন্তু রাতের শেষে বিছানার ধারে বাতি একটু ম্লান করে, কখনো আমি, কখনো তার মা, পাতা উল্টে উল্টে তাকে পড়ে শোনাতাম, যেনো ভাষা আগে আসে, পৃথিবী পরে; যেনো মানুষের ঘরে জন্মাতে হলে আগে শব্দের ঘ্রাণ চেনা দরকার, বাক্যের ওঠানামা, স্বরের ভেতরের স্নেহ, বিরক্তি, হাসি, বিস্ময়, থেমে যাওয়া, আবার শুরু করা, এইসব। তারপর সে জন্মালো, কোলে এলো, কাঁদলো, ঘুমালো, দুধ খেলো, রাত জাগালো, আর সেই সঙ্গে বই পড়ে শোনানোর অভ্যাসটাও ঘরের একটা নিয়মের মতো থেকে গেলো। ঘুম পাড়ানোর আগে বই, বিকেলের অবসরে বই, জ্বরের দিনেও বই, বাইরে বৃষ্টি হলে বই, বিদ্যুৎ গেলে টর্চ জ্বেলে বই। অনেক বাবা-মা বোধহয় এই জায়গায় এসে থামে, ভাবে বাচ্চা নিজে পড়তে শিখলেই কাজ শেষ, কিন্তু আমাদের আসল কাজটা যেনো সেখান থেকেই শুরু হলো। কারণ পড়তে শেখা আর পড়ুয়া হয়ে ওঠা এক কথা না। অক্ষর মিলিয়ে শব্দ পড়া এক জিনিস, আর বইয়ের ভেতর ঢুকে থাকা, বইকে নিজের আনন্দ, আশ্রয়, সঙ্গী, খেলা, অভ্যাস, কখনো গোপন জায়গা বানিয়ে নেওয়া আরেক জিনিস। সেই দ্বিতীয় পথটাই আমরা ধরতে চেয়েছিলাম।
তাই আজ আমি বলবো তার পড়তে শেখার গল্প, কেবল স্কুলে গিয়ে বর্ণমালা চিনে ফেলার গল্প না, কেবল “এটা কোন অক্ষর”, “ওটা কী শব্দ”, “জোরে পড়ো”, “আবার পড়ো” ধরনের গল্পও না; বরং সেই ধীর, ছোট ছোট, ঘরোয়া, অনেকখানি অদৃশ্য শ্রমের গল্প, যেটা বাইরে থেকে দেখলে তেমন কিছু মনে হয় না, কিন্তু বছর গড়ায়, বাচ্চা বড়ো হয়, আর একদিন দেখা যায় সে নিজেই বই টেনে নিচ্ছে, নিজেই চুপ করে বসে আছে, নিজেই একটা লাইন পড়ে হেসে ফেলছে, নিজেই প্রশ্ন করছে, নিজেই আরেকটা বই চাইছে। এর মধ্যে ছিলো উচ্চারণে হোঁচট খাওয়া, ছিলো একই পাতা বারবার পড়া, ছিলো ছবির দিকে আঙুল রেখে গল্প বানানো, ছিলো বই ফেলে উঠে যাওয়া, ছিলো বিরক্তি, ছিলো উৎসাহ, ছিলো বাবা-মায়ের অভিনয়, ধৈর্য, কখনো কৌশল, কখনো ভান-করা বিস্ময়। একটা বাচ্চা কীভাবে ধীরে ধীরে “পড়ে শোনানো হচ্ছে” অবস্থা থেকে “আমি নিজেই পড়বো” জায়গায় পৌঁছায়, আর তারপর “আমি পড়তে পারি” থেকে “আমি পড়তে ভালোবাসি” জায়গায় গিয়ে দাঁড়ায়, সেই পথের গল্পই বলতে চাই।
ধরা যাক সন্ধ্যা নামছে, ঘরের ভেতর হালকা আলো, টেবিলের ওপর বইটা খোলা—Caps for Sale—বাচ্চাটা ঠোঁট কামড়ে শব্দগুলো জোড়া লাগাচ্ছে, c-a-p… cap…, মাঝেমধ্যে থেমে যাচ্ছে, আবার শুরু করছে, শেষ পর্যন্ত কোনোভাবে পৃষ্ঠার শেষ লাইনে পৌঁছে বইটা বন্ধ করল, কিন্তু সেই বন্ধ করার ভেতরে কোনো তৃপ্তি নেই, কোনো হাসি নেই, কোনো “আরেকটা পড়ব” নেই; শুধু কাজটা শেষ হয়েছে, যেন একটা ছোট্ট দায়িত্ব পালন করা হলো, আর একটু ক্লান্তি, একটু বিরক্তি, একটু অদৃশ্য ব্যর্থতা ঘরের বাতাসে ঝুলে রইল।
এই দৃশ্যটার পাশেই আরেকটা দৃশ্য ভাবুন; গাড়ির ভেতর, লম্বা রাস্তা, বাচ্চাটা নিজের ব্যাগ থেকে বই বের করছে, যেখানে বুকমার্ক রেখে গিয়েছিল সেখান থেকে খুলছে, হঠাৎ নিজে নিজে হেসে উঠছে, কারণ Flat Stanley আবার কী এক আজব কাণ্ড করেছে। এখানে কেউ তাকে পড়তে বলেনি, কেউ তাকে পরীক্ষা নিচ্ছে না, সে নিজেই পড়ছে, নিজেই ঢুকে গেছে গল্পের ভেতরে।
এই দুই দৃশ্যের মাঝখানেই আসলে পড়ার আসল ফারাকটা লুকিয়ে আছে; একদিকে আছে শুধু পড়তে পারা, আরেকদিকে আছে পড়ার মধ্যে থাকা।
এই যে প্রথম দৃশ্যের বাচ্চাটা, তাকে আমরা বলি emerging reader—সে পড়তে শিখছে, কিন্তু এখনো পড়ার ভেতরে ঢুকতে পারেনি। এই পর্যায়টা একটু পিয়ানো শেখার মতো। শুরুতে কী হয়; প্রতিটা নোট আলাদা করে দেখতে হয়, আঙুল কোথায় বসবে সেটা নিয়ে ভাবতে হয়, ভুল হলে আবার শুরু, তাল কেটে যায়, সুর ভেঙে যায়। বাইরে থেকে দেখলে মনে হয় সে বাজাচ্ছে, কিন্তু ভেতরে সে লড়ছে।
পড়ার ক্ষেত্রেও ঠিক তাই; অক্ষর দেখে শব্দ বানানো, শব্দ জুড়ে বাক্য বানানো, th এর শব্দ কী, c কখন k, কখন s; এইসব ছোট ছোট সিদ্ধান্ত নিতে নিতে তার মস্তিষ্কের প্রায় সব শক্তি শেষ হয়ে যায়।
ফলে কী হয়? গল্পটা পড়া হয়, কিন্তু গল্পটা ঘটে না। চরিত্র থাকে, কিন্তু তাদের সাথে সম্পর্ক হয় না। বই শেষ হয়, কিন্তু কোনো স্মৃতি তৈরি হয় না। এই পর্যায়টা জরুরি। কারণ এখানেই ভিত্তি তৈরি হচ্ছে। কিন্তু যদি এখানেই থেমে যায়, তাহলে পড়া কখনো আনন্দে রূপ নেবে না।
যখন পড়া বদলে যায়, তখন হঠাৎ করে আর শব্দ আলাদা করে দেখা লাগে না; বাক্যগুলো একসাথে বয়ে যায়, যেন নদীর পানি। একজন পড়ুয়া শুধু পড়ে না, সে শুনে, দেখে, অনুভব করে। সে যখন পড়ে— গলায় ওঠানামা থাকে, যেন গল্প বলছে; সে বোঝে কে কী বলছে, কেন বলছে; সে মাঝখানে থেমে ভাবে—“এটা কেন হলো?”; সে নতুন শব্দ দেখে বিরক্ত না হয়ে কৌতূহলী হয়; আর সবচেয়ে গুরুত্বপূর্ণ—সে নিজের মতো করে বই বেছে নেয়।
এই পর্যায়ে পড়া আর কাজ থাকে না; এটা একটা অভ্যাস হয়ে যায়, একটু একাকী সময়, একটু আনন্দ, একটু নিজের ভেতরে ঢুকে যাওয়া। একটা জায়গায় গিয়ে দুটো পথ আলাদা হয়ে যায়—
উঠতি পাঠক শব্দের সাথে সঠিক থাকতে চায়। সাবলীল পাঠক শব্দ দিয়ে অর্থ তৈরি করে।
এই ফারাকের ফলও আলাদা—যে এখনো লড়ছে, সে প্রায়ই পড়ে কী পড়ল ভুলে যায়, ভুল পড়ে, তারপর পুরো বাক্যটাই ভেঙে যায়, একই সুরে পড়ে, ফলে গল্পের ওঠানামা হারিয়ে যায়, আর ধীরে ধীরে পড়া এড়াতে শুরু করে।
অন্যদিকে যে সাবলীল, তার সামনে দরজা খুলতে থাকে—কল্পনা, তথ্য, প্রশ্ন, নিজের চিন্তার জায়গা, নিজের ভাষা।
প্রশ্ন হলো কীভাবে এই বদলটা ঘটে? এই জায়গাটা জোর করে আনা যায় না। এখানে দরকার তিনটা জিনিস—সংযোগ, অনুশীলন, আর ধৈর্য। ঘরের ভেতর ছোট ছোট কিছু অভ্যাস এই বদলটা তৈরি করে—
শোনা দিয়ে শুরু বাচ্চা যখন কারও মুখে সাবলীল পড়া শোনে, তখন সে শুধু গল্প শোনে না, সে ছন্দ শেখে, কোথায় থামতে হয় শেখে, কণ্ঠের ভেতরে আবেগ কীভাবে ঢুকে পড়ে সেটা শেখে। একটা গল্প পড়ে শোনান; কখনো কণ্ঠ বদলে, কখনো শব্দে জোর দিয়ে, কখনো একটু নাটক করে।
একসাথে পড়া একটা বাক্য আপনি পড়লেন, সে সেটাই আবার পড়ুক। এখানে অনুকরণটাই আসল শিক্ষা; সে দেখে, তারপর করে।
গল্প নিয়ে কথা বলা পড়া শেষ মানে শেষ না। জিজ্ঞেস করুন, কোন অংশটা ভালো লেগেছে, কোন চরিত্রটা অদ্ভুত লেগেছে, সে হলে কী করত। এখানেই পড়া শব্দ থেকে সরে এসে অভিজ্ঞতা হয়ে ওঠে।
ঠিক বই বেছে দেওয়া বই খুব কঠিন হলে পড়া ভয় হয়ে যায়। প্রতি পৃষ্ঠায় যদি বারবার থামতে হয়, তাহলে সেই বই এখনো তার জন্য না।
ছোট ছোট সাফল্য সে যদি একটু ভালো করে পড়ে, একটু অভিব্যক্তি দেয়, সেটা খেয়াল করুন। “এই জায়গাটা তুমি দারুণ বলেছ”; এই কথাগুলোই আত্মবিশ্বাস তৈরি করে।
যখন আটকে যায়
সব বাচ্চা এক গতিতে পড়তে পারে না। কেউ দ্রুত, কেউ ধীরে। যদি এগোতে দেরি হয়— প্রতিদিন অল্প সময় পড়া, কখনো সে পড়বে, কখনো আপনি পড়বেন। একই বই বারবার পড়া; এই পুনরাবৃত্তিই তাকে নিরাপদ বোধ করাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ; পড়াকে যুদ্ধ বানেবেন না। যদি বিরক্তি লাগে, একটু থামুন। পড়া যেন চাপ না হয়ে যায়।
প্রথমে যা বলেছিলাম; পড়া শেখা মানে পিয়ানোর চাবি চেনা। কিন্তু সাবলীল পড়া মানে সেই চাবিগুলোতে হাত রেখে সুর বের করা; যেখানে আঙুল নিজে নিজেই চলে, আর ঘর ভরে যায় শব্দে।
একটা বাচ্চা যখন এই জায়গায় পৌঁছায়, তখন বই তার জন্য সঙ্গী হয়ে যায়। রাতের বেলা একটা বই খুলে বসা, লাইব্রেরিতে যাওয়ার জন্য অস্থির হওয়া, নতুন গল্পের অপেক্ষা করা; এই ছোট ছোট অভ্যাসগুলোই ধীরে ধীরে একটা মানুষ তৈরি করে, যে পড়ে, ভাবে, আর নিজের ভেতরে একটা আলাদা জগৎ বানিয়ে ফেলে।
আজ রাতে একটা বই খুলে বসুন—একসাথে। আপনি পড়ুন, সে শুনুক। সে পড়ুক, আপনি শুনুন।
এই ছোট্ট বিনিময়ের ভেতরেই পড়তে শেখার গল্পটা লুকিয়ে আছে।



